Ajker Patrika

মাত্র ৫০ ডলারে ফুটবল বিশ্বকাপের টিকিট দিচ্ছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী

আজকের পত্রিকা ডেস্ক­
মাত্র ৫০ ডলারে ফুটবল বিশ্বকাপের টিকিট দিচ্ছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী
অতিরিক্ত দামে টিকিট বিক্রির সমালোচনা করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ফুটবল উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই নিউইয়র্কের সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এলেন সিটি মেয়র জোহরান মামদানী। ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে নিউইয়র্কের পাঁচটি বরোর বাসিন্দাদের জন্য মাত্র ৫০ ডলারে বিশেষ ক্যাটাগরির টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মেয়রের কার্যালয় সূত্রের খবর, এই বিশেষ টিকিটগুলো লটারির মাধ্যমে সাধারণ নাগরিকদের মাঝে বিতরণ করা হবে। ফাইনাল ম্যাচ ছাড়া নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিটি ম্যাচের জন্যই এই টিকিটগুলো প্রযোজ্য হবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, ৫০ ডলারের এই টিকিটের সঙ্গে স্টেডিয়ামে যাওয়া-আসার জন্য সম্পূর্ণ বিনা মূল্যে বাস যাতায়াত সুবিধাও অন্তর্ভুক্ত থাকছে।

এই বিশেষ উদ্যোগের আওতায় মেয়রের কার্যালয় সর্বমোট ১ হাজারটি টিকিট বরাদ্দ করেছে। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ৭টি ম্যাচের প্রতিটির জন্য প্রায় ১৫০টি করে টিকিট দেওয়া হবে। ৮২ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই বিশাল স্টেডিয়ামের ‘আপার বোল’ (গ্যালারির ওপরের অংশ) এলাকায় লটারি বিজয়ীদের আসনগুলো নির্ধারণ করা হয়েছে।

যেসব ম্যাচের জন্য এই টিকিটগুলো প্রযোজ্য হবে, সেগুলোর মধ্যে রয়েছে ৫টি গ্রুপ পর্বের ম্যাচ:

১৩ জুন: ব্রাজিল বনাম মরক্কো

১৬ জুন: ফ্রান্স বনাম সেনেগাল

২২ জুন: নরওয়ে বনাম সেনেগাল

২৫ জুন: ইকুয়েডর বনাম জার্মানি

২৭ জুন: পানামা বনাম ইংল্যান্ড

এ ছাড়া ৩০ জুনের দ্বিতীয় রাউন্ডের (রাউন্ড ৩২) একটি ম্যাচ এবং ৫ জুলাইয়ের প্রি-কোয়ার্টার ফাইনালের (রাউন্ড ১৬) একটি ম্যাচের টিকিটও এই লটারিতে থাকবে।

গত বৃহস্পতিবার ম্যানহাটনের হার্লেম এলাকার অত্যন্ত প্রাণবন্ত ‘লিটল সেনেগাল’ পাড়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র জোহরান মামদানী এই ঐতিহাসিক পরিকল্পনাটি উন্মোচন করেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন মার্কিন জাতীয় ফুটবল দলের দুই তারকা ফুটবলার ও নিউইয়র্কের স্থানীয় বাসিন্দা টিম উইয়াহ এবং মার্ক ম্যাকেঞ্জি।

আয়োজক শহরগুলোর মধ্যে নিউইয়র্কই একমাত্র শহর, যা নিজেদের নাগরিকদের জন্য এমন অভাবনীয় ও বিশেষ সুলভ মূল্যের টিকিটের ব্যবস্থা করেছে। এর আগে কেবল ২০২২ কাতার বিশ্বকাপে স্বাগতিক দেশের নাগরিকদের জন্য কম মূল্যে টিকিট কেনার বিশেষ সুযোগ রাখা হয়েছিল।

লটারির মাধ্যমে টিকিট বিতরণের এই প্রক্রিয়াটি শুরু হবে আগামী ২৫ মে সকাল ১০টা থেকে (আমেরিকার ইস্টার্ন টাইম) এবং আবেদন নেওয়া শেষ হবে ৩০ মে বিকেল ৫টায়। দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার জন এই লটারিতে আবেদন করতে পারবেন। লটারিতে বিজয়ীরা প্রত্যেকে সর্বোচ্চ দুটি করে টিকিট কেনার সুযোগ পাবেন। টিকিটগুলো সম্পূর্ণ হস্তান্তর অযোগ্য এবং জালিয়াতি রুখতে ম্যাচের দিন সরাসরি স্টেডিয়ামে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে।

মেয়রের কার্যালয় এবং নিউইয়র্ক/নিউজার্সি বিশ্বকাপ আয়োজক কমিটির যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মসূচিটি হাতে নেওয়া হয়েছে। এর সঙ্গে ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার কোনো সম্পর্ক নেই। টিকিট বিক্রিতে অতিরিক্ত মুনাফা লাভ ও বিতর্কিত ‘ডায়নামিক প্রাইসিং’ (চাহিদা অনুযায়ী টিকিটের দাম নির্ধারণ) নীতির কারণে ফিফা ইতিমধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

উল্লেখ্য, এবার বিশ্বকাপের শুরু থেকেই টিকিটের অগ্নিমূল্য এবং যাতায়াত খরচ দর্শকদের জন্য মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউইয়র্ক থেকে মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতের স্বাভাবিক ট্রেনের রাউন্ড-ট্রিট টিকিট যেখানে মাত্র ১৩ ডলার, সেখানে নিউজার্সি ট্রানজিট কর্তৃপক্ষ শুরুতে এর বিশেষ ভাড়া নির্ধারণ করেছিল ১৫০ ডলার! পরবর্তীতে তীব্র জনরোষের মুখে তা কমিয়ে ১০৫ ডলার করা হয়। অন্যদিকে সাধারণ বাসের ওয়ান-ওয়ে ভাড়াই ধরা হয়েছে ৮০ ডলারের কাছাকাছি। এমন পরিস্থিতিতে যাতায়াত সুবিধাসহ মাত্র ৫০ ডলারে টিকিট পাওয়ার এই সুযোগ সাধারণ মানুষের জন্য এক বিশাল স্বস্তি।

ফিফা অবশ্য সমালোচনার জবাবে মাত্র ১ দশমিক ৬ শতাংশ টিকিট ৬০ ডলার মূল্যে ছাড়ার ঘোষণা দিয়েছিল, তবে ‘ডায়নামিক প্রাইসিং’-এর মারপ্যাঁচে সাধারণ টিকিটগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

অফিশিয়াল চ্যানেলগুলোর মাধ্যমে বিক্রি হবে এমন টিকিটগুলোর দাম, ম্যাচের পর্যায় অনুসারে বিভিন্ন ক্যাটাগরি এবং টায়ারে ভাগ করেছে ফিফা। যেমন:

গ্রুপ পর্ব: অফিশিয়াল বেসলাইন প্রাইস সাধারণত (সাপোর্টার এন্ট্রি) ৬০ ডলার থেকে শুরু করে উচ্চতর ক্যাটাগরির আসনের জন্য প্রায় ৩০০-৪০০ ডলার পর্যন্ত।

নকআউট পর্ব: স্ট্যান্ডার্ড টিকিটের দাম সাধারণত ১০০ ডলার থেকে শুরু হয়ে ১০০০ ডলারের বেশি পর্যন্ত হবে।

ফাইনাল: নিউজার্সিতে অনুষ্ঠেয় ফাইনালের বেস প্রাইস ১ হাজার ডলার থেকে শুরু হয়ে ৪ হাজার ডলার বা তার বেশি পর্যন্ত হতে পারে।

নিজে একজন কড়া ফুটবলপ্রেমী এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে মেয়র নির্বাচিত হওয়া জোহরান মামদানী ফিফার অতি-মুনাফাভিত্তিক নীতির কড়া সমালোচনা করেছে

তিনি বলেন, ‘যারা এই খেলাটাকে মনে-প্রাণে ভালোবাসেন, তাঁদের গ্যালারিতে বসে খেলা দেখার কোনো সুযোগই রাখেনি ফিফা। এটি স্টেডিয়ামের আসল ফুটবলীয় আমেজ ও পরিবেশকে নষ্ট করবে। কারণ প্রায়শই দেখা যায় আসল সমর্থকে টিকিট পান না, বরং অধিক মুনাফালোভী কালোবাজারিরাই চড়া দামে বিক্রির উদ্দেশ্যে টিকিটগুলো আগে হাতিয়ে নেয়। আমরা ফুটবলের এই বিশ্বজনীন উৎসবকে সর্বস্তরের মানুষের উৎসবে পরিণত করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত