প্রশ্ন: রমজানে বিশেষ অসুস্থতায় কয়েকটি রোজা রাখতে পারিনি। এই রোজাগুলো কখন কাজা আদায় করতে হবে? এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। সাকিবুল হক, রাজশাহী
উত্তর: পবিত্র রমজান মাসজুড়ে রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর ফরজ। তবে অসুস্থতা ও সফরকালীন অবস্থায় রোজা না রাখার অনুমতি আছে এবং মেয়েদের ঋতুস্রাব ও সন্তান প্রসব-পরবর্তী স্রাবের সময় রোজা রাখা নিষেধ। কিন্তু পরবর্তী সময়ে সেগুলো কাজা করে দেওয়া আবশ্যক।
এ প্রসঙ্গে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘নির্দিষ্ট কয়েক দিন (অর্থাৎ রমজান মাসে) রোজা রাখতেই হবে। (তবে সে সময়ে) যদি তোমাদের কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে, সে অন্য সময়ে (ছুটে যাওয়া) দিনগুলো পূর্ণ করে নেবে (অর্থাৎ, যে কয়টা রোজা ছুটে গেছে, সেগুলো অন্য সময়ে কাজা করে দিতে হবে)।’ (সুরা বাকারা: ১৮৪)
আয়েশা (রা.) বলেন, ‘রাসুল (সা.) বেঁচে থাকা অবস্থায় আমাদের যখন ঋতুস্রাব হতো (এবং এ কারণে আমাদের নামাজ ও রোজা ছুটে যেত), তখন তিনি আমাদের ছুটে যাওয়া রোজাগুলো কাজা করে দেওয়ার নির্দেশ দিতেন, কিন্তু নামাজ কাজা করার নির্দেশ দিতেন না।’ (বুখারি ও মুসলিম)
কাজা রোজা কখন রাখতে হবে
চার মাজহাবের সব আলেমের সর্বসম্মত মত অনুসারে, রমজানের পর থেকে শুরু করে পরের রমজান আসার আগ পর্যন্ত যেকোনো সময় কাজা রোজা রাখা যাবে। আয়েশা (রা.) সাংসারিক ব্যস্ততার কারণে একদম শাবান মাসে গিয়ে বিগত রমজানের কাজা রোজা রেখেছেন এমন বর্ণনা আছে হাদিসে। (বুখারি ও মুসলিম)
তবে যথাসম্ভব দ্রুত কাজা করে দেওয়া উত্তম। কিন্তু কেউ যদি পরবর্তী রমজান পর্যন্ত কাজা রোজা রাখতে বিলম্ব করে, তার ব্যাপারে আলেমদের দুটি মত আছে। এক. মালেকি, শাফেয়ি ও হাম্বলি মাজহাবের মত অনুসারে তাকে কাজার পাশাপাশি প্রতিটি রোজার জন্য ফিদইয়া (১.৬৫ কেজি গম অথবা সমপরিমাণ মূল্য) আদায় করতে হবে। অবশ্য হানাফি মাজহাব অনুসারে তখনো শুধু কাজা করে দিলে যথেষ্ট হবে। ইবনু উসাইমিনসহ আরও অনেকে এ মত অবলম্বন করেছেন। (আল মাউসুআতুল ফিকহিয়্যাহ)
যেভাবে কাজা রোজা রাখবেন
ছুটে যাওয়া রোজাগুলো একনাগাড়ে রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সময় ও সুযোগ অনুসারে একটা, দুইটা করে কাজা করা যাবে। রাসুল (সা.) বলেন, ‘রমজানের রোজা আলাদা আলাদা অথবা লাগাতার—যেভাবে ইচ্ছা রাখা যাবে।’ (দারাকুতনি) ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রমজানের কাজা রোজা আলাদা আলাদা করে রাখতে কোনো অসুবিধা নেই। (বুখারি, তা’লিকাত)
কাজা আদায়ের আগে মারা গেলে
অসুস্থতার কারণে রোজা ছুটে যাওয়ার পর যদি সুস্থ হওয়ার আগেই মারা যায়, তাহলে কাজা বা ফিদইয়া কিছুই দিতে হবে না। (আল মাবসুত) তবে কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে তার জিম্মায় রোজা কাজা ছিল এবং তা আদায় করার সময় ও সামর্থ্যও ছিল, তাহলে সে যদি অসিয়ত করে যায়, তাহলে তার সম্পদের এক-তৃতীয়াংশ থেকে রোজার ফিদইয়া (প্রতি রোজার জন্য ১.৬৫ কেজি গম অথবা সমপরিমাণ মূল্য) আদায় করতে হবে। অসিয়ত করে না গেলেও ওয়ারিশরা নিজেদের পক্ষ থেকে ফিদইয়া দিতে পারবে। (ফাতাওয়া শামি) তবে ইমাম শাফেয়ি, নববি, ইবনে বাজসহ অনেক আলেম বলেন, এমন অবস্থায় মৃত ব্যক্তির অলি (নিকটাত্মীয়) তার পক্ষ থেকে রোজা আদায় করে দিতে পারবেন। কারণ, রাসুল (সা.) বলেছেন, ‘যে রোজা কাজা থাকা অবস্থায় মারা গেছে, তার আত্মীয় তার পক্ষ থেকে রোজা আদায় করে দেবে।’ (বুখারি, মুসলিম, আল মাউসুআতুল ফিকহিয়্যাহ)
উত্তর দিয়েছেন: মুফতি আবু আবদুল্লাহ আহমদ,শিক্ষক ও ফতোয়া গবেষক

সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জুমাবার। মুমিনের জীবনে দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এ দিনের নামে স্বতন্ত্র সুরা অবতীর্ণ করেছেন। জুমার আজানের সঙ্গে সঙ্গে দুনিয়ার যাবতীয় কাজকর্ম ত্যাগ করে তাঁর দরবারে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
হিজরি বর্ষপঞ্জির তৃতীয় মাসের নাম রবিউল আউয়াল। আরবি ভাষায় রবি শব্দের অর্থ বসন্তকাল এবং আউয়াল অর্থ প্রথম; অর্থাৎ রবিউল আউয়াল মানে হলো প্রথম বসন্ত বা বসন্তকালের সূচনা। ঋতুচক্রে প্রকৃতি যেমন শুষ্কতার খোলস ভেঙে বসন্তের ছোঁয়ায় ফুলে-ফলে সুবাসিত ও সজীব হয়ে ওঠে, ঠিক তেমনই চৌদ্দ শ বছর আগে...
৭ ঘণ্টা আগে
মানুষের মুখের একটি কথার মূল্য কত? পৃথিবীর ইতিহাসে যত সফল সম্পর্ক ও সভ্যতা গড়ে উঠেছে, তার মূলে ছিল একটি অদৃশ্য শক্তি—বিশ্বাস। আর এই বিশ্বাসের প্রধান ভিত্তি হলো ওয়াদা রক্ষা। মানুষের মুখের কথার মূল্য থাকলে সমাজে মামলা-মোকদ্দমা কমে, ব্যবসায় সততা আসে এবং পরিবারে প্রশান্তি বাড়ে।
৮ ঘণ্টা আগে
আমরা চলেছি জর্ডানের রাজধানী আম্মান থেকে উত্তরের দিকে। প্রথমে ইরবিদ, তারপর আরও উত্তর-পশ্চিমে। প্রশস্ত পথ, গাড়ির গতি ঘণ্টায় ১৩০-এর কাঁটা ছুঁইছুঁই করছে। ইতিমধ্যে সূর্য হেলে পড়ায় রোদের তাপও কমে এসেছে। ঘণ্টা দেড়েক চলার পর গাড়ি এসে থামল সিরিয়া সীমান্তের কাছাকাছি পাহাড়ের মাথায় একটি খোলা প্রান্তরের সামনে।
৯ ঘণ্টা আগে