
উত্তর গাজায় বহু ফিলিস্তিনি পরিবার ‘অবরুদ্ধ’ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী উপকূলভূমির ভেতর আরও গভীরে গিয়ে অবস্থান নিয়েছে। এতে গাজাবাসীর জনজীবন আরও সংকুচিত এলাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গাজার সরকারি জনসংযোগ কার্যালয় গতকাল বৃহস্পতিবার জানায়, ইসরায়েলি বাহিনী ও ট্যাংক গাজা সিটির পূর্বাংশে তথাকথিত ‘হলুদ রেখা’ পার হয়ে প্রায় ৩০০ মিটার ভেতরে চলে গেছে। সংস্থাটি বলেছে, ‘এলাকায় চলমান গোলাবর্ষণের কারণে বহু পরিবারের ভাগ্য এখনো অজানা।’ তাদের দাবি, হলুদ রেখা সম্প্রসারণ যুদ্ধবিরতি চুক্তির প্রতি ‘স্পষ্ট অশ্রদ্ধা’।
ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তিতে নির্ধারিত এই হলুদ রেখা হলো সেই অনির্দিষ্ট সীমানা, যেখানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি বাহিনী অবস্থান বদল করে পিছু হটেছিল।
এই রেখার ভেতরে ফিলিস্তিনিদের দিকে নিয়মিত গুলি চালানোর মাধ্যমে ইসরায়েল উপকূলের অর্ধেকের বেশি অংশে নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
বৃহস্পতিবার গাজা সিটি থেকে আল জাজিরার হিন্দ খুদারি জানান, ইসরায়েলি সৈন্যরা শুজায়েয়ার পূর্বাঞ্চলে নতুন অবস্থান চিহ্নিত করতে হলুদ রঙের ব্লক ও সাইনবোর্ড বসাচ্ছিল। খুদারি বলেন, ‘তবে পুরো সীমানা চিহ্নিত করা হয়নি। ফলে অনেক ফিলিস্তিনি জানেই না ঠিক কোথায় রয়েছে এই লাইন।’
আল জাজিরার এই প্রতিবেদক আরও বলেন, ‘শুজায়েয়ায় নতুন অগ্রসরতার ফলে আরও বেশি মানুষ তাদের ঘরে ফিরতে পারছে না। মানুষ বলছে, তাদের ধীরে ধীরে পশ্চিম দিকে ঠেলে এক খাঁচার মধ্যে আটকে ফেলা হচ্ছে।’
হলুদ রেখা লঙ্ঘনের এই খবর নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। ঘটনাটি এমন সময় সামনে এল, যখন পুরো গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ফের তীব্র হয়ে উঠেছে এবং যুদ্ধবিধ্বস্ত এলাকায় নতুন আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৮৮ জন।
চিকিৎসকেরা জানান, খান ইউনিসের পূর্বে বানি সুউহেইলার এক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে এক শিশুকন্যাও ছিল। আহত হয়েছে আরও ১৫ জন।
আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল অন্তত ৪০০ বার এই চুক্তি লঙ্ঘন করেছে।
৩৬ বছর বয়সী বাস্তুচ্যুত ফিলিস্তিনি মোহাম্মদ হামদুন্না এএফপিকে বলেন, প্রতিদিনই মানুষ মরছে, গোলাবর্ষণ থামে না। তিনি বলেন, ‘আমরা এখনো তাঁবুতে থাকি। শহরগুলো ধ্বংসস্তূপ, সব সীমান্ত বন্ধ, জীবনের ন্যূনতম চাহিদাগুলোও নেই।’
গাজার তুফাহ এলাকার ৩৩ বছর বয়সী লিনা কুরাজও এএফপিকে জানান, যুদ্ধ পুরোপুরি আবার শুরু হয়ে যাওয়ার আতঙ্কে দিন কাটছে। কুরাজ বলেন, ‘যখনই একটু আশা জাগে, তখনই গোলাবর্ষণ ফিরে আসে। এই দুঃস্বপ্নের শেষ কোথায়?’

মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
৪ ঘণ্টা আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
৪ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
৫ ঘণ্টা আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
৭ ঘণ্টা আগে