মেক্সিকোর আপত্তিতে নিউইয়র্কের নিলাম থেকে সরানো হলো ফ্রিদা কাহলোর চিত্রকর্ম

মেক্সিকোর কর্তৃপক্ষের অনুরোধে নিউইয়র্কের নিলাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে বিশ্বখ্যাত চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর একটি চিত্রকর্ম। চিত্রকর্মটির মালিকানা ও উৎসসংক্রান্ত (প্রোভেন্যান্স) তথ্য যাচাইয়ের জন্য নিলাম স্থগিত রাখার অনুরোধ জানায় মেক্সিকো সরকার।
শুক্রবার (২০ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, ‘কংগ্রেসো দে লস পুয়েবলোস পোর লা পাজ’ বা ‘শান্তির জন্য জনগণের কংগ্রেস’ শিরোনামের চিত্রকর্মটি গত ১৭ নভেম্বর ক্রিস্টিজ নিলাম প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির কথা ছিল। এতে ফলভর্তি একটি গাছের ডালে বসে থাকা সাদা কবুতর, হাস্যোজ্জ্বল সূর্য ও চাঁদ এবং তরমুজের দুটি টুকরো দেখা যায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ক্রিস্টিজের এক মুখপাত্র জানান, বিক্রেতার সঙ্গে আলোচনা করে চিত্রকর্মটি আপাতত নিলাম থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আরও গবেষণা ও যাচাই-বাছাই শেষে ভবিষ্যতে এটি আবার নিলামে তোলার পরিকল্পনা রয়েছে।
মেক্সিকোর আইন অনুযায়ী, ফ্রিদা কাহলোর শিল্পকর্মগুলো দেশটির জাতীয় শৈল্পিক ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত এবং সুরক্ষিত। ১৯৮৪ সালের এক সরকারি আদেশে ফ্রিদার শিল্পকর্মকে ‘শৈল্পিক স্মৃতিস্তম্ভ’ ঘোষণা করা হয়। ওই আদেশ জারির সময় যেসব শিল্পকর্ম মেক্সিকোতে ছিল, সেগুলো স্থায়ীভাবে দেশের বাইরে নেওয়া নিষিদ্ধ।
মেক্সিকোর কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা ব্যাংক অব মেক্সিকোর পরিচালনাধীন দিয়েগো রিভেরা ও ফ্রিদা কাহলো মিউজিয়ামস ট্রাস্টের সঙ্গে কাজ করছে। উল্লেখ্য, ২০২০ সালে একই চিত্রকর্মটি সোথবি’স নিলামে বিক্রি হয়েছিল। তখন কোনো আপত্তি ওঠেনি।
১৯৫২ সালের অক্টোবরে ছবিটি এঁকেছিলেন ফ্রিদা। ওই বছর ভিয়েনায় অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের শান্তি সম্মেলনে তিনি এটি উপহার দিয়েছিলেন। সে সময় শারীরিকভাবে গুরুতর অসুস্থ থাকায় স্বামী ও চিত্রশিল্পী দিয়েগো রিভেরার মাধ্যমে ছবিটি সম্মেলনে পাঠান তিনি। এর দুই বছর পর মেক্সিকো সিটিতে মারা যান ফ্রিদা।

রিভেরার শেষ স্ত্রী এমা হুরতাদোর স্মৃতিকথায় ভিয়েনা সফরের এই ঘটনার উল্লেখ রয়েছে। ইতিহাসবিদ রাকেল তিবোলও বিষয়টি নিয়ে লিখেছেন।
গত বছর ১৯৪০ সালে আঁকা ফ্রিদার আত্মপ্রতিকৃতি ‘এল সুয়েনো (লা কামা) ’ বা ‘দ্য ড্রিম (দ্য বেড) ’ ৫ কোটি ৪৭ লাখ ডলারে (প্রায় ৬৮০ কোটি টাকা) বিক্রি হয়। কোনো নারী শিল্পীর শিল্পকর্মের জন্য নিলামের ইতিহাসে এটিই সর্বোচ্চ মূল্য।









