
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাটির নিচে কয়েক শ মাইল দীর্ঘ হামাসের টানেল নেটওয়ার্ক খুঁজে পেয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেই টানেলের শাখা-প্রশাখা গাজায় অবস্থিত জাতিসংঘের ত্রাণ সংস্থার (ইউএনআরডব্লিউএ) সদর দপ্তরের নিচেও প্রসারিত বলে দাবি করেছে তারা। ইউএনআরডব্লিউএর মাধ্যমে হামাসের সহিংসতা চালানোর প্রমাণ হিসেবে ঘটনাটিকে অভিহিত করেছে আইডিএফ।
গতকাল শুক্রবার আইডিএফ টানেলটি খুঁজে পেয়েছে বলে এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো অতর্কিত হামলায় ইউএনআরডব্লিউর কয়েকজন কর্মীর জড়িত থাকার অভিযোগ এনেছিল ইসরায়েল। এরপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ জাতিসংঘের সংস্থাটির অর্থায়ন বন্ধের ঘোষণা দেয়। ইউএনআরডব্লিউএ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়েকজন কর্মীকে বরখাস্ত করার পাশাপাশি তদন্তের ঘোষণা দিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকৌশলীরা নতুন আবিষ্কৃত এই টানেলের মধ্যে বিদেশি সংবাদমাধ্যমের কর্মীদের নিয়ে গিয়েছিলেন। আইডিএফের একজন লেফটেন্যান্ট কর্নেল এতে নেতৃত্ব দেন। শ্বাসরুদ্ধকর গরম, সরু প্যাসেজ এবং ঝোপঝাড়ের মধ্য দিয়ে বিশ মিনিট হাঁটার পর তারা ইউএনআরডব্লিউএর সদর দপ্তরের নিচে পৌঁছান বলে তিনি জানান।
আইডিএফ বলছে, তারা যে টানেলে প্রবেশ করেছিল, সেটি ৭০০ মিটার দীর্ঘ এবং ভূপৃষ্ঠের ১৮ মিটার গভীরে অবস্থিত। দীর্ঘ টানেলটি বেশ কিছু জায়গায় দুই ভাগ হয়ে গেছে। সেখানে অফিস স্পেস এবং টয়লেটও খুঁজে পেয়েছে বলে দাবি আইডিএফের। সেখানে খোলা এবং খালি অবস্থায় স্টিলের কয়েকটি সেফ পেয়েছে তারা। সে সঙ্গে, কম্পিউটার সার্ভার দিয়ে পূর্ণ অবস্থায় একটি বড় চেম্বার ছিল সেখানে।
ইসরায়েলি বাহিনীর এই অভিযানে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট কর্নেল তাঁর নামের প্রথম অংশ ইডো বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘টানেল নেটওয়ার্কটি থেকেই হামাস সবকিছু পরিচালনা করে। আপনারা যেখান দিয়ে হেঁটেছেন, সেই টানেলের জ্বালানি ও শক্তি দিয়েই এখান থেকে সব পরিচালনা করা হয়। হামাস গোয়েন্দাদের কেন্দ্রীয় কমান্ডগুলোর মধ্যে এটি একটি। এখান থেকে তারা বেশির ভাগ সময়ই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে।’
ইডো আরও বলেন, আইডিএফের হামলার মুখে হামাস এখান থেকে সরে গেছে বলে ধারণা করা হচ্ছে। পালানোর আগে তারা এখান থেকে যোগাযোগের তারগুলো কেটে দিয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি যে হামাসের সদস্যরা ইউএনআরডব্লিউএতে কাজ করেছে। আমরা চাই প্রতিটি আন্তর্জাতিক সংস্থা গাজায় কাজ করুক। এটা আমাদের কোনো সমস্যা নয়। আমাদের সমস্যা হামাস।’
অন্যদিকে এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পাঁচ দিন পর গত বছরের ১২ অক্টোবর সদর দপ্তর খালি করে দিয়েছিল তারা। এ কারণে ইসরায়েলি বাহিনীর দাবির বিষয়টি নিশ্চিত করতে বা কোনো ধরনের মন্তব্য করতেও তারা সক্ষম নয়।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা অগ্রগতি অর্জন করছে। তিনি বলেছেন, তাইওয়ান ইস্যু সতর্কভাবে সামলাতে হবে। তিনি সতর্ক করে দেন, তাইওয়ান প্রশ্নে মতপার্থক্য দুই দেশের সম্পর্ককে বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে।
২ ঘণ্টা আগে
সাধারণ ব্যথানাশকের মতোই ১০টি করে ব্লিস্টার প্যাকে আফ্রিকায় প্রবেশ করে এসব ওষুধ। পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের সড়কের পাশের দোকান ও ফার্মেসগুলোতে খুব সহজেই এগুলো কেনা যায়। ভারত থেকে আসা লাখো ট্যাপেন্টাডল ট্যাবলেট এখন পশ্চিম আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ওপিওয়েড...
২ ঘণ্টা আগে
কিউবায় ডিজেল ও ফার্নেস অয়েলের মজুত পুরোপুরি ফুরিয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী ভিসেন্তে দে লা ও লেভি। রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে দেশে সীমিত পরিমাণে গ্যাস পাওয়া যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জ্বালানি অবরোধের কারণে কিউবার বিদ্যুৎ ব্যবস্থা...
৩ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এক নতুন নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে গরু, বলদ, মহিষ এবং বাছুরসহ কোনো প্রাণীই উপযুক্ত সনদ ছাড়া জবাই করা যাবে না। এই সনদ অবশ্যই স্থানীয় অনুমোদিত কর্মকর্তা এবং সরকারি পশুচিকিৎসক দ্বারা ইস্যু করতে হবে।
৪ ঘণ্টা আগে