Ajker Patrika

পাকিস্তানের করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫

আজকের পত্রিকা ডেস্ক­
পাকিস্তানের করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫
গত বুধবার করাচির বেলুচ কলোনি এলাকায় নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে। ছবি: এএফপি

পাকিস্তানের করাচিতে একটি নির্মাণাধীন ভবন ধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। জরুরি উদ্ধারকারী সংস্থাগুলো ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

প্রাদেশিক জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র জানান, গত বুধবার (২৫ নভেম্বর) করাচির বেলুচ কলোনি এলাকায় ওই ভবনটি ধসে পড়ে। এরপর উদ্ধারকারী দল সফলভাবে ১৫ জনকে জীবিত উদ্ধার করে এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করে।

ওই মুখপাত্র আরও বলেন, এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে অনুসন্ধান অভিযান এবং ধ্বংসাবশেষ অপসারণের কাজ অব্যাহত রয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ওই এলাকার আরও কয়েকটি ভবন সিলগালা করে দেওয়া হয়েছে।

২৪ কোটিরও বেশি মানুষের দেশ পাকিস্তান। দেশটিতে অপর্যাপ্ত নিরাপত্তা মান এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ভবন ধসের ঘটনা নতুন নয়। এর মধ্যে দুই কোটিরও বেশি মানুষের জনবহুল মহানগরী করাচি নিম্নমানের নির্মাণ, অনুমোদনহীন ভবন সম্প্রসারণ, জরাজীর্ণ অবকাঠামো, মাত্রাতিরিক্ত জনঘনত্ব এবং ভবন নির্মাণ বিধিমালা যথাযথভাবে কার্যকর না হওয়ার মতো নানা সমস্যায় জর্জরিত।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে করাচিতে গ্যাস বিস্ফোরণের কারণে সৃষ্ট ভবন ধসে ১৬ জন নিহত হন। এ ছাড়া গত বছর জুলাই মাসে শহরটির লিয়ারি এলাকায় পাঁচতলা একটি ভবন ধসে ২৭ জনের প্রাণহানি ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত