
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকায় বায়ুর মান নিয়ে আগে প্রকাশ না করা এক লাখ ৭০ হাজারের বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করেছে। নথিগুলোতে দেখা যাচ্ছে, হামলার পর গ্রাউন্ড জিরোর বাতাসে ক্ষতিকর ও বিষাক্ত উপাদানের উপস্থিতি সম্পর্কে কর্মকর্তাদের উদ্বেগ ছিল। অথচ সে সময় সাধারণ মানুষকে বারবার জানানো হয়েছিল, বাতাস শ্বাস নেওয়ার জন্য নিরাপদ।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এসব নথি প্রকাশের ঘোষণা দেন। তিনি বলেন,৯ / ১১-এর ঘটনায় নিহত প্রায় তিন হাজার মানুষের চেয়েও পরবর্তী সময়ে ওই হামলাসংশ্লিষ্ট রোগে মারা যাওয়া মানুষের সংখ্যা এখন বেশি।
মামদানি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য থেকে অন্তত এক লাখ ৪০ হাজার মানুষ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হেলথ প্রোগ্রামে অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৪৯ হাজারের শরীরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-সংশ্লিষ্ট ক্যানসার শনাক্ত হয়েছে। তাঁর দাবি, এখনো বহু মানুষ এই সহায়তা কর্মসূচির আওতার বাইরে রয়েছেন।
প্রকাশিত নথিতে ২০০১ সালের অক্টোবর ও নভেম্বরের পরিবেশগত পরীক্ষার বিভিন্ন তথ্য রয়েছে। এসব পরীক্ষায় অ্যাসবেস্টস সহ বিভিন্ন বিষাক্ত পদার্থের মাত্রা বেড়ে যাওয়ার প্রমাণ পাওয়া যায়। নথিতে কর্মকর্তাদের অভ্যন্তরীণ উদ্বেগ ও সতর্কবার্তার কথাও উঠে এসেছে।
নিউইয়র্কের কংগ্রেস সদস্য জেরি ন্যাডলার ২০০২ সালে তৎকালীন মেয়র মাইকেল ব্লুমবার্গের কার্যালয়ে পাঠানো এক স্মারকলিপিতে গ্রাউন্ড জিরোর আশপাশের অভ্যন্তরীণ বায়ুর মান পর্যবেক্ষণে পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, হামলার পর তৎকালীন ইপিএ প্রশাসক ক্রিস্টিন টড হুইটম্যান বাতাসকে ‘নিরাপদ’ বলে মন্তব্য করেছিলেন, অথচ তখনো ঘরের ভেতরের বাতাস নিয়ে সরকারি পরীক্ষা সম্পন্ন হয়নি।
তবে হুইটম্যান মঙ্গলবার তাঁর বক্তব্যের পক্ষে সাফাই দিয়ে বলেন, ইপিএ বিজ্ঞানীদের বিশ্লেষণের ভিত্তিতেই তিনি মন্তব্য করেছিলেন। তাঁর দাবি, সংস্থাটি তখন নিয়মিত তথ্য প্রকাশ করেছিল এবং গ্রাউন্ড জিরোতে কর্মরত ব্যক্তিদের ঝুঁকি সম্পর্কেও সতর্ক করেছিল।
মামদানি বলেন, ‘মানুষ অসুস্থ হয়েছেন, কারণ তাঁরা যেসব নেতাকে বিশ্বাস করেছিলেন, তাঁরা তাঁদের বিষাক্ত বাতাসকে নিরাপদ বলে জানিয়েছিলেন।’ দীর্ঘদিন নথি প্রকাশ না করাকে তিনি কোনো একক প্রশাসনের বিষয় না বলে একাধিক মেয়র প্রশাসনের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন।
নথি প্রকাশের দাবিতে মামলা করা সংগঠন ৯ / ১১ হেলথ ওয়াচের নির্বাহী পরিচালক বেন চেভাট বলেন, এসব তথ্য ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ গবেষণার পথও খুলে দেবে।
নিউইয়র্ক সিটি জানিয়েছে, প্রকাশিত নথির জন্য একটি সার্চযোগ্য অনলাইন পোর্টাল থাকবে এবং আগামী মাসগুলোতে পর্যায়ক্রমে আরও নথি প্রকাশ করা হবে। এসব নথি বিনামূল্যে দেখা ও ডাউনলোড করা যাবে।

ইয়েমেনের গুরুত্বপূর্ণ লোহিত সাগরীয় বন্দরনগরী মোখা দখলে নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইয়েমেনের সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
২ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতিরা গুরুত্বপূর্ণ লোহিতসাগরীয় শহর আল-মাখার (মোখা) নিয়ন্ত্রণ নিয়েছে। গোষ্ঠীটি এখন কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে। ইয়েমেন সরকারের তিনটি অজ্ঞাতনামা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মোখা দখলের ফলে ইয়েমেনের লোহিতসাগর অঞ্চলের প্রায় পুরো উপকূলই এখন এক
৬ ঘণ্টা আগে
ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। এরই মধ্যে ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার অভ্যন্তরে আর্কটিক অঞ্চলে একটি প্রাকৃতিক গ্যাস কারখানায় ড্রোন হামলা চালিয়েছে তারা। ওই হামলার পর কারখানাটিতে আগুন ধরে যায়।
৬ ঘণ্টা আগে
ইউক্রেনের চলতি বছরের প্রতিরক্ষা বাজেটে ২৭ বিলিয়ন ডলারের ঘাটতি তৈরি হয়েছে। ঘাটতি পূরণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, কানাডা ও জাপানের কাছে অতিরিক্ত অর্থ চেয়েছে কিয়েভ। গত মাসে ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভ সফর করা ইউরোপীয় কর্মকর্তাদের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...
৬ ঘণ্টা আগে