Ajker Patrika

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে বাল্যবিবাহ নিষিদ্ধের বিল আটকে দিল রিপাবলিকানরা

আজকের পত্রিকা ডেস্ক­
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে বাল্যবিবাহ নিষিদ্ধের বিল আটকে দিল রিপাবলিকানরা
ওহাইও অঙ্গরাজ্যে বাল্যবিবাহের পক্ষে অবস্থান নিয়েছেন অধিকাংশ রিপাবলিকান। ছবি: সংগৃহীত

মানবাধিকার ও শিশু অধিকার সংগঠনগুলোর তীব্র বিরোধিতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে বাল্যবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ করার একটি দ্বিদলীয় (বাইপার্টিজান) বিল প্রত্যাখ্যান করেছেন রিপাবলিকান আইনপ্রণেতারা।

গত বুধবার (১৮ নভেম্বর) ওহাইও স্টেট সিনেটের রিপাবলিকান সদস্যদের এক রুদ্ধদ্বার বৈঠকের পর বর্তমান আইনটি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রচলিত আইন অনুযায়ী, ওহাইওতে বিশেষ শর্তসাপেক্ষে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের বিয়ের অনুমতি রয়েছে।

প্রচলিত আইনের সমর্থকদের দাবি, শিশুদের শোষণ বা নির্যাতন রোধে বর্তমান আইনে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা রয়েছে। তবে বিরোধীদের মতে, এই আইনের ফাঁকফোকর ব্যবহার করে শিশু পাচার এবং রক্ষণশীল ধর্মীয় পরিবারগুলোতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দিতে বাধ্য করা হয়।

বিয়ের ন্যূনতম বয়স কোনো শর্ত ছাড়াই ১৮ বছর করার লক্ষ্যে ‘সিনেট বিল ৩৪১’ উত্থাপনকারীদের একজন ছিলেন রিপাবলিকান স্টেট সিনেটর বিল ব্লেসিং। বৈঠকের পর হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘ককাস (দলীয় পরিষদ) মনে করেছে বর্তমান আইনই যথেষ্ট। আগামী সাধারণ পরিষদে (জেনারেল অ্যাসেম্বলি) আমি আবারও চেষ্টা করব, তবে নিঃসন্দেহে আমি হতাশ।’

বিলটির সহ-উদ্যোক্তা ডেমোক্র্যাট স্টেট সিনেটর বিল ডেমোরা-র দপ্তর থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করা হয়। বিবৃতিতে বলা হয়, সংখ্যাগরিষ্ঠ ককাসের কয়েকজন সদস্য অপ্রাপ্তবয়স্ক মেয়েদের জোরপূর্বক বিয়ে থেকে রক্ষা করার বিলটি আটকে দিয়েছেন, যা অত্যন্ত হতাশাজনক। রিপাবলিকান ককাসের দ্বিচারিতার কোনো সীমা নেই।

চলতি বছরের ‘লেম ডাক’ (মেয়াদের শেষ সময়) অধিবেশনে বিলটি পাস না হলে আগামী বছর নতুন অধিবেশনের শুরুতেই তা পুনরায় উত্থাপন করা হবে বলে জানিয়েছেন সিনেটর ডেমোরা এবং সিনেটর ব্লেসিং।

অন্যদিকে, ওহাইও হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্র্যাট সহ-উদ্যোক্তা অ্যালিসন রুসো বলেন, কেন বিলটি পাস হচ্ছে না তা এক রহস্য, কারণ কেউ প্রকাশ্যে এর বিরোধিতা করার কারণও জানাচ্ছেন না। সিনেটে অনুষ্ঠিত পাঁচটি শুনানিতে সাধারণ জনগণের কেউ বিলটির বিপক্ষে সাক্ষ্য দেননি। কিছু রিপাবলিকান সিনেটর অ্যামিশ ও মেনোনাইট ধর্মীয় সম্প্রদায়ের রীতির কথা উল্লেখ করলেও, ওই সম্প্রদায়গুলো যে বিয়ের বয়স ১৮ করার বিরোধিতা করেছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বাল্যবিবাহ রোধে কাজ করা জাতীয় অলাভজনক সংস্থা ‘আনচেইনড অ্যাট লাস্ট’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফ্রেইডি রিস রিপাবলিকানদের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ওহাইও সেনেটের রিপাবলিকানরা কি প্রকাশ্যে এটা বলতে লজ্জাবোধ করছেন না যে, ১৭ বছর বয়সীদের মানবাধিকার লঙ্ঘনের মুখে ঠেলে দেওয়া বর্তমান আইনটি যথেষ্ট?’

তিনি আরও যোগ করেন, ‘আমরা এই বিষয়ে হাল ছাড়ছি না। কোনো ব্যতিক্রম ছাড়াই বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর করার দাবিতে আমরা নিরলসভাবে চাপ অব্যাহত রাখব।’

গত সপ্তাহে ওহাইও স্টেটহাউসের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাল্যবিবাহের শিকার একাধিক নারী তাঁদের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। স্টেফানি লোরি নামে এক ভুক্তভোগী জানান, ১৪ বছর বয়সে বাবার মৃত্যুর পর ১৬ বছর বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে ১৯ বছর বয়সী এক তরুণকে বিয়ে করতে বাধ্য করা হয়। বিয়ের পর শারীরিক নির্যাতনের শিকার হয়ে ১৭ বছর বয়সে তিনি সন্তানসহ গৃহহীন হয়ে পড়েন। কিন্তু প্রাপ্তবয়স্ক না হওয়ায় ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তিনি কোনো আশ্রয়কেন্দ্রে যেতে পারেননি, এমনকি বিবাহবিচ্ছেদের মামলাও করতে পারেননি।

লোরি বলেন, ‘প্রাপ্তবয়স্কের অধিকার না দিয়ে একজন শিশুর কাঁধে প্রাপ্তবয়স্কের দায়ভার চাপিয়ে দেওয়া কোনো স্বাধীনতা নয়, এটি একটি ফাঁদ।’

আরেক ভুক্তভোগী স্টেফানি লেন জানান, ১৬ বছর বয়সে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে বিয়ে করার পর তিনি দুই দশকেরও বেশি সময় ধরে শারীরিক, মানসিক ও আর্থিক নির্যাতনের শিকার হয়েছেন।

২০১৯ সালে সংশোধিত ওহাইওর বর্তমান আইন অনুযায়ী, কোনো ১৭ বছর বয়সী কিশোর বা কিশোরী তার চেয়ে সর্বোচ্চ চার বছরের বড় কাউকে বিয়ে করতে পারে—তবে সেক্ষেত্রে বিয়ের লাইসেন্সের জন্য আবেদনের পর ১৪ দিন অপেক্ষা করতে হবে এবং কিশোর আদালতের অনুমোদন নিতে হবে। ২০১৯ সালের আগে, মেয়ে অন্তঃসত্ত্বা হলে এবং আদালত ও বাবা-মায়ের সম্মতি থাকলে যেকোনো বয়সের শিশুর বিয়ের বৈধতা ছিল।

ওহাইও স্বাস্থ্য দপ্তরের তথ্যের বরাতে ‘আনচেইনড অ্যাট লাস্ট’ জানিয়েছে, ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে অঙ্গরাজ্যটিতে ৫ হাজারের বেশি অপ্রাপ্তবয়স্ক শিশুর বিয়ে হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর ওকলাহোমা এবং ক্যালিফোর্নিয়া আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ নিষিদ্ধ করার পর যুক্তরাষ্ট্রের মোট ১৮টি অঙ্গরাজ্যে এখন কোনো ব্যতিক্রম ছাড়াই বাল্যবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ। চলতি বছরের শেষ নাগাদ ওহাইওর বিলটি পাস না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত