
মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ কয়েক দশকের স্বেচ্ছামূলক সামরিক নিবন্ধনের প্রথা শেষ হতে চলেছে। আগামী ডিসেম্বর থেকেই ১৮ থেকে ২৫ বছর বয়সী মার্কিন তরুণদের নাম সামরিক নিবন্ধন বা ‘ড্রাফট’-এর জন্য স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির অবনতি এবং সম্ভাব্য সংকটের মুখে এমন পদক্ষেপ দেশটিতে নতুন করে বাধ্যতামূলক সামরিক চাকরির আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা সিলেক্টিভ সার্ভিস সিস্টেম (এসএসএস) এই নতুন নিয়মের প্রস্তাব করেছে। এর ফলে ১৮ বছর পূর্ণ হওয়া তরুণদের আর নিজে থেকে নিবন্ধন করতে হবে না; বরং ফেডারেল ডাটাবেজ ব্যবহার করে তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছর তরুণদের নিবন্ধন করার কথা মনে করিয়ে দিতে যে লাখ লাখ ডলার খরচ হয়, এই ব্যবস্থার ফলে তা সাশ্রয় হবে।
ডেমোক্রেটিক প্রতিনিধি ক্রিসি হাউলাহানের মতে, এই অর্থ প্রচারের পরিবর্তে সামরিক প্রস্তুতি এবং গতিশীলতা বৃদ্ধিতে ব্যয় করা সম্ভব হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ২৫ বছর বয়সী পুরুষদের জন্য এই নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন না করা একটি ফেডারেল অপরাধ, যার সাজা ৫ বছরের জেল। যদিও জেল হওয়ার ঘটনা বিরল, তবে নিবন্ধন না করলে সরকারি শিক্ষাঋণ, ফেডারেল চাকরি এবং অ-নাগরিকদের ক্ষেত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে। সরকারি তথ্যমতে, ২০২৪ সালে নিবন্ধনের হার কমে ৮১ শতাংশে দাঁড়িয়েছে।
ভিয়েতনাম যুদ্ধের পর ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রে বাধ্যতামূলক সামরিক ড্রাফট বন্ধ করা হয়েছিল। তবে বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় অনেক মার্কিন নাগরিক আশঙ্কা করছেন যে, সরকার আবারও বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আইন ফিরিয়ে আনছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আপাতত ড্রাফটের কোনো পরিকল্পনা নেই, তবে প্রেসিডেন্ট নিরাপত্তার স্বার্থে সব পথ খোলা রাখছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত ৬ বার যুদ্ধকালীন ড্রাফট কার্যকর করা হয়েছে। ভিয়েতনাম যুদ্ধের সময় প্রায় ১৮ লাখ মার্কিনকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নেওয়া হয়েছিল, যা দেশজুড়ে ব্যাপক গণবিক্ষোভের জন্ম দেয়। ১৯৮০ সালে জিমি কার্টার এই নিবন্ধন পুনরায় চালু করলেও তা এত দিন ছিল ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভরশীল।
নতুন এই নিয়মটি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যদি এটি অনুমোদিত হয়, তবে আগামী ডিসেম্বর থেকেই মার্কিন তরুণদের প্রতিরক্ষা তালিকায় নাম ওঠা নিশ্চিত হয়ে যাবে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত মঙ্গলবার একটি ঐতিহাসিক দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হলেও বিশ্বের প্রধান জ্বালানি ধমনি ‘হরমুজ প্রণালি’ এখনো আষ্টেপৃষ্ঠে অবরুদ্ধ। যুদ্ধবিরতির ঘোষণায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক হওয়ার যে ক্ষীণ আশা দেখা গিয়েছিল...
৩ ঘণ্টা আগে
জেফরি এপস্টেইনের সঙ্গে কোনো ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এপস্টেইনই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিয়েছিলেন—অনলাইনে ছড়িয়ে পড়া এমন গুজবও অস্বীকার করেছেন তিনি। একে তাঁর ‘সুনাম ক্ষুণ্ণ করার বিদ্বেষপূর্ণ চেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন মেলানিয়া।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা তদারকি সংস্থা সিএফআইইউএস-এর এক নজিরবিহীন ও রহস্যময় সিদ্ধান্তে মার্কিন হাই-টেক স্টার্টআপ ‘ফাস্টওয়েভ’-কে বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের ঘনিষ্ঠ মহলের লবিংয়ের জোরে এক বিরল জয় পেয়েছে চীনের ‘গ্র্যান্ড ফার্মাসিউটিক্যাল গ্রুপ’।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনার মঞ্চ হিসেবে প্রস্তুত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এই অত্যন্ত স্পর্শকাতর ও উচ্চপর্যায়ের কূটনৈতিক সফরকে ঘিরে পুরো শহর এখন এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদ...
৩ ঘণ্টা আগে