নাইন ইলেভেনের ২৫ বছর পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে দীর্ঘ সময় ফ্লাইট স্থগিত, কারণ কী

টেলিযোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে দেশজুড়ে সব উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার বিকেলে জারি করা এই নিষেধাজ্ঞা প্রায় পাঁচ ঘণ্টা পর তুলে নেওয়া হয়। গত ২৫ বছরের মধ্যে এটিই ছিল যুক্তরাষ্ট্রে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য ফ্লাইট স্থগিতের ঘটনা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (নাইন ইলেভেন) সন্ত্রাসী হামলার পর দেশটিতে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ করা হলো।
এফএএ ‘অস্বাভাবিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে’ এই নির্দেশ জারি করেছিল। তবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন বলেন, এটি ‘আরেকটি ৯ / ১১’ নয়। এ ঘটনার সঙ্গে কোনো সাইবার হামলার সংশ্লিষ্টতাও পাওয়া যায়নি।
কেন বন্ধ হয়েছিল ফ্লাইট
শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫৪ মিনিটে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইটের উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয় এফএএ। দেশটির বিভিন্ন অঞ্চলে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী কেন্দ্রগুলোর টেলিযোগাযোগ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, সুইচ ও রাউটার অতিরিক্ত তথ্যের চাপে অকার্যকর হয়ে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে যোগাযোগ বা রাডার ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি।
স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা আবার খুলে দেওয়া হয়। তবে ডাফি সতর্ক করে বলেন, উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে। পাইলট ও কেবিন ক্রুদের উপস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইটগুলো আবার চালু করা হবে।
কত ফ্লাইট ও যাত্রী ক্ষতিগ্রস্ত
বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টার পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো থেকে ১১ হাজারের মতো ফ্লাইট ছাড়ার কথা ছিল। এসব ফ্লাইটে ১৫ লাখের বেশি যাত্রী বহনের পরিকল্পনা ছিল।
সন্ধ্যা ৭টা ৫ মিনিটের মধ্যে অন্তত ৮২৭টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়। এর মধ্যে ৬৭০টি উড্ডয়নের প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে ফিরে যায় এবং ১৫৭টি অন্য বিমানবন্দরে অবতরণ করে। তবে আকাশে থাকা উড়োজাহাজগুলোকে গন্তব্যে পৌঁছানোর অনুমতি দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।
ফ্লাইট ট্র্যাকিং প্রতিষ্ঠান ফ্লাইটরাডার ২৪ জানায়, শুক্রবার ৪ হাজার ৭০০ টির বেশি ফ্লাইট বাতিল এবং ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। শনিবারের সূচিতেও প্রায় ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছিল।
পুরোনো অবকাঠামো নিয়ে উদ্বেগ
বিমান চলাচল সংক্রান্ত নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থার পুরোনো অবকাঠামো এ ধরনের বিপর্যয়ের ঝুঁকি বাড়াচ্ছে।
অস্ট্রেলিয়ার সিভিল অ্যাভিয়েশন সেফটি অথোরিটির সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা টনি স্ট্যানটন আল জাজিরাকে বলেন, গত সেপ্টেম্বরে প্রকাশিত যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিবেদনেও বিমান চলাচল অবকাঠামোর দুর্বলতার বিষয়টি উঠে এসেছিল।
যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সর্বোচ্চ জবাবদিহি দপ্তরের (গভর্নমেন্ট অ্যাকাউন্টিবিলিটি অফিস বা জিএও) ওই প্রতিবেদনে ১৯৬০-এর দশকের পুরোনো তামার তারের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি আধুনিকায়নে বিলম্ব হলে আরও বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, এফএএ পরিবর্তন আনার চেষ্টা করলেও দ্রুত কাজ শেষ করার তাগিদে বিভিন্ন প্রযুক্তিগত পরিবর্তনের সময়সূচি যথাযথভাবে সমন্বয় করা হচ্ছে না। ফলে একসঙ্গে একাধিক সুইচ পরিবর্তনের সময় ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।
এফএএ কর্মকর্তারাও স্বীকার করেছেন, নতুন প্রযুক্তি যুক্ত করার সময় পুরোনো অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ পড়ে। এর ফলে যোগাযোগ ও রাডার ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটে।
আবারও কি এমন পরিস্থিতি হতে পারে
বিশেষজ্ঞদের আশঙ্কা, পুরোনো অবকাঠামো পুরোপুরি আধুনিকায়ন না হওয়া পর্যন্ত এ ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের ঝুঁকি থেকেই যাবে।
পরিবহনমন্ত্রী ডাফি বলেন, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় এখনো পুরোনো সুইচ, রাউটার এবং ১৯৮০-এর দশকের তামার তার ব্যবহার করা হচ্ছে। এ ব্যবস্থা অতিরিক্ত চাপের মুখে পড়ে অকার্যকর হয়ে যায়। তিনি দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজনীয়তার কথাও বলেছেন।
অস্ট্রেলিয়ার সিভিল অ্যাভিয়েশন সেফটি অথোরিটির সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা টনি স্ট্যানটন বলেন, সেপ্টেম্বরে সরকারি প্রতিবেদনে ঝুঁকির কথা উল্লেখ থাকার পরও কর্মকর্তারা কেন এ ধরনের বিপর্যয়ের আশঙ্কা করেননি, তা বিস্ময়কর। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে এফএএর আরও কার্যকর পরিকল্পনা থাকা প্রয়োজন।
কবে স্বাভাবিক হবে ফ্লাইট চলাচল
হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মুলিন জানান, ফ্লাইট বন্ধের নির্দেশের পর প্রায় ৩ হাজার উড়োজাহাজ নিরাপদে অবতরণ করেছে। তবে পরিবহনমন্ত্রী ডাফি বলেন, ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
বিমান চলাচল বিশেষজ্ঞ টড কার্টিসের মতে, প্রযুক্তিগত সমস্যা পুরোপুরি সমাধান হলেও উড়োজাহাজ ও যাত্রীদের নতুন করে সময়সূচিতে আনতে এক দিনের বেশি সময় লাগতে পারে। কারণ অনেক বিমান সংস্থা বিভিন্ন শহরের সংযোগকারী বিমানবন্দরের ওপর নির্ভর করে তাদের ফ্লাইট পরিচালনা করে।
এদিকে আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ছুটির মৌসুম শুরু হবে। সাধারণত এ সময় দেশটিতে বিমান ভ্রমণের চাপ অনেক বেড়ে যায়। ডাফি আশা করছেন, ওই ব্যস্ত সময়ের আগেই ফ্লাইট চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরবে। তিনি যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে সরাসরি সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।
তথ্যসূত্র: আল জাজিরা











