
হামাসের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন আজ আল-দ্বীন হাদ্দাদ। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের পরিচালিত অপারেশন আল আকসা ফ্লাড-এর অন্যতম পরিকল্পনাকারী এই নেতা সম্প্রতি সংগঠনটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন।
হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া এই ব্যক্তিকে ‘লো প্রোফাইল’ নেতা বলে আখ্যায়িত করেছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো। তবে, লো প্রোফাইল বা কম আলোচিত হলেও হাদ্দাদকে ধরিয়ে দেওয়ার জন্য ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে রেখেছে ইসরায়েল। হাদ্দাদ মূলত নিজে থেকেই খুব একটা আলোচনায় আসতে চান না, বরং পর্দার আড়ালে থাকতেই পছন্দ করেন তিনি। এ কারণেই তিনি ‘ঘোস্ট অব আল কাসাম’ বা ‘আল কাসামের ভূত’ নামে পরিচিত।
টাইমস অব ইসরায়েল বলছে, চলতি বছরের মে মাসে মুহাম্মাদ সিনওয়ার নিহত হওয়ার পর হামাস প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হাদ্দাদ। গত বছরের অক্টোবরে ইসরায়েলি হামলায় নিহত হন হামাসের তৎকালীন প্রধান ইয়াহিয়া সিনওয়ার। ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর হামাসের উত্তর গাজা শাখার দায়িত্ব গ্রহণ করেন হাদ্দাদ, আর দক্ষিণ গাজার দায়িত্বে ছিলেন মুহাম্মাদ সিনওয়ার।
আরব গোয়েন্দা সূত্র ও হামাসের দুই কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানান, হাদ্দাদ তাঁর পূর্বসূরিদের তুলনায় অনেক বেশি বাস্তববাদী। তিনি জানুয়ারিতে ইসরায়েলের সঙ্গে এক সমঝোতা গ্রহণের জন্য সিনওয়ারকে চাপ দেন—যার আওতায় কয়েক ডজন ইসরায়েলি জিম্মি মুক্তি পায় এবং বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়া হয়।
গত মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গের আগে পর্যন্ত হাদ্দাদ আরও জিম্মি মুক্তির পক্ষে ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের দাবি অনুযায়ী হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়ে তিনি আগের নেতাদের তুলনায় বেশি নমনীয়, সিনওয়াররা এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন।
ইসরায়েল ঘোষণা দিয়ে রেখেছে—গাজায় তাদের পরবর্তী লক্ষ্য হাদ্দাদ। মুহাম্মদ সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘গাজায় আজ আল-দ্বীন হাদ্দাদ এবং বিদেশে খালিল আল-হাইয়া—তোমরা এবং তোমাদের সব সহযোগী আমাদের পরবর্তী লক্ষ্য।’

মরক্কোতে সামরিক মহড়ায় অংশ নিতে গিয়ে নিখোঁজ হওয়া দুই মার্কিন সেনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে। তাঁদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হলেও আরেকজনের সন্ধানে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মরক্কোর যৌথ উদ্ধারকারী দল।
১ ঘণ্টা আগে
আদালতকে জানানো হয়, রাজ্যজুড়ে তৃণমূল ও বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় ৩২ লাখ। কিন্তু ভোটার তালিকায় নাম পুনর্বহালের জন্য এখনো প্রায় ৩৫ লাখ আপিল আবেদন বিভিন্ন ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে।
২ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় দুই চিকিৎসাকর্মীসহ অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং মানবিক রীতিনীতি লঙ্ঘন করে চলেছে। তারা প্যারামেডিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
৪ ঘণ্টা আগে
৮০ বছর বয়সী বাবা হোসেন আসাসা। পশ্চিম তীরের জেনিন সংলগ্ন ছোট্ট গ্রাম আসাসার বাসিন্দা ছিলেন তিনি। ১০ সন্তানের জনক এই গবাদিপশু ব্যবসায়ী এলাকায় অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। গত শুক্রবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তাঁর।
৫ ঘণ্টা আগে