
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে পেছনে ফেলেছেন। ফলে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার ভোটে লুলার মুখোমুখি হবেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার অনুষ্ঠিত প্রথম দফার ভোটে ফ্লাভিও বলসোনারো ৪৭ শতাংশ ভোট পেয়েছেন। লুলা পেয়েছেন ৪৫ শতাংশ। নির্বাচনের আগে বেসরকারি জরিপগুলোতে প্রথম দফায় লুলা প্রায় ৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকবেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।
জীবনযাত্রার ব্যয়, দুর্নীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন নিরাপত্তাহীনতাকে কেন্দ্র করে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ডানপন্থী দলগুলো একের পর এক নির্বাচনে জয় পেয়েছে।
প্রত্যাশার চেয়ে শক্তিশালী ফল ফ্লাভিও বলসোনারোর প্রচারণাকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ব্যবসাবান্ধব হিসেবে বিবেচিত তাঁর সম্ভাবনা বাড়ায় ব্রাজিলের মুদ্রা ও শেয়ারবাজারও শক্তিশালী হতে পারে। তাঁর নির্বাচনী সম্ভাবনার কারণে এরই মধ্যে বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
প্রায় সব ভোট গণনা শেষ হওয়ার পর ব্রাসিলিয়ায় সাংবাদিকদের ফ্লাভিও বলেন, ‘ব্রাজিল পরিবর্তন চায় এবং ফলাফলে আমি খুবই খুশি।’ তিনি এ ফলকে ‘লুলার ওয়ার্কার্স পার্টির যুগের অবসান’ হিসেবে উল্লেখ করেন। সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে জাইর বলসোনারো বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোটে তাঁর ছেলে ফ্লাভিও লুলার মুখোমুখি হবেন।
সাও পাওলোর একটি হোটেলে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে লুলা বলেন, প্রথম দফাতেই তিনি নির্বাচনে জয়ী হবেন বলে তিনি নিশ্চিত ছিলেন। তিনি বলেন, ‘আগামীকাল (আজ সোমবার) থেকেই আমরা নতুন প্রচারণা শুরু করব।’ প্রেসিডেন্ট হিসেবে তিনি কী কী অর্জন করেছেন, তা ভোটারদের সামনে তুলে ধরার প্রতিশ্রুতিও দেন তিনি।
ব্রাজিলের সরকারি অর্থব্যবস্থা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ এবং ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যেও নির্বাচনী প্রচারণায় নীতিগত বিষয়ে খুব বেশি আলোচনা হয়নি। দুই প্রধান প্রার্থীই বড় টেলিভিশন বিতর্কে অংশ নেননি।
ব্রাজিলিয়ান থিংক ট্যাংক ইগারাপে ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা রবার্ট মাগা বলেন, ‘জরিপ পরিচালনাকারীরা বড় ধরনের ভুল করেছেন।’ তিনি বলেন, দ্বিতীয় দফার যেসব জরিপে দুই প্রার্থীকে প্রায় সমানে সমান দেখানো হচ্ছে, সেগুলোও ফ্লাভিও বলসোনারোর প্রকৃত সমর্থনকে কম করে দেখাতে পারে।
রোববার সকালে রিও ডি জেনেইরোতে সাংবাদিকদের ফ্লাভিও বলেছিলেন, তিনি এমন ভোটারদের ‘প্রতিবাদী ভোটের’ ওপর নির্ভর করছেন, যারা অন্য কোনো প্রার্থীকে ভোট দিতেন, কিন্তু লুলার বিরোধী। সাও পাওলোতে ভোট দিতে যাওয়ার পথে ৪১ বছর বয়সী আইনজীবী থাইসে লিমা বলেন, তাঁর প্রধান লক্ষ্য ছিল লুলার ওয়ার্কার্স পার্টিকে ক্ষমতা থেকে সরানো। তিনি বলেন, ‘আমি মনে করি না ফ্লাভিও সেরা প্রার্থী। তবে পরবর্তী কয়েক মিনিটের মধ্যে আমি তাঁকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিতে পারি।’ তিনি আরও বলেন, মনোরোগ বিশেষজ্ঞ ও লেখক অগুস্তো কুরি আরও কার্যকর বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রার্থী হলে তিনি সেটি চাইতেন।
৪৯ বছর বয়সী ব্যবস্থাপনা পরামর্শক ফার্নান্দো টেম্পেল রয়টার্সকে বলেন, তিনি ফ্লাভিওকে ভোট দিয়েছেন। যদিও শুরুতে তিনি মিনাস জেরাইস রাজ্যের সাবেক গভর্নর রোমেউ জেমাকে ভোট দেওয়ার পরিকল্পনা করেছিলেন।
রাজনৈতিক বিশ্লেষক রাফায়েল ফাভেত্তি বলেন, ‘প্রতিবাদী ভোট দ্বিতীয় দফায় কী হতে যাচ্ছে, তার ইঙ্গিত দিচ্ছে।’ তিনি বলেন, ‘যদিও এখন এটি ফ্লাভিও বলসোনারোর জন্য সুবিধা তৈরি করবে, দ্বিতীয় দফায় তাঁর ভোট বাড়ানোর সম্ভাবনা ঠিক এই কারণেই কমে যাচ্ছে যে এই সমর্থনের বড় অংশ ইতোমধ্যে প্রথম দফাতেই তিনি পেয়ে গেছেন।’
ব্রাজিলে আয়-বৈষম্য ও বেকারত্ব কমে এলেও জীবনযাত্রার উচ্চ ব্যয়, পরিবারের বড় অঙ্কের ঋণ এবং অপরাধ ও আরও বিস্তৃত গ্যাং-তৎপরতার হুমকির মুখে থাকা ভোটারদের সমর্থন পেতে লুলা হিমশিম খেয়েছেন। জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের উদ্বেগকে কাজে লাগানোর চেষ্টা করেছেন ফ্লাভিও। অন্যদিকে লুলা অনলাইন জুয়া নিষিদ্ধ করার উদ্যোগ নেন। নির্বাচনী প্রতিযোগিতা যখন আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে, তখন তিনি সামাজিক কল্যাণমূলক সুবিধা বাড়ান এবং পরিবারগুলোর ঋণের বোঝা কমাতে নতুন করে ঋণ-সহায়তার প্রস্তাব দেন।
সরকারের ব্যয় বৃদ্ধি এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮২ শতাংশের বেশি সরকারি ঋণ নিয়ে রাজস্বসংক্রান্ত উদ্বেগ বেড়েছে। ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্টকে এসব সমস্যা মোকাবিলা করতে হবে। সরকার চলতি বছর ও আগামী বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে যথাক্রমে ২ শতাংশ ও ২ দশমিক ৩ শতাংশ করেছে।
ব্রাসিলিয়ায় ফ্লাভিওকে ভোট দেওয়া ৫২ বছর বয়সী সরকারি কর্মকর্তা মার্সিয়ানো দে সুজা ই সিলভা বলেন, ‘আমি ভোট দিয়েছি যাতে ব্রাজিল আবার প্রবৃদ্ধির পথে ফিরতে শুরু করে।’
নির্বাচনের আগে বিভিন্ন কেলেঙ্কারি এবং বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা নির্বাচনী প্রচারণায় নীতিগত বিতর্ককে অনেকটাই আড়ালে ঠেলে দেয়। এখন বন্ধ হয়ে যাওয়া ব্যাংকো মাস্টারকে ঘিরে বিতর্ক ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনের বড় একটি অংশকে জড়িয়ে ফেলে। ব্যাংকটির পরিচালনাকারী ড্যানিয়েল ভোরকারোকে চলতি বছরের শুরুর দিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কয়েক বিলিয়ন ডলারের জালিয়াতির একটি পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
ব্রাজিলের রাজনৈতিক অভিজাতদের বিভিন্ন ব্যক্তির সঙ্গে ওই ব্যাংকারের সম্পর্ক নিয়ে ফেডারেল পুলিশ তদন্ত করছে। এর মধ্যে ফ্লাভিও বলসোনারোও রয়েছেন। মামলাটির সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহজনক অর্থপাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধেও তদন্ত চলছে। তবে বলসোনারো কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন।
পুরো নির্বাচনী প্রচারণাজুড়ে লুলার মিত্ররা সতর্ক করে বলেছেন, লুলা