Ajker Patrika

ট্রাম্পের পুত্রের বিবাহ পরবর্তী অনুষ্ঠান আয়োজনে অর্থ দিয়েছিলেন ক্রেমলিন–ঘনিষ্ঠ রুশ ব্যবসায়ী

আজকের পত্রিকা ডেস্ক­
ট্রাম্পের পুত্রের বিবাহ পরবর্তী অনুষ্ঠান আয়োজনে অর্থ দিয়েছিলেন ক্রেমলিন–ঘনিষ্ঠ রুশ ব্যবসায়ী
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও তাঁর স্ত্রী বেটিনা ট্রাম্প। ছবি: এএফপি

ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক থাকা এক রুশ ব্যবসায়ী এ বছর বাহামাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিবাহ পরবর্তী পার্টির খরচ মেটাতে কয়েক লাখ ডলার দিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছেন।

বিদেশি প্রভাব এড়াতে সাধারণত যেকোনো প্রেসিডেন্টের পরিবারকে এ ধরনের ব্যক্তিগত ও ব্যয়বহুল উপহার গ্রহণ থেকে দূরে থাকার প্রত্যাশা করা হয়। বিশেষ করে রাশিয়ার মতো একটি দেশ থেকে এমন উপহার গ্রহণ নিয়ে উদ্বেগ আরও বেশি। রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী এবং দেশটি গোপনে নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার জন্য প্রভাব বিস্তারের চেষ্টা করে থাকে। নীতিশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, আশঙ্কা থাকে যে কোনো বিদেশি ব্যক্তি প্রথমে প্রেসিডেন্টের পরিবারের সদস্যকে দামি উপহার দিয়ে প্রভাবিত করতে পারেন এবং পরে তার বিনিময়ে কোনো সুবিধা চাইতে পারেন।

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের (আইবিএ) প্রেসিডেন্ট উমার ক্রেমলেভের কাছ থেকে এসব উপহার গ্রহণ করেন। এর আগে প্রোপাবলিকা নামের একটি সংবাদমাধ্যম জানিয়েছিল, উপহারের মধ্যে ছিল একটি ব্যক্তিগত দ্বীপ ভাড়া নেওয়া এবং আতশবাজির প্রদর্শনীর খরচ।

বিয়ের পরের পার্টিতে ক্রেমলেভকে আলাদা করে চোখে পড়ার মতো মনে হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত একজনের ভাষ্য, ট্রাম্পের কয়েকজন অতিথি জানতে চেয়েছিলেন, তিনি কে এবং সেখানে কেন এসেছেন। ক্রেমলেভের দেওয়া অর্থের বিষয়ে প্রোপাবলিকা প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প জুনিয়র ও তাঁর নতুন স্ত্রী বেটিনা ট্রাম্প ইনস্টাগ্রামে এক বিবৃতি দেন এবং সেখানে উপহারের বিষয়টি স্বীকার করেন।

তাঁরা বলেন, দ্বীপে যাওয়ার বিষয়টি ছিল বন্ধুদের সঙ্গে ‘আগেই পরিকল্পনা করা একটি সপ্তাহান্তের আয়োজন’, এটি তাদের বিয়ের অনুষ্ঠান ছিল না। তবে কয়েকজন নীতিশাস্ত্র বিশেষজ্ঞ বলেন, এই পার্থক্যের কোনো গুরুত্ব নেই। তারা ক্রেমলেভের সঙ্গে নিজেদের সম্পর্ককেও শুধুই বন্ধুত্ব হিসেবে তুলে ধরেন। ক্রেমলেভ তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

বিবৃতিতে ট্রাম্প জুনিয়র ও বেটিনা ট্রাম্প বলেন, ‘আমাদের প্রিয় বন্ধু উমার আমাদের বিয়ের পর আমাদের জন্য অত্যন্ত উদারভাবে দুই রাতের দুটি অসাধারণ উদযাপনের আয়োজন করেছিলেন। এটি ছিল একজন বন্ধুর পক্ষ থেকে অসাধারণ উদারতার বিয়ের উপহার, যার জন্য আমরা তখনও এবং এখনো অত্যন্ত কৃতজ্ঞ।’

