
ইরানের সামরিক স্থাপনায় হামলার কথা বলে বেসামরিক স্থাপনায়ও ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে বেসামরিক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি দিন দিন বাড়ছে। ইরানের পাশাপাশি উত্তরে লেবাননজুড়েও হিজবুল্লাহকে দমনের নামে নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। সেখানেও বাড়ছে বেসামরিক হতাহত ও শরণার্থীর সংখ্যা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই পরিস্থিতিতে হামলার মাত্রা ‘নাটকীয়ভাবে’ বাড়ানোর হুমকি দিয়েছে। ইরানের কণ্ঠেও অনমনীয়তা।
ইরানে হামলার এক সপ্তাহ পূর্ণ হয়েছে গতকাল শুক্রবার। এদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ১ হাজার ৩৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ১১ জন, যুক্তরাষ্ট্রের ৬ সেনা এবং উপসাগরীয় দেশগুলোয় ৯ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে হামলার শুরুর পরপরই দাবি করা হয়, তারা ইরানের সামরিক স্থাপনা ও শীর্ষ নেতাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে এর ভিন্ন চিত্র গতকাল তুলে ধরেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। তারা জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় এ পর্যন্ত ৩ হাজার ৬৪৩টি বেসামরিক ভবন ধসে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আসলে ৩ হাজার ৯০টি ছিল সাধারণ মানুষের বাড়ি। হামলায় ৫২৮টি বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে হাসপাতাল ও চিকিৎসাসেবা কেন্দ্র। এমন ১৪টি স্থাপনায় হামলা হয়েছে। রেড ক্রিসেন্টের ৯টি স্থাপনায় হামলা হয়েছে গত এক সপ্তাহে। এ প্রসঙ্গে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পির হোসেইন কলিভান্দ বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যেসব স্থানে হামলা চালিয়েছে, সেগুলো মূলত জনবহুল এলাকা।
তেহরানে ভয়ংকর রাত
বিবিসি বলছে, তেহরানবাসীর জন্য বৃহস্পতিবার রাত ছিল এক ভয়ংকর রাত। এই শহরের বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে এই রাতে সবচেয়ে বেশি হামলা হয়েছে। সেখানকার ৩০ বছর বয়সী এক বাসিন্দা বলেন, হামলার কারণে তাঁর বাড়ি প্রায় ৫ মিনিট টানা কেঁপেছে। গত রাত ছিল সবচেয়ে ভয়ংকর রাত। হামলার শব্দে তিনি রাতে ঘুমাতে পারেননি।
৪০ বছর বয়সী আরেক নারী বলেন, বিস্ফোরণের শব্দে ভোর ৫টার দিকে ঘুম ভেঙে যায়। এরপর আর তিনি ঘুমাতে পারেননি।
তেহরানের পাশেই তামাভানাদ শহর থেকে একজন বিবিসিকে বলেন, ‘এত কাছে এমন বিস্ফোরণ আমি আর আগে কখনো দেখিনি।’ তিনি বলেন, ‘আমি ঘর বসে দেখছিলাম, তীব্র আলোক ঝলকানিতে ভেসে যায় চারপাশ। এরপর আমার বাড়িঘর কাঁপছিল।’
মানবাধিকার লঙ্ঘন
ইরানে হামলার শুরুর দিনই মিনাব শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো হয়। এই বিদ্যালয়ে হামলায় অন্তত ১৭০টি শিশু মারা গেছে। এই হামলার পর থেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। তবে দুই দেশের কেউই এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। বিবিসির খবরে বলা হয়েছে, স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে একাধিকবার হামলা হয়েছে। এই ঘটনার পর জাতিসংঘের শিক্ষা সংস্থা ইউনেসকো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
এ প্রসঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, আন্তর্জাতিক আইন বিবেচনায় নিলে এই অঞ্চলের মানুষেরা ইতিমধ্যেই ব্যাপক সংঘাত ও মানবাধিকার লঙ্ঘনের মতো পরিস্থিতি মুখে রয়েছে। তাদের সুরক্ষা এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। তবে এর বদলে অর্থহীন হত্যাকাণ্ড এবং দমন-পীড়নের মুখোমুখি হচ্ছে তারা।
এই পরিস্থিতিতে গতকাল ইরানের কোম শহরে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা।
লেবাননে নিহত ২১৭
ইরানের পাশাপাশি লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। হিজবুল্লাহর রকেট হামলার জেরে দেশটিতে বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এসব হামলা এ পর্যন্ত ২১৭ জন নিহত এবং ৭৯৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে স্থল অভিযান চালালেও রাজধানী বৈরুতে বিমান হামলা চালাচ্ছে আইডিএফ। সেখানে আবাসিক এলাকা, হোটেল, বাণিজ্যিক ভবনেও হামলা হচ্ছে। হামলার জেরে মানুষ রাস্তায় রাত্রিযাপন করছে। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, ইসরায়েলের হামলার জেরে ৫ লাখের মানুষ ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছে।
বৃহস্পতিবার রাতের পরিস্থিতি তুলে ধরে বৈরুতের শহরতলির এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটা ছিল দুঃস্বপ্নের রাত। নিরাপদ ঘর রেখে হঠাৎ পালিয়ে যেতে হচ্ছে...যারা এই পরিস্থিতির মধ্যে বেঁচে আছে, তারাই কেবল এটা বুঝতে পারবে। যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা কিছুই করতে পারছি না।’
হামলা জোরদার ইরানের
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জেরে পাল্টা হামলা জোরদার করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, আগামী কয়েক দিনে তাদের পাল্টা হামলা আরও জোরদার হবে। ইসরায়েল বেসামরিক এলাকায় তার সামরিক সম্পদ লুকানোর চেষ্টা করেছে; কিন্তু ইরানি বাহিনী সেগুলো খুঁজে বের করে হামলা চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলের বিরুদ্ধে গতকাল বিকেলের পর নতুন অভিযান শুরু করেছে ইরান। এই অভিযানের নাম দেওয়া হয়েছে, ‘ইয়া হোসেইন ইবনে আলী (সা.)’। আইআরজিসি বলছে, এই অভিযানে আধুনিক সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তারা। এর মধ্যে আলোচিত ফাতাহ, খাইবার ক্ষেপণাস্ত্র রয়েছে।
এদিকে প্রতিবেশী দেশে মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইরান। গতকাল কুয়েতে হামলা হয়েছে। সেখানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলা হয়েছে বাহরাইনে। দেশটির সরকার জানিয়েছে, ৭৮টি ক্ষেপণাস্ত্র ও ১৪৩ ড্রোন তারা ঠেকিয়েছে। এ ছাড়া ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং হাইফা ও তেল আবিব শহরে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের গণমাধ্যম বলছে, বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
ইরানের রাজধানী তেহরানে গতকাল মিলিটারি একাডেমিতে হামলার খবর জানিয়েছে আল জাজিরা। এ ছাড়ার হামলার সপ্তম দিনে গতকাল প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র বি২ বিমান থেকে বোমা হামলা করার কথা জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, গতকাল ভোরে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোর ওপর ডজনখানেক ২,০০০ পাউন্ডের ‘পেনিট্রেটর’ বোমা (ভূগর্ভে প্রবেশ করে ধ্বংস ঘটাতে সক্ষম) নিক্ষেপ করেছে।
এদিকে ইসরায়েল বলেছে, ইরানে তারা দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে। দেশটির সামরিক বাহিনী বলেছে, তাদের বিমানবাহিনী রাতভর হামলা চালিয়ে ৬টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। এ ছাড়া ইরানের অন্যতম শহর ইসফাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল।
হামলা জোরদারের পর গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও বলেন, ইরানের আত্মসমর্পণের পর নতুন ‘গ্রহণযোগ্য’ ইরানি নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পুনর্গঠনে সাহায্য করবে।

মার্কিন-ইসরায়েলি জোটের সঙ্গে প্রথাগত যুদ্ধে জয়ের সম্ভাবনা নেই ইরানের। তারা কাজে লাগাচ্ছে স্নায়ুযুদ্ধকালে ব্যাপক আলোচনায় আসা যুদ্ধকৌশল ‘নিবৃত্তকরণ’। যদি বর্তমান ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যৎ ক্ষতির আশঙ্কা হিসাব করে প্রতিপক্ষ পিছিয়ে যায়, তবেই এ কৌশল সফল হয়।
৪ ঘণ্টা আগে
ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে জনজীবন বিপর্যস্ত। তবে পাল্টা হামলা থেমে নেই ইরানের। তাদের হামলায় বিপর্যস্ত ইসরায়েলিদের জনজীবনও। ইরানে মানুষ শহর থেকে গ্রামের দিকে ছুটছে। আর ইসরায়েলের মানুষ আশ্রয় নিচ্ছেন বাংকারে। জেরুজালেম, তেল আবিব, হাইফাসহ বিভিন্ন শহরেই এমন চিত্র দেখা যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি দ্বন্দ্ব এড়িয়ে কার্যত ‘ধীরে চলো’ নীতিতে হাঁটছে ইরানের মিত্র হিসেবে পরিচিত চীন। ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় তেমন কোনো শক্ত প্রতিক্রিয়া দেখায়নি দেশটি। বেশ খানিকটা সময় নিয়ে নমনীয় ভাষায় সংঘাত বন্ধ করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে চীন,
৪ ঘণ্টা আগে
ইরানে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে এরই মধ্যে অফিস-আদালত খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারা জানিয়েছে ২০ শতাংশ কর্মী আগামী রোববার থেকে অফিস করবেন। এদিকে হামলার আশঙ্কা থাকার পরও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফ্লাইট চালু হচ্ছে।
৪ ঘণ্টা আগে