Ajker Patrika

এবার এনভিডিয়ার সাবেক শীর্ষ কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে চীনে চিপ পাচারের অভিযোগ

আজকের পত্রিকা ডেস্ক­
এবার এনভিডিয়ার সাবেক শীর্ষ কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে চীনে চিপ পাচারের অভিযোগ
স্ত্রী সেনলি চেনের সঙ্গে এনভিডিয়ার সাবেক শীর্ষ কর্মকর্তা অজয় কে ‘জে’ পুরি। ছবি: সংগৃহীত

চীনে অবৈধভাবে চিপ পাচারের অভিযোগে অভিযুক্ত সার্ভার নির্মাতা প্রতিষ্ঠান সুপার মাইক্রো কম্পিউটার (এসএমসিআই)। যুক্তরাষ্ট্রভিত্তিক শর্ট-সেলিং প্রতিষ্ঠান মাডি ওয়াটার্স রিসার্চ প্রশ্ন তুলেছে, সুপার মাইক্রো কম্পিউটারের সাবেক কর্মকর্তা সেনলি চেন আর এনভিডিয়ার সাবেক শীর্ষ কর্মকর্তা অজয় কে ‘জে’ পুরির স্ত্রী হিসেবে পরিচিত সেনলি চেন একই ব্যক্তি কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

গত ১৭ নভেম্বর প্রকাশিত ‘এনভিডিয়া: মোর চায়না’ শীর্ষক এক প্রতিবেদনে এসব প্রশ্ন তুলেছে মাডি ওয়াটার্স। প্রতিবেদনটিতে ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে তোলা বিভিন্ন ছবি বিশ্লেষণ করে পুরির সঙ্গে তাঁর স্ত্রী হিসেবে পরিচিত সেনলি চেনের উপস্থিতির বিষয়টি তুলে ধরা হয়েছে।

চলতি বছরের জুনে দায়িত্ব ছাড়ার আগে টানা ২১ বছর এনভিডিয়ার বিশ্বব্যাপী বিক্রয় ও কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন জে পুরি। তিনি ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এবং প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেসের পর করপোরেট কাঠামোয় তাঁর অবস্থান ছিল তৃতীয়। দায়িত্ব ছাড়লেও তিনি এখনো এনভিডিয়ার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন। গত ১৭ জুন তাঁর হাতে ছিল এনভিডিয়ার ৩৬ লাখ ৬৫ হাজার ২২০টি শেয়ার, ১৬ নভেম্বর পর্যন্ত যার বাজারমূল্য প্রায় ৫৭ কোটি ডলার।

মাডি ওয়াটার্সের প্রতিবেদনে বলা হয়, সুপার মাইক্রোর সাবেক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান প্রবৃদ্ধি কর্মকর্তা সেনলি চেনের সঙ্গে পুরির স্ত্রীর পরিচয়ের মিল রয়েছে কি না, সেটিই মূল প্রশ্ন। চেন চলতি বছরের এপ্রিলের শেষ অথবা মে মাসের শুরুতে সুপার মাইক্রো ছাড়েন। বর্তমানে তিনি ক্রোনোস্কেলের প্রধান নির্বাহী কর্মকর্তা।

সুপার মাইক্রোর বিরুদ্ধে গত অক্টোবরে দায়ের করা একটি দেওয়ানি মামলায় সাবেক কর্মীদের বরাতে অভিযোগ করা হয়, চেন এনভিডিয়া থেকে জিপিইউ চিপ কেনার বিষয়টি তদারক করতেন এবং গ্রাহকদের মধ্যে এসব চিপ কীভাবে বিতরণ করা হবে, সে সিদ্ধান্তও নিতেন। অভিযোগে আরও বলা হয়, চীনে অবৈধভাবে সরিয়ে নেওয়া চিপের সিরিয়াল নম্বরসংক্রান্ত ই-মেইল পাঠানোর পর তিনি প্রতিষ্ঠানটি ছাড়েন। এমনকি কোরউইভের এক কর্মকর্তার হাতে চিপ তুলে দিয়ে চীনে পাঠানোর অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।

মাডি ওয়াটার্স জানিয়েছে, ছবিতে পুরির সঙ্গে থাকা নারী এবং সুপার মাইক্রোর সাবেক কর্মকর্তা একই ব্যক্তি কি না, তা জানতে ক্রোনোস্কেলের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, সেনলি চেনের বিরুদ্ধে সরকার কোনো ফৌজদারি অভিযোগ আনেনি বা তাঁকে অভিযুক্ত করেনি। দেওয়ানি মামলার অভিযোগগুলোও এখনো প্রমাণিত নয়।

এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে সুপার মাইক্রোর সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তির বিরুদ্ধে এনভিডিয়ার জিপিইউ সংযুক্ত প্রায় ২৫০ কোটি ডলারের সার্ভার দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে চীনে পাচারের অভিযোগে ফৌজদারি মামলা হয়েছে। অভিযুক্তদের একজন দোষ স্বীকার করেছেন, একজন নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং অপরজন পলাতক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত