Ajker Patrika

হেগসেথের অভিশংসন ঠেকিয়ে দিল রিপাবলিকান শিবির

আজকের পত্রিকা ডেস্ক­
হেগসেথের অভিশংসন ঠেকিয়ে দিল রিপাবলিকান শিবির
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ফাইল ছবি

কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে যুদ্ধ পরিচালনার অভিযোগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছিলেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। তাঁর এই প্রস্তাব উড়িয়ে দিয়েছেন রিপাবলিকানরাই। একমাত্র ম্যাসি ছাড়া রিপাবলিকান শিবিরের আর কেউ এই প্রস্তাবে ভোট দেননি।

স্থানীয় সময় সোমবার মার্কিন হাউস অব রিপ্রজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি উত্থাপন করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য অভিশংসনের প্রস্তাবগুলো একটি কমিটিতে পাঠানোর পক্ষে ভোট দিয়েছেন। এর মধ্য দিয়ে কেনটাকির বিদ্রোহী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসির উত্থাপিত উদ্যোগটি আপাতত কার্যত নাকচ হয়ে গেছে।

ছয় মাস পর পেন্টাগনে প্রথম সংবাদ সম্মেলনে হেগসেথ অভিশংসনের এই উদ্যোগকে ‘প্রহসন’ ও ‘নাশকতা’ বলে অভিহিত করেছেন।

মন্ত্রিসভার একজন সদস্যকে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত করে শেষ পর্যন্ত তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার এই উদ্যোগ শুরু থেকেই সফল হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছিল। কারণ, এ উদ্যোগ সফল করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে কয়েকজন রিপাবলিকান সদস্যের ভোট প্রয়োজন হতে পারত।

মঙ্গলবার অভিশংসনের প্রস্তাবটি রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের বিচার বিভাগবিষয়ক কমিটিতে পাঠানোর বিপক্ষে একমাত্র রিপাবলিকান সদস্য হিসেবে ভোট দেন ম্যাসি। ২১১-২০৪ ভোটে তাঁর উদ্যোগটি ব্যর্থ হয়। ভোটাভুটিতে ১১ জন ডেমোক্র্যাটসহ এক ডজনের বেশি সদস্য অনুপস্থিত ছিলেন।

প্রস্তাবটি কমিটিতে পাঠানোর সিদ্ধান্তের ফলে উদ্যোগটি কার্যত আটকে গেছে। কারণ, আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার আগে বর্তমান কংগ্রেসের মেয়াদ শেষ হতে আর বেশি সময় বাকি নেই।

এ দিকে ভোটের ফলকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, অভিশংসনের উদ্যোগটি ‘শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে’।

হেগসেথের প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও লেখেন, ‘আবারও ভেনেজুয়েলা ও ইরানে বিজয়, সামরিক বাহিনীর ইতিহাসের সেরা নিয়োগসংক্রান্ত পরিসংখ্যান (সামরিক বাহিনীতে যোগ দিতে দীর্ঘ অপেক্ষমাণ তালিকা!) এবং আগে কখনো দেখা যায়নি এমন মনোবল একজন মহান মার্কিন দেশপ্রেমিককে দায়মুক্তি দিয়েছে।’

ভোটের পর বিবিসির যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সহযোগী সিবিএসকে ম্যাসি বলেন, তিনি এতে ‘অবাক হননি’, তবে ‘হতাশ হয়েছেন’।

ম্যাসি আরও বলেন, ‘কংগ্রেস সম্পর্কে আমার মূল্যায়ন হলো, এসব মানুষ জানেন তাঁদের কী করা উচিত। কিন্তু তাঁরা তা করতে নিজেদের প্রস্তুত করতে পারেন না, এমনকি রাজনৈতিকভাবে তা তাঁদের জন্য লাভজনক হলেও।’

এর আগে ম্যাসি স্বীকার করেছিলেন, তাঁর অভিশংসনের উদ্যোগ তাৎক্ষণিকভাবে সফল না-ও হতে পারে। তবে তিনি যুক্তি দিয়েছিলেন, এর মাধ্যমে ডেমোক্র্যাটরা নিজস্ব অভিশংসন প্রক্রিয়া শুরু করার আগেই হেগসেথকে সরিয়ে দিতে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করা সম্ভব হতে পারে।

কেনটাকির এই কংগ্রেস সদস্য আরও বলেন, এখনই হেগসেথকে সরিয়ে দেওয়া হলে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকতেই সিনেটে তাঁর স্থলাভিষিক্ত কাউকে অনুমোদনের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে।

অভিশংসনের প্রস্তাব কংগ্রেসের একটি মেয়াদ শেষ হওয়ার পরও বহাল থাকতে পারে। ফলে আগামী বছর ডেমোক্র্যাটরা এ প্রস্তাব নিয়ে আবারও উদ্যোগ নিতে পারবেন। আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা।

সোমবার প্রতিনিধি পরিষদে আনুষ্ঠানিকভাবে উত্থাপিত অভিশংসনের আটটি অভিযোগে ম্যাসি বলেন, আইনপ্রণেতাদের অনুমোদন ছাড়াই ৯০ দিনের বেশি সময় ধরে ইরানে যুদ্ধ পরিচালনা করে হেগসেথ ‘আইন ভঙ্গ করেছেন এবং এ জন্য তাঁকে জবাবদিহির আওতায় আনতে হবে’।

অভিশংসনের অভিযোগপত্রে আরও বলা হয়েছে, প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মাদক বহনের অভিযোগে সন্দেহভাজন নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ তদারক করেছেন হেগসেথ।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হেগসেথ তাঁকে অভিশংসনের উদ্যোগকে ট্রাম্প প্রশাসনের একজন বিরোধীর রাজনৈতিক কৌশল বলে অভিহিত করেন। তাঁর ভাষায়, ওই ব্যক্তি ‘ক্ষুব্ধ ও পরাজিত’।

ম্যাসির এই প্রস্তাব জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে বলেও দাবি করেন হেগসেথ। তাঁর মতে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষদের কাছে এমন বার্তা যাচ্ছে যে আইনসম্মত সামরিক অভিযান সফলভাবে পরিচালনা করার জন্য যুক্তরাষ্ট্র নিজ দেশের সেনাসদস্য ও বেসামরিক নেতৃত্বকেই শাস্তি দেবে।

হেগসেথ বলেন, ‘এটি দেশপ্রেম নয়। এটি নাশকতা।’

সোমবার হোয়াইট হাউসের ব্রিফিং কক্ষে আকস্মিক উপস্থিত হয়ে ট্রাম্প যেসব বক্তব্য দিয়েছিলেন, সেগুলোর কয়েকটিরও পুনরাবৃত্তি করেন হেগসেথ। এর মধ্যে সামরিক বাহিনীতে নিয়োগের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন তিনি।

তবে হেগসেথের দাবি, নীতিগত মতপার্থক্য থেকেই ম্যাসি এই প্রস্তাব এনেছেন। তিনি বলেন, ‘এগুলো গুরুতর অপরাধ নয়, অসদাচরণ নয়, রাষ্ট্রদ্রোহ নয়, ঘুষ গ্রহণও নয়। অভিশংসনের ধারা প্রণয়নের সময় সংবিধানপ্রণেতারা যে ধরনের অপরাধের কথা বিবেচনা করেছিলেন, এগুলো সেসবের কোনোটি নয়।’

চলতি বছরের শুরুর দিকে ট্রাম্প-সমর্থিত এক প্রতিদ্বন্দ্বীর কাছে পুনর্নির্বাচনে হেরে যান ম্যাসি। ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তিনি ট্রাম্প ও এই যুদ্ধের সমালোচনা করে আসছেন।

মৃত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশের জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি দাবি জানানোয় আগেই প্রেসিডেন্টের বিরাগভাজন হয়েছিলেন ম্যাস।

আপাতত রাজনৈতিকভাবে টিকে গেলেও প্রশাসনে হেগসেথের ভবিষ্যৎ নিয়ে অনেক আইনপ্রণেতা, এমনকি কয়েকজন রিপাবলিকান সদস্যও প্রশ্ন তুলেছেন। রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের ধারণা, হেগসেথ পদত্যাগ করবেন অথবা ট্রাম্প তাঁকে বরখাস্ত করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত