
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পরিচয় হয়েছিল যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের মাধ্যমে—সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। আর তাতে বেজায় চটেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হান্টার বাইডেনের এই দাবিকে মিথ্যা, মানহানিকর, আপত্তিজনক ও উসকানিমূলক বলে অভিহিত করে হান্টার বাইডেনের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করে মামলা করবেন বলে হুমকি দিয়েছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুতে এক সাক্ষাৎকারে জেফ্রি এপস্টেইনের মতো যৌন অপরাধীর সঙ্গে ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ সম্পর্কের কড়া সমালোচনা করেন হান্টার বাইডেন। সেখানে তিনি বলেন, ট্রাম্প ও মেলানিয়ার সাক্ষাৎ হয়েছিল এপস্টেইনের মাধ্যমে। এ থেকেই বোঝা যায়, এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কত গভীর ও বিস্তৃত ছিল।
এ বক্তব্যের জন্য হান্টার বাইডেনকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন মেলানিয়া ট্রাম্প। আইনি নোটিশে আরও বলা হয়েছে, হান্টার বাইডেনের এই বক্তব্য ফার্স্ট লেডির ভাবমূর্তির অবক্ষয় ও আর্থিক ক্ষতির কারণ হয়েছে। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণের মামলা করা হবে।
মেলানিয়া ট্রাম্পের অভিযোগ—অন্যের নাম ব্যবহার করে আলোচনায় থাকার চেষ্টা হান্টার বাইডেনের বহু পুরোনো অভ্যাস। তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্পের সমালোচনামূলক এক জীবনীগ্রন্থের ওপর ভিত্তি করে এ মন্তব্য করেছেন হান্টার বাইডেন। মাইকেল ওলফ নামের এক সাংবাদিক বইটি লিখেছিলেন। সেখানেও এমন দাবি করা হয়েছে যে ট্রাম্প ও মেলানিয়ার পরিচয় হয় জেফ্রি এপস্টেইনের মাধ্যমে।
সম্প্রতি মার্কিন গণমাধ্যম দ্য ডেইলি বিস্ট মেলানিয়ার পরিচিতি প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয়, ট্রাম্পের সঙ্গে যখন পরিচয় হয়, তখন মেলানিয়া ট্রাম্প এপস্টেইনের এক সহযোগীর পরিচিত ছিলেন। তবে মেলানিয়ার আইনজীবীর আপত্তির পর সংস্থাটি প্রতিবেদন প্রত্যাহার করে এবং ক্ষমা চায়। কারণ, এপস্টেইন যে সরাসরি তাঁদের পরিচয় করিয়ে দিয়েছেন এমন কোনো প্রমাণ নেই।
আইনি নোটিশে অভিযোগ করা হয়েছে, হান্টার বাইডেন ইতিমধ্যে প্রত্যাহার করা একটি প্রতিবেদনের ভিত্তিতে মিথ্যা দাবি করেছেন।
বিবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে মেলানিয়ার সহকারী নিক ক্লেমেন্স বলেন, ‘ফার্স্ট লেডির আইনজীবীরা যাঁরা ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়াচ্ছেন, তাঁদের কাছ থেকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা নিশ্চিত করতে কাজ করছেন।’
হার্পারস বাজারে ২০১৬ সালে প্রকাশিত এক প্রোফাইলে মেলানিয়া জানান, ১৯৯৮ সালের নভেম্বরে একটি মডেলিং এজেন্সির প্রতিষ্ঠাতার আয়োজিত পার্টিতে ট্রাম্পের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। সে সময় ট্রাম্প তাঁর দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের সঙ্গে আলাদা ছিলেন, যার সঙ্গে ১৯৯৯ সালে বিচ্ছেদ হয়ে যায় ট্রাম্পের।
এই আইনি নোটিশ এমন সময়ে এসেছে, যখন এপস্টেইন-সংশ্লিষ্ট অপ্রকাশিত নথি প্রকাশের দাবিতে হোয়াইট হাউসের ওপর চাপ বাড়ছে। নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় ফিরে তিনি নথিগুলো প্রকাশ করবেন।

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
৮ মিনিট আগে
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
৩৩ মিনিট আগে
যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
চীনের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এক ভিন্নধারার ‘আইডল’। তিনি কোনো পপ তারকা কিংবা চলচ্চিত্র অভিনেতা নন; ৫৪ বছর বয়সী নৃতত্ত্ববিদ ও অধ্যাপক বিয়াও শিয়াং। তরুণদের উদ্বেগ, অনিশ্চয়তা ও জীবনের অর্থ খোঁজার সংকট নিয়ে তাঁর খোলামেলা আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
১ ঘণ্টা আগে