মানুষের জীবনের প্রতিটি মোড়ে চ্যালেঞ্জ এবং কঠিন সময়ের মুখোমুখি হতে হয়। ইসলাম আমাদের শিখিয়েছে, যেকোনো কাজে চেষ্টা-প্রচেষ্টা কেবল একটি উপলক্ষ মাত্র। মূলত কাজ সম্পাদন করা এবং তা সহজ করে দেওয়া একমাত্র মহান আল্লাহর কুদরতের অধীন।
আপনি যদি কোনো কঠিন কাজ বা পরীক্ষার সম্মুখীন হন, তবে আল্লাহর ওপর ভরসা রেখে নিচের বিশেষ দোয়াগুলো পাঠ করতে পারেন।
১. কঠিন কাজের সম্মুখীন হলে নবীজি (সা.)-এর আমল
হজরত আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) যখনই কোনো কঠিন সমস্যা বা বিপদের সম্মুখীন হতেন, তখন এই দোয়াটি বেশি বেশি পড়তেন:
يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ اَسْتَغِيْثُ
উচ্চারণ: ‘ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আসতাগিছ।’
অর্থ: ‘হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি আপনার রহমতের অছিলায় আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি।’ (জামে তিরমিজি)
২. কাজ সহজ করার বিশেষ দোয়া
পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই যদি আল্লাহর সাহায্য সঙ্গে থাকে। কোনো কাজ সুচারুভাবে সম্পন্ন করতে নিচের দোয়াটি অত্যন্ত কার্যকর:
اللَّهُمَّ لا سَهْلَ إِلا مَا جَعَلْتَهُ سَهْلا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزَنَ إِذَا شِئْتَ سَهْلا
উচ্চারণ: ‘আল্লাহুম্মা লা সাহলা ইল্লামা জাআলতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হাজনা ইজা শিতা সাহলান।’
অর্থ: ‘হে আল্লাহ, আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আর যখন আপনি ইচ্ছা করেন, তখন কঠিনকেও সহজ করে দেন।’ (সহিহ্ ইবনে হিব্বান: ২৪২৭)
৩. মুসা (আ.)-এর সেই বিখ্যাত দোয়া
পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যখন মুসা (আ.)-কে অনেক বড় ও কঠিন দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে এই দোয়াটি করেছিলেন:
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي-وَيَسِّرْ لِي أَمْرِي
উচ্চারণ: ‘রাব্বিশরাহলি সাদরি, ওয়া ইয়াসসিরলি আমরি।’
অর্থ: ‘হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন।’ (সুরা তোহা: ২৫-২৬)
৪. কাজ পূর্ণ করার পর কবুলিয়তের দোয়া
যেকোনো নেক কাজ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব শেষ করার পর আল্লাহর কাছে তা কবুল হওয়ার জন্য এই দোয়াটি পড়া অত্যন্ত জরুরি:
رَبَّنَا تَقَبَّلْ مِنَّা اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ، وَتُبْ عَلَيْنَا اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ
উচ্চারণ: ‘রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম। ওয়াতুব আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রাহিম।’
অর্থ: ‘হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। আমাদের ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি মহান ক্ষমাশীল ও পরম দয়ালু।’
হতাশা কাটিয়ে ভরসা রাখুন মহান রবের ওপর। কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলুন এবং কাজ চলাকালীন ওপরে বর্ণিত দোয়াগুলো পাঠ করুন।










