নিউইয়র্কে ভবনধসে নিহত ২, আহত ১৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনতলা একটি ভবনধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৭ জনেরও বেশি।
নগর কর্তৃপক্ষের বরাতে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বুধবার বিকেল চারটার দিকে শহরের ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় এ ভবনধসের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধার অভিযান চালাচ্ছেন দমকলকর্মীরা।
১৯৩০ সালে নির্মিত চার ইউনিটের মিশ্র ব্যবহারযোগ্য ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থানে গিয়ে পড়ে। ওই সময় সেখানে মাটি খননের কাজ চলছিল। ভবনটির ভেতরে কতজন বাসিন্দা ছিলেন এবং নির্মাণস্থলে কতজন শ্রমিক কাজ করছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিউইয়র্কের দমকল বিভাগের প্রধান জন এসপোসিতো বলেন, ভবনধসের খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। কাছাকাছি এলাকায় অন্য একটি জরুরি পরিস্থিতিতে কাজ শেষ করে ফিরছিলেন দমকলকর্মীদের একটি দল। জরুরি সহায়তা চেয়ে ফোনকল পাওয়ার এক মিনিটের মধ্যেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছান এবং ধ্বংসস্তূপ থেকে প্রথম কয়েকজনকে উদ্ধার করেন।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, এ ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দমকল বিভাগের কমিশনার লিলিয়ান বোনসিনিয়ো জানান, এখন পর্যন্ত মোট ১৯ জনের হতাহতের তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে সাতজন শিশু। তবে নিহত দুজন শিশু নাকি প্রাপ্তবয়স্ক, সে বিষয়ে তিনি কিছু জানাননি। এ ছাড়া একজন দমকলকর্মী সামান্য আহত হয়েছেন।
ধ্বংসস্তূপ থেকে অন্তত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন।
স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউএবিসি-টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনধসের প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা পর তাঁদের উদ্ধার করা হয়।
উদ্ধারকাজে দমকলকর্মীদের পাশাপাশি পুলিশ ও জরুরি চিকিৎসাসেবার কর্মীরাও অংশ নিচ্ছেন। প্রশিক্ষিত কুকুর দিয়ে ধ্বংসস্তূপে তল্লাশি চালানো হচ্ছে। ধ্বংসাবশেষ সরাতে ব্যবহার করা হচ্ছে বালতি। ধ্বংসস্তূপের নিচে ফাঁকা জায়গায় কেউ আটকে আছেন কি না, তা শনাক্ত করতে ড্রোনও মোতায়েন করেছে দমকল বিভাগ।
জন এসপোসিতো বলেন, সম্ভাব্য সব নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুরো এলাকা তল্লাশি করতে উদ্ধারকারী দলগুলোর কয়েক দিন সময় লাগতে পারে। কতজন নিখোঁজ রয়েছেন, তা এখনো জানা যায়নি।
দমকল বিভাগের কমিশনার লিলিয়ান বোনসিনিয়ো বলেন, উদ্ধারকর্মীদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে। ধ্বংসস্তূপের স্তূপ দ্রুত সরাতে গিয়ে সেগুলো নড়ে উঠলে ভয়াবহ পরিণতি হতে পারে।
ভবনধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় স্থানীয় ফ্ল্যাটবুশ ওয়াইএমসিএতে একটি সহায়তা কেন্দ্র স্থাপন করেছে নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ। মেয়র মামদানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উদ্ধারকাজের অগ্রগতি জানিয়ে লোকজনকে ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন।
কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে নির্মাণাধীন স্থানে মাটি খননের কাজ চলার সময় ভবনটি ধসে পড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।









