ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান—দাবি মার্কিন গোয়েন্দাদের

যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করছে ইরান। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সম্ভাব্য এই হামলার পরিকল্পনার তথ্য পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে ইরান এমন হামলা চালানোর সক্ষমতা রাখে কি না এবং বাস্তবে তা কার্যকর করার সিদ্ধান্ত নেবে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এ বিষয়ে অবগত সাত মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ইরানের পরিকল্পনা এখনো তাৎক্ষণিক হামলার প্রস্তুতি নয়; বরং ভবিষ্যতে হামলার বিভিন্ন বিকল্প হাতে রাখার প্রচেষ্টা। তবে মার্কিন গোয়েন্দারা যে পরিকল্পনার তথ্য পেয়েছেন, তাতে সম্ভাব্য হামলার স্থান ও লক্ষ্যবস্তুর সুনির্দিষ্ট বিবরণ রয়েছে। বিষয়টি সামনে আসার পর সম্ভাব্য হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রে একাধিক জরুরি প্রস্তুতি ও বিকল্প পরিকল্পনা নেওয়া হয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে। তবে বর্তমানে দেশের অভ্যন্তরে হামলার কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।
তবে মার্কিন কর্মকর্তারা গোয়েন্দা তথ্যগুলোকে ইরানের সংঘাত বিস্তারের ক্রমবর্ধমান প্রবণতার উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের চলমান সামরিক হামলা এবং কঠোর অর্থনৈতিক অবরোধে ইরান যখন চাপে রয়েছে, তখন দেশটি মার্কিন ভূখণ্ডে হামলার পরিকল্পনা করছে বলে মনে করছেন তাঁরা। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইরানের ওপর চলমান অর্থনৈতিক চাপকে ‘ধ্বংসাত্মক’ বলে বর্ণনা করেছেন।
গোয়েন্দা সূত্রগুলোর মতে, এখন পর্যন্ত ইরান হামলা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। একজন মার্কিন কর্মকর্তা বলেন, হামলা চালানোর জন্য প্রয়োজনীয় লোকবল ইরানের প্রস্তুত রয়েছে কি না, তা নিয়েই বিতর্ক রয়েছে।
গত এক সপ্তাহে সম্ভাব্য হামলা মোকাবিলার উপায় নিয়ে মার্কিন কর্মকর্তারা একাধিক বৈঠক করেছেন। সংশ্লিষ্ট একটি সূত্র এই প্রস্তুতিকে ‘বিচক্ষণতাপূর্ণ’ বলে উল্লেখ করেছে। ইরানের হুমকির কারণে গত সপ্তাহে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে সামরিক আবাসনে সরিয়ে নিয়েছে সিক্রেট সার্ভিস।
মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, অপ্রচলিত অস্ত্রের হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। প্রচলিত বোমার সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে ডার্টি বোমা তৈরি করা হয়। এ ধরনের বোমা তৈরি তুলনামূলকভাবে সহজ। এ জন্য ইরানকে প্রশিক্ষিত হামলাকারী গোপনে যুক্তরাষ্ট্রে পাঠানোরও প্রয়োজন নাও হতে পারে। দেশটিতে আগে থেকেই বসবাসকারী কাউকে হামলা চালাতে রাজি করাতে পারলেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব।
এক মার্কিন সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বোমা তৈরির উপকরণ মজুত করে রাখার দাবি জানিয়ে ইরানি পক্ষের কথোপকথন শনাক্ত করেছে মার্কিন গোয়েন্দারা। তবে এই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। তারপরও তাঁদের ধারণা, ইরানের পক্ষে যুক্তরাষ্ট্রে তেজস্ক্রিয় পদার্থ কিংবা রাসায়নিক উপাদান আগে থেকেই মজুত করে রাখা সহজ। এমনকি এ ধরনের উপাদান দেশটিতে ইতোমধ্যে মজুত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।
গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক কর্মকর্তা বলেন, গত প্রায় ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সীমান্ত যে মাত্রায় অরক্ষিত ছিল, তাতে হামলাকারীদের দেশে প্রবেশ করানো এবং তাদের মাধ্যমে বিস্ফোরকের উপাদান সংগ্রহ ও স্থাপন করানো অত্যন্ত সহজ ছিল। অন্য একটি সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা মনে করেন, যুক্তরাষ্ট্রে তেজস্ক্রিয় পদার্থ আগে থেকেই মজুত রয়েছে। এমনকি কয়েক বছর নয়, কয়েক দশক ধরেও এসব উপাদান দেশটিতে থাকতে পারে।
একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, এ ধরনের হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতায় নতুন কোনো পরিবর্তন আসেনি। পরিবর্তন এসেছে হামলা চালানোর প্রণোদনায়।
নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশনের এক মুখপাত্র রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ইরান যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ অবৈধ বলে মনে করে এবং এ-সংক্রান্ত মিথ্যা ও বানোয়াট অভিযোগ দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে। তবে সম্ভাব্য ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।
ডার্টি বোমা: আতঙ্ক সৃষ্টিই মূল উদ্দেশ্য
ডার্টি বোমা পারমাণবিক বোমা থেকে সম্পূর্ণ আলাদা। পারমাণবিক বোমা পরমাণুর বিভাজন বিক্রিয়ার মাধ্যমে বিপুল ধ্বংসক্ষমতা তৈরি করে। অন্যদিকে, ডার্টি বোমা বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেয়। এর প্রভাব কয়েকটি ব্লক থেকে কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ডার্টি বোমার ঘটনায় প্রাণহানির প্রধান কারণ হওয়ার কথা বিস্ফোরণ, তেজস্ক্রিয়তার প্রভাব নয়। প্রচলিত বোমার মতোই এটি তৈরি করা সম্ভব হলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রয়োজনীয় তেজস্ক্রিয় পদার্থ সংগ্রহ করা।
সাম্প্রতিক গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক কর্মকর্তা বলেন, এ ধরনের অস্ত্র মূলত আতঙ্ক সৃষ্টির জন্য ব্যবহৃত হয়, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার জন্য নয়। আত্মঘাতী বোমা হামলার সঙ্গে এর তুলনা করে তিনি বলেন, এ ধরনের অস্ত্র মানুষকে মারাত্মক অসুস্থ করে তুলতে পারে এবং নির্দিষ্ট এলাকাকে বসবাসের অনুপযোগী করে দিতে পারে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর রাসায়নিক হামলার আশঙ্কা
যুক্তরাষ্ট্রের নজরদারিতে থাকা আরেকটি গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধেও রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে ইরান। দুই মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এ-সংক্রান্ত উদ্বেগের খবর প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রাসায়নিক অস্ত্র হামলা মোকাবিলায় মার্কিন সেনাদের পর্যাপ্ত সুরক্ষামূলক সরঞ্জাম ও প্রশিক্ষণ নেই।
এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন কূটনৈতিক ও গোয়েন্দা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা জরুরি প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে। সম্ভাব্য রাসায়নিক হামলার লক্ষ্যবস্তু হলে তাঁদের সুরক্ষায় প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণ নিশ্চিত করাই এই উদ্যোগের উদ্দেশ্য। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।









