Ajker Patrika

আত্মহত্যা নয়, জেলখানায় খুন হয়েছেন এপস্টেইন—বলছে ময়নাতদন্তের আলামত

আজকের পত্রিকা ডেস্ক­
আত্মহত্যা নয়, জেলখানায় খুন হয়েছেন এপস্টেইন—বলছে ময়নাতদন্তের আলামত
ময়নাতদন্তের নথিপত্র বিশ্লেষণ করে এক বিশেষজ্ঞ বলেছেন, এপস্টেইনকে খুন করা হয়ে থাকতে পারে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের যৌন অপরাধী জেফরি এপস্টেইনের মৃত্যু আত্মহত্যা নয়, বরং হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন জ্যেষ্ঠ ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ ড. মাইকেল ফ্রিম্যান। ২০১৯ সালের আগস্টে নিউইয়র্কের কারাগারে এপস্টেইনের মৃত্যু হয়। সে সময় মার্কিন কর্তৃপক্ষ ঘটনাটিকে আত্মহত্যা বলে ঘোষণা করেছিল। তবে ময়নাতদন্তের নথি ও ছবি বিশ্লেষণ করে ফ্রিম্যানের দাবি, এপস্টেইনের শরীরে পাওয়া আঘাতের চিহ্ন হত্যাকাণ্ডের সম্ভাবনাকেই বেশি জোরালো করে। গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

মৃত্যু ও হত্যাকাণ্ডের ফরেনসিক বিশ্লেষণে বিশেষজ্ঞ গবেষক ফ্রিম্যানকে এপস্টেইনের ময়নাতদন্তের পূর্ণাঙ্গ নথিপত্র পর্যালোচনার অনুমতি দেওয়া হয়েছিল। নথি ও ছবি পরীক্ষা করে তিনি এপস্টেইনের মৃত্যুর বিষয়ে মূল তদন্তের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে, মার্কিন সিবিএস-এর পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, ময়নাতদন্তের ছবিতে এপস্টেইনের ঘাড়ে এমন কিছু দাগ শনাক্ত করেছেন ফ্রিম্যান, যা তাঁর মতে, ফাঁসিতে ঝুলে আত্মহত্যার ক্ষেত্রে সাধারণত দেখা যায় না।

ফ্রিম্যানের পর্যবেক্ষণ অনুযায়ী, এপস্টেইনের কাঁধ ও পিঠেও আঘাতের চিহ্ন ছিল, যা শারীরিক ধস্তাধস্তির ইঙ্গিত দিতে পারে। এসব আলামতের সম্ভাব্য ব্যাখ্যা হিসেবে তিনি বলেছেন, পেছন থেকে গলায় কাপড় পেঁচিয়ে এপস্টেইনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।

ময়নাতদন্তের ছবিগুলো প্রথমবার পরীক্ষা করার সময়ই এপস্টেইনের ঘাড়ে একটি অস্বাভাবিক দাগ নজরে আসে বলে জানান ফ্রিম্যান। তার ভাষ্য, ফাঁসিতে ঝুলে আত্মহত্যার ক্ষেত্রে সাধারণত গলায় একটি সমান ও তির্যক দাগ তৈরি হয়, যা ফাঁসের গিঁটের দিকে ক্রমশ ওপরের দিকে উঠে যায়। কিন্তু এপস্টেইনের ঘাড়ের দাগটি ছিল গভীর ও অসমান। এক পাশে দাগটি ইংরেজি ‘Y’ অক্ষরের মতো দুই ভাগে বিভক্ত ছিল। ফ্রিম্যান বলেন, দাগটি দেখে তাঁর মনে হয়েছিল, ‘একটু দাঁড়ান (ওয়েট), এটি তো ফাঁসিতে ঝোলার দাগের মতো দেখাচ্ছে না।’ মূল তদন্তের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার অন্যতম প্রধান কারণ ছিল এই অস্বাভাবিক দাগ।

এপস্টেইনের ছোট ভাই মার্ক এপস্টেইন গত বছরের নভেম্বরে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ নথিপত্র ফ্রিম্যানকে দেন। এরপর প্রায় এক বছর ধরে সেসব নথি বিশ্লেষণ করেন তিনি। নিজের গবেষণার ফলাফল বিশেষজ্ঞদের মূল্যায়ন-সাপেক্ষ বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশের চেষ্টা করছেন ফ্রিম্যান। তবে এখন পর্যন্ত প্রকাশনার জন্য তার গবেষণা প্রত্যাখ্যাত হয়েছে। এ গবেষণায় তার সঙ্গে রয়েছেন কগনিটিভ নিউরোসায়েন্টিস্ট ইতিয়েল দ্রর এবং সুইডিশ ফরেনসিক প্যাথলজিস্ট আন্দের্স এরিকসন।

এপস্টেইনের ময়নাতদন্তের কয়েকটি ছবি পরীক্ষা করা অন্য ফরেনসিক বিশেষজ্ঞরাও তার ঘাড়ের দাগটিকে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার ক্ষেত্রে অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন। তবে তাদের কেউ কেউ সতর্ক করে বলেছেন, এই অস্বাভাবিকতা আত্মহত্যার সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করে না। শুধু শরীরের আঘাতের চিহ্নের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত পরিস্থিতি নির্ধারণ করাও সম্ভব নয়।

এদিকে, এপস্টেইনের মরদেহ প্রথম দেখতে পাওয়া কারাগারের এক কর্মীর বক্তব্যও নতুন করে আলোচনায় এসেছে। ওই কর্মী শুরুতে তদন্তকারীদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এপস্টেইনের মৃত্যুর দুই বছর পর তিনি প্রথমবারের মতো নিজের বক্তব্য দেন। তার দাবি, মরদেহটি উদ্ধারের সময় এপস্টেইনের শরীরের পেছনের অংশ মেঝে থেকে প্রায় ২ দশমিক ৫ সেন্টিমিটার উঁচুতে ছিল।

ওই কর্মীর বর্ণনা, ময়নাতদন্তের ছবি এবং এপস্টেইনের শারীরিক গঠন বিবেচনায় নিয়ে ফ্রিম্যান কম্পিউটারের সাহায্যে ফাঁসিতে ঝুলে মৃত্যুর ত্রিমাত্রিক (থ্রিডি) সিমুলেশন তৈরি করেন। এর মাধ্যমে শারীরিক আলামতগুলো কর্তৃপক্ষের নির্ধারিত মৃত্যুর পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা পরীক্ষা করেন তিনি।

তবে এপস্টেইনের মূল ময়নাতদন্ত পরিচালনাকারী প্যাথলজিস্ট ক্রিস্টিন রোমান ফেডারেল তদন্তকারীদের জানিয়েছিলেন, এপস্টেইন আত্মহত্যা করেছিলেন, এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। রোমানের ভাষ্য অনুযায়ী, এপস্টেইনের মরদেহ স্বাভাবিক অবস্থায় ছিল। শরীরে আঘাতের কোনো চিহ্ন কিংবা নখের নিচে ময়লা পাওয়া যায়নি। এ ছাড়া ধস্তাধস্তির কোনো আলামতও শনাক্ত করা সম্ভব হয়নি।

রোমানের এই বক্তব্যের বিপরীতে ফ্রিম্যান তদন্তকারীদের সমালোচনা করে বলেন, এপস্টেইনের নখের নিচে কোনো ডিএনএ পরীক্ষা করা হয়নি। এ ছাড়া যে কারাকক্ষে এপস্টেইনের মরদেহ পাওয়া গিয়েছিল, সেটি পরিদর্শনের অনুমতিও পাননি মূল ময়নাতদন্ত পরিচালনাকারী প্যাথলজিস্ট রোমান। ফলে মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি সরেজমিনে পরীক্ষা করার সুযোগ তার সীমিত ছিল।

এপস্টেইনের মৃত্যুর বিষয়ে নতুন এই গবেষণা প্রকাশকে কেন্দ্র করে যুক্তরাজ্যেও বিতর্ক তৈরি হয়েছে। লন্ডনের ইউনিভার্সিটি কলেজ লন্ডনে (ইউসিএল) ফ্রিম্যানের গবেষণার ফলাফল উপস্থাপনের কথা ছিল। তবে রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আকস্মিকভাবে জানায়, শিক্ষার্থীদের কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে ক্যাম্পাসে অনুষ্ঠানটি আয়োজন করা হবে না।

পরে অনুষ্ঠানটি লন্ডনের আইনি প্রতিষ্ঠান মিডল টেম্পলে স্থানান্তর করা হয়। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে এপস্টেইনের ভাই মার্ক এপস্টেইন ময়নাতদন্তের ছবিগুলো অনলাইনে প্রকাশ করেন। এর ফলে আগে কেবল সীমিতসংখ্যক মানুষের দেখার সুযোগ থাকা ছবিগুলো সাধারণ মানুষের জন্যও উন্মুক্ত হয়ে যায়।

তবে ফ্রিম্যানের গবেষণায় হত্যাকাণ্ডের সম্ভাবনার কথা উঠে এলেও তা এপস্টেইনকে হত্যা করা হয়েছিল, এমন চূড়ান্ত প্রমাণ নয়। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এখনো তাদের আনুষ্ঠানিক সিদ্ধান্তে অনড় রয়েছে যে, এপস্টেইন আত্মহত্যা করেছিলেন। নিউইয়র্কের মেডিকেল এক্সামিনার কার্যালয়ও জানিয়েছে, তারা মূল ময়নাতদন্তের সিদ্ধান্তের পক্ষেই রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত