
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। চাইলে ওয়াশিংটন ‘যাচাই’ করে দেখতে পারে। তবে ইরান আলোচনার জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভ দমনের জবাবে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়ার পর এই মন্তব্য করলেন আরাগচি।
স্থানীয় সময় গতকাল সোমবার আল জাজিরা আরবিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আরাগচি বলেন, চলমান অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, তাঁর দেশ ‘সব বিকল্পের জন্য প্রস্তুত’ এবং দাবি করেন, গত বছরের ১২ দিনের যুদ্ধের তুলনায় এখন ইরানের ‘ব্যাপক ও বিস্তৃত সামরিক প্রস্তুতি’ রয়েছে।
রোববার ট্রাম্পের মন্তব্যের পর এই বক্তব্য এল ইরানের তরফ থেকে। ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয় অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে, যা পরে আরও বিস্তৃতভাবে কাঠামোগত পরিবর্তনের দাবিতে রূপ নেয়। এসব বিক্ষোভ দমনে সরকারের পদক্ষেপের কারণে ইরানের বিরুদ্ধে ‘কঠোর বিকল্প’ বিবেচনার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট, যার মধ্যে সম্ভাব্য সামরিক পদক্ষেপও রয়েছে।
ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তেহরানের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে, ‘কিন্তু বৈঠকের আগেই যা ঘটছে, তার কারণে আমাদের হয়তো পদক্ষেপ নিতে হতে পারে।’ এর জবাবে আরাগচি বলেন, ‘ওয়াশিংটন যদি সামরিক বিকল্প দিয়ে ইরানকে যাচাই করে দেখতে চায়, যা তারা আগেও করেছে, আমরা তার জন্য প্রস্তুত।’ একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র ‘বুদ্ধিমান বিকল্প’ হিসেবে সংলাপই বেছে নেবে। তিনি সতর্ক করে বলেন, ‘কিছু পক্ষ ওয়াশিংটনকে যুদ্ধে জড়াতে চায়, যাতে ইসরায়েলের স্বার্থ রক্ষা হয়।’
সাক্ষাৎকারে আরাগচি ক্রমবর্ধমান প্রাণহানির প্রসঙ্গও তোলেন এবং আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, ‘সন্ত্রাসী উপাদানগুলো’ বিক্ষোভকারীদের ভিড়ে ‘অনুপ্রবেশ করেছে এবং নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু বানিয়েছে।’ গত দুই সপ্তাহের অস্থিরতার জন্য ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ১০০ জনের বেশি নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। তবে বিরোধী কর্মীরা বলছেন, নিহতের সংখ্যা আরও বেশি এবং এতে শত শত বিক্ষোভকারীও অন্তর্ভুক্ত। আল জাজিরা এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
গত বৃহস্পতিবার থেকে ইন্টারনেট বন্ধ থাকায় ইরান থেকে তথ্যপ্রবাহ ব্যাহত হচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সোমবার বলেন, নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হবে। নেটব্লকস জানায়, সোমবার পর্যন্ত ইরান টানা ৯৬ ঘণ্টা অফলাইনে ছিল।
আরাগচি আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তাঁর যোগাযোগ ‘বিক্ষোভের আগে ও পরে অব্যাহত ছিল এবং এখনো চলছে।’ তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে যে ধারণাগুলো নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো তেহরানে পর্যালোচনা করা হচ্ছে। তবে তিনি যোগ করেন, ‘ওয়াশিংটনের প্রস্তাবিত ধারণা ও আমাদের দেশের বিরুদ্ধে দেওয়া হুমকি পরস্পরের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।’
তাঁর ভাষায়, ‘হুমকি বা নির্দেশ না দেওয়া হলেই কেবল আমরা পারমাণবিক আলোচনার টেবিলে বসতে প্রস্তুত।’ তিনি প্রশ্ন তোলেন, ওয়াশিংটন কি ‘ন্যায্য ও সুবিচারপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত।’ তিনি বলেন, ‘যখন তারা প্রস্তুত হবে, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।’
এদিকে রোববার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, ওয়াশিংটন যদি চলমান অস্থিরতায় হস্তক্ষেপ করে, তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও ইসরায়েল হবে ‘বৈধ লক্ষ্যবস্তু।’ তিনি যুক্তরাষ্ট্রকে ‘ভুল হিসাব’ না করার সতর্কবার্তা দেন।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট সোমবার ফক্স নিউজের অনুষ্ঠানে অভিযোগ করেন, ইরান প্রকাশ্যে যে বক্তব্য দিচ্ছে, ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রকে পাঠানো বার্তা তার থেকে ‘একেবারেই ভিন্ন।’ ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার জানিয়েছে, ট্রাম্প যখন ইরানের ওপর হামলার বিষয়টি বিবেচনা করছেন, তখন একই সঙ্গে হোয়াইট হাউস ইরানের পক্ষ থেকে আরও সামরিক আলোচনা শুরুর প্রস্তাবও পর্যালোচনা করছে। গত বছর ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
১৭ মিনিট আগে
ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা করেছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরার নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক। তবে পদযাত্রায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাজধানী দিল্লির কনট প্লেস ও বারাকখাম্বা রোড এলাকা থেকে শুরু হওয়া পদযাত্রাটি সুপ্রিম কোর্টের দিকে এগোলে পুলিশি ব
১ ঘণ্টা আগে
রবার্ট হল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। মাইকেল উডফোর্ড যুক্ত আছেন নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে ক্ষুদ্র অর্থনীতির ভিত্তি নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কারে ভূষিত হলেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
জিবুতির পূর্ব উপকূলে অভিবাসনপ্রত্যাশীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩৯ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। এ ঘটনায় আরও ৮৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। বেঁচে যাওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের বরাতে স্থানীয় সময় রোববার....
৩ ঘণ্টা আগে