Ajker Patrika

ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর নিয়ন্ত্রণে নিল হুতিরা—হুমকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

আজকের পত্রিকা ডেস্ক­
ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর নিয়ন্ত্রণে নিল হুতিরা—হুমকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ
ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখায় হুতিদের হামলায় ক্ষয়ক্ষতির চিত্র।

ইয়েমেনের গুরুত্বপূর্ণ লোহিত সাগরীয় বন্দরনগরী মোখা দখলে নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইয়েমেনের সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। কৌশলগত এই বন্দর দখলের ফলে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে বাব আল-মান্দেব প্রণালির ওপর হুতিদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌ-বাণিজ্য নতুন করে ঝুঁকির মুখে পড়তে পারে।

ইয়েমেন সরকারের চারটি সামরিক সূত্র জানিয়েছে, হুতিরা বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ হানিশ দ্বীপপুঞ্জেও হামলা চালাচ্ছে। ইয়েমেনের সরকারি বাহিনী ও তাদের মিত্ররা লোহিত সাগর উপকূল ধরে দক্ষিণে ধুবাবের দিকে সরে যাচ্ছে। প্রণালির কাছে এবং পারিম দ্বীপের বিপরীতে ধুবাব অবস্থিত। সামরিক সূত্রগুলোর মতে, ধুবাব ও পারিমের নিয়ন্ত্রণ বাব আল-মান্দেবের ওপর প্রভাব বিস্তারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘বাব আল-মান্দেব’ অর্থ ‘অশ্রুর দরজা’। ইয়েমেনের আরব উপদ্বীপ এবং আফ্রিকার জিবুতি ও ইরিত্রিয়ার মধ্যবর্তী এই প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। উপসাগরীয় অঞ্চল থেকে ইউরোপে অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুয়েজ খাল হয়ে ইউরোপে যাওয়া এবং এশিয়ার বিভিন্ন দেশে পণ্য পরিবহনেও এই পথ ব্যবহৃত হয়।

হরমুজ প্রণালিতে চলমান সংঘাতের কারণে নৌ চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরবও জ্বালানি পরিবহনে লোহিত সাগরের এই পথের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে ইয়েমেনে সংঘাত তীব্র হলে বৈশ্বিক তেলবাজারে নতুন করে চাপ তৈরি হতে পারে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ছিল।

এদিকে হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। সৌদি, পাকিস্তানি ও ইরানি সূত্র জানিয়েছে, পাকিস্তান তেহরানকে ইয়েমেনে হুতিদের লাগাম টানার আহ্বান জানিয়েছে। তবে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, ‘ইরান হুতিদের নিয়ন্ত্রণ করে না।’

গাজা যুদ্ধের পর ইরান-সমর্থিত ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-এর অংশ হিসেবে হুতিরা ইসরায়েল ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হয়ে যেতে পারে। তবে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের কয়েকজন শীর্ষ উপদেষ্টা ট্রাম্পকে সতর্ক করেছেন, সংঘাত তাঁর বর্তমান মেয়াদের বাকি সময় পর্যন্তও চলতে পারে।

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার মধ্যে হরমুজ প্রণালিতেও জাহাজ চলাচল ব্যাপকভাবে কমেছে। বুধবার মাত্র সাতটি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে, যা ১০ দিনের গড়ের প্রায় অর্ধেক। ফলে হরমুজ ও বাব আল-মান্দেব—দুই গুরুত্বপূর্ণ নৌপথের অস্থিরতা বিশ্ব জ্বালানি বাজারে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত