Ajker Patrika

যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে ছয় শিশুসন্তানসহ দম্পতির মরদেহ উদ্ধার, হত্যার পর আত্মহত্যা বলে সন্দেহ

আজকের পত্রিকা ডেস্ক­
যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে ছয় শিশুসন্তানসহ দম্পতির মরদেহ উদ্ধার, হত্যার পর আত্মহত্যা বলে সন্দেহ
আটজনের মৃত্যুকে হত্যার পর আত্মহত্যা বলে সন্দেহ করছে পুলিশ। ছবি: দ্য মিরর

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের আট সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে ‘হত্যার পর আত্মহত্যা’ বলে সন্দেহ করা হচ্ছে।

গত শুক্রবার আনুমানিক দুপুর ১২টার দিকে গ্র্যান্ড হ্যাভেন টাউনশিপে তাদের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় বলে ম্যান্ডির পরিবারের সদস্যরা জানিয়েছেন।

নিহতরা হলেন আমান্ডা ম্যান্ডি কারোলকিয়েভিচ (৩৯) ও তাঁর স্বামী ক্রিস্টোফার কারোলকিয়েভিচ (৪৭) এবং তাঁদের ছয় সন্তান। সন্তানদের বয়স ছিল ৫ থেকে ১৫ বছরের মধ্যে।

গত শনিবার এক সংবাদ সম্মেলনে অটোয়া কাউন্টি শেরিফ অফিসের ক্যাপ্টেন জেকবস স্পার্কস জানান, নিহতদের সবার পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি এবং তাঁদের মৃত্যুর সঠিক কারণও পাওয়া যায়নি।

ক্যাপ্টেন স্পার্কস জানান, ঘটনাটিকে হত্যার পর আত্মহত্যা বলে সন্দেহ করে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় বাইরের কোনো সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে না।

তবে মার্কিন সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের কয়েকজনের শরীরে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ম্যান্ডির বোন মলি সেসনা মর্মান্তিক এই ঘটনা নিয়ে প্রকাশিত একটি সংবাদ শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, ‘আমার ছোট বোন ম্যান্ডি, তাঁর স্বামী এবং আমার ছয় ভাগনি-ভাগনে।’

তিনি আরও লেখেন, ‘সবকিছু ঝাপসা লাগছে। বন্ধুরা, দয়া করে আমাদের জন্য প্রার্থনা করুন। কী ঘটেছে, তা বোঝার চেষ্টা করছি। আমাদের হৃদয় পুরোপুরি ভেঙে গেছে। “মর্মান্তিক” শব্দটিও এই ঘটনার গভীরতা প্রকাশ করার জন্য যথেষ্ট নয়।’

সমুদ্রসৈকতে তোলা একটি হাস্যোজ্জ্বল পারিবারিক ছবি শেয়ার করে সংক্ষিপ্ত এক শ্রদ্ধাবার্তা দেন ম্যান্ডির বাবা স্টিভ লউইল এবং মা বেকি লউইলও। তাঁরা লেখেন, ‘তারা আমাদের জীবনে যে আনন্দ নিয়ে এসেছিল, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা পুরোপুরি ভেঙে পড়েছি।’

ম্যান্ডি গ্র্যান্ড হ্যাভেন এরিয়া পাবলিক স্কুলসের বিকল্প শিক্ষক (সাবস্টিটিউট টিচার) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ১৬ বছর আগে তিনি ক্রিস্টোফারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

২০১৯ সালে স্ত্রীর সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্রিস্টোফার লিখেছিলেন, ‘এই সুন্দরী নারীকে নিয়ে ১০ বছর পার হতে চলল। আমি সত্যিই খুব ভাগ্যবান।’

গত জানুয়ারিতে প্রকাশিত একটি মূল্যায়নে স্কুল কর্তৃপক্ষ জানায়, পিচ প্লেইনস এলিমেন্টারি স্কুলের শিক্ষার্থীদের জন্য ম্যান্ডি ‘নিজের সাধ্যের চেয়েও বেশি কাজ করেন।’

জেলা সুপারিনটেনডেন্ট ক্রিস্টিন পেরোস্কি শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, স্কুল-সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক ও অন্যদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে অটোয়া কাউন্টি শেরিফ অফিসের ক্যাপ্টেন জেকবস স্পার্কস ঘটনাস্থলটিকে অত্যন্ত ‘জটিল’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, আগুন লাগার বিষয়টি ‘সন্দেহজনক’ এবং এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়ে থাকতে পারে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত এখনো চলছে।

এর আগে গত শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ধোঁয়ার গন্ধ পাওয়া গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত