আপনি এখনো দায়িত্বে কেন, পদত্যাগ করুন—হেগসেথকে সিনেটর এল–সাইয়েদ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদত্যাগ দাবি করেছেন নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ। ইরান যুদ্ধ পরিচালনায় ব্যর্থতা এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে মঙ্গলবার তিনি এ দাবি জানান। একই সঙ্গে যুদ্ধটিকে ‘অবৈধ, অনৈতিক ও নীতিবিবর্জিত’ উল্লেখ করে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান তিনি।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হেগসেথকে উদ্দেশ করে এল-সাইয়েদ বলেন, ‘আপনি এখনো এই দায়িত্বে কেন আছেন? আপনি এই কাজটি ভালোভাবে করতে পারছেন না। নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। এই যুদ্ধ পরিচালনার ক্ষেত্রেও আপনি ব্যর্থ হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘তাই পদত্যাগ করুন। শেষ পর্যন্ত আপনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার আগেই পদত্যাগ করে সবার জন্য বিষয়টি সহজ করুন। কারণ, স্পষ্টতই তেমন কিছুই ঘটতে যাচ্ছে।’
এদিকে হেগসেথের অভিশংসনের প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে অনুপস্থিত থাকা ১১ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতার সমালোচনা করেন এল-সাইয়েদ। তিনি বলেন, ‘তাদের উপস্থিত থাকা উচিত ছিল এবং নিজেদের দায়িত্ব পালন করা উচিত।’
যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধের কারণে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। এল-সাইয়েদ বলেন, মিশিগানের বিভিন্ন এলাকায় প্রচারণার সময় মানুষের কাছ থেকে সবচেয়ে বেশি যে দুটি প্রশ্ন শুনেছেন, তা হলো—একটি ট্রাকের জ্বালানি ট্যাংক পূর্ণ করতে ৮০ ডলার খরচ হচ্ছে কেন এবং মুদি দোকান থেকে অতিরিক্ত এক পাউন্ড গরুর মাংস কেনার সামর্থ্য কেন থাকছে না।
তিনি বলেন, ‘এসব সমস্যার পেছনে একটি বিষয়ই দায়ী। সেটি হলো এই উন্মত্ত যুদ্ধ, যে যুদ্ধে জড়ানোর কোনো প্রয়োজনই যুক্তরাষ্ট্রের ছিল না।’
অভিশংসনের যেকোনো উদ্যোগকে তার নিজস্ব যৌক্তিকতার ভিত্তিতে মূল্যায়ন করবেন বলেও জানান এল-সাইয়েদ। তবে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, ‘এটা একেবারেই স্পষ্ট যে পিট হেগসেথ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন।’
অন্যদিকে, মঙ্গলবার পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ প্রত্যাখ্যান করেন হেগসেথ। তিনি বলেন, ‘এটি একটি প্রহসন এবং লোক দেখানো পদক্ষেপ। বিষয়টি সবাই জানে। এগুলো গুরুতর অপরাধ নয়। এটি আমার দায়িত্ব এবং আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছি।’
এর আগে মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে হেগসেথকে অভিশংসনের প্রস্তাবটি কমিটিতে পাঠানোর পক্ষে ২১১টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে ২০৪টি। এর মধ্য দিয়ে কার্যত অভিশংসনের উদ্যোগটি থেমে যায়। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেট, উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার এক সপ্তাহ পর এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।








