
অস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ইসরায়েলি সেনারা লেবাননের আকাশসীমা লঙ্ঘন বন্ধ না করা পর্যন্ত অস্ত্রসমর্পণ না করার সিদ্ধান্তে অনড় থাকবে হিজবুল্লাহ। নাঈম কাশেম বলেন, ‘কাউকে হিজবুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিতে দেওয়া হবে না। এই অস্ত্রগুলোই লেবানিজদের প্রাণ এবং স্বাধীনতা। যখন আমাদের মাথার ওপর দিয়ে শত্রুপক্ষের যুদ্ধবিমান উড়ে যাচ্ছে এবং আমাদের দক্ষিণাঞ্চল তাদের দখলে রয়েছে, তখন কেউ কীভাবে আশা করে যে আমরা আলোচনায় বসব?’
তাঁর ভাষ্য—এমন পরিস্থিতিতে আলোচনায় বসতে বাধ্য করা হিজবুল্লাহর আত্মসমর্পণের সমতুল্য। কাশেম বলেন, ‘এর অর্থ আলোচনা নয়, বরং আত্মসমর্পণই। আগে ইসরায়েল সেনা প্রত্যাহার করুক, লেবাননের আকাশসীমায় যুদ্ধবিমান নিয়ে ওড়া বন্ধ করুক। এরপর আমরা আলোচনার টেবিলে বসব, তার আগে নয়।’
এর আগে গত ৮ এপ্রিল বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, অস্ত্রসমর্পণের আলোচনায় বসতে রাজি হয়েছে হিজবুল্লাহ। এক জ্যেষ্ঠ নেতার বারত দিয়ে খবরটি জানানো হলেও তাঁর নাম প্রকাশ করা হয়নি। পরে, এ বিষয়ে হিজবুল্লাহর মিডিয়া অফিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে রয়টার্স। তবে, তাতে সাড়া মেলেনি।
হিজবুল্লাহ প্রধান আরও বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তার সব শর্তই ৫ মাস ধরে মেনে চলেছে হিজবুল্লাহ। কিন্তু ইসরায়েল বিভিন্ন সময় নানা অজুহাতে বারবার শর্ত ভেঙে হামলা চালিয়েছে। গত নভেম্বরে ইসরায়েল–হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু, এরপরও এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছে অন্তত ৭১ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে ১৪ জন শিশু ও নারী। গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহ ও তাঁর উত্তরসূরি হাশেম শাফিদ্দিনের মৃত্যুর পর গত বছরের ২৯ অক্টোবর থেকে গোষ্ঠীটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন নাঈম কাশেম।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হলে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠীটি। তাদের ভাষ্য—গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানানো তাদের মানবিক, নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। পরে, দুপক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। ১৪ মাস ধরে চলা ওই সংঘাতে প্রাণ হারান অন্তত ৪ হাজার লেবানিজ, যাদের বেশির ভাগই বেসামরিক। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তাদের হামলার লক্ষ্যবস্তু কেবল হিজবুল্লাহর ঘাঁটি ও সামরিক অবকাঠামো।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে লেবাননে যে পরিমাণ অবকাঠামোগত ক্ষতি হয়েছে তা পুনর্নির্মাণ করতে ১১ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।

একসময় বিশ্বজুড়ে একটা শৃঙ্খলা ছিল। বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে আন্তর্জাতিক শৃঙ্খলা ও জোটভিত্তিক ব্যবস্থা গড়ে উঠেছিল, তা এখন ভাঙনের মুখে। আর এর জন্য দায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মিউনিখ নিরাপত্তা প্রতিবেদন ২০২৬-এ এমন তথ্য উঠে এসেছে।
১১ ঘণ্টা আগে
ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশল হিসেবে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরি মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ক্যারিবীয় সাগরে মোতায়েন থাকা বিশ্বের সবচেয়ে বড় ও সর্বাধুনিক রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে দ্রুত মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দিয়েছে পেন্টাগন।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নির্বাচনে বিজয়ী দল বিএনপি, দলের নেতা তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
১১ ঘণ্টা আগে
সম্প্রতি চট্টগ্রাম বন্দরের ইজারা দেওয়া নিয়ে বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত দুবাইভিত্তিক বন্দর ও লজিস্টিকস কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিশ্বব্যাপী বন্দর পরিচালনাকারী এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইয়েম পদত্যাগ
১১ ঘণ্টা আগে