তাঁরা আরও বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক যে এত ব্যক্তিগত ও আনন্দের একটি বিষয়কে শুধু কোনো ব্যক্তি কে বা তিনি কোথা থেকে এসেছেন, সেই কারণে রাজনৈতিক বা অশুভ কিছু হিসেবে তুলে ধরা হচ্ছে। বন্ধুত্বের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকা বাধ্যতামূলক নয়। উদারতার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে কোনো গোপন এজেন্ডা যুক্ত থাকে না। আর কখনো কখনো বিয়ের উপহার শুধুই বিয়ের উপহার।’

তাদের বিবৃতিতে অবশ্য বলা হয়নি, ৪৮ বছর বয়সী ট্রাম্প জুনিয়র নিজে কেন দ্বীপে থাকার খরচ এবং আতশবাজির প্রদর্শনীর খরচ দেননি। ফোর্বস সম্প্রতি তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৩০ কোটি ডলার বলে অনুমান করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ছেলের বিয়ে বা বিয়ের পরের পার্টিতে উপস্থিত ছিলেন না। তখন তিনি বলেছিলেন, তাঁর ছেলে তাঁকে যেতে ‘বলবে, কিন্তু এটি হবে খুব ছোট, একেবারে ব্যক্তিগত একটি আয়োজন।’ সোমবার প্রেসিডেন্ট জানতেন কি না যে ক্রেমলেভ বিয়ের পরের পার্টির খরচে অর্থ দিয়েছেন, এ বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউস নিউইয়র্ক টাইমসকে প্রেসিডেন্টের একটি বিবৃতি দেয়।

সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘উমার কে, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তার কথা কখনো শুনিনি। আর সে ডন ও বেটিনার বিয়ের খরচ দেয়নি। তাদের বিয়ে হয়েছিল সম্পূর্ণ ভিন্ন একটি জায়গায় এবং ভিন্ন দিনে।’ প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটি তাদের সম্মানে দেওয়া একটি বিবাহ পরবর্তী পার্টি ছিল। বড় কোনো বিষয় নয়!’

বিয়েতে উপস্থিত ট্রাম্প জুনিয়রের ভাই এরিক ট্রাম্পের এক মুখপাত্র বলেন, ‘এরিকের একেবারেই কোনো ধারণা নেই এই ব্যক্তি কে।’

ট্রাম্প জুনিয়র ও তাঁর স্ত্রী বেটিনা কীভাবে ক্রেমলেভের সঙ্গে পরিচিত হন এবং পরে কীভাবে তাদের মধ্যে এত ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়, তা স্পষ্ট নয়। আন্তর্জাতিকভাবে বিস্তৃত ব্যবসায়িক কার্যক্রম থাকা ট্রাম্পের এক মুখপাত্র বলেন, তাদের দুজনের মধ্যে কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, এক অভিন্ন বন্ধুর মাধ্যমে দুই পুরুষের পরিচয় হয়। পরে বক্সিং ও শিকারের প্রতি তাদের দুজনেরই আগ্রহের কারণে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

ক্রেমলেভের বক্সিং অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে এই খেলাটির নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করছে। বিভিন্ন কেলেঙ্কারি এবং রুশ সরকারের সহায়তার ওপর নির্ভরশীলতার কারণে কয়েক বছর ধরে সংস্থাটি নানা ধরনের সমালোচনার মুখে রয়েছে। সংস্থাটিকে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রাকৃতিক গ্যাস কোম্পানি গ্যাজপ্রমও সমর্থন করে। ক্রেমলেভের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি সম্পর্কও রয়েছে। এপ্রিলে পুতিন ক্রেমলেভকে রাশিয়ার উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় পুরস্কার ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ দেন। আর মে মাসে ট্রাম্পের বিয়ের মাত্র কয়েক দিন আগে চীনে পুতিন ও ক্রেমলেভকে একসঙ্গে দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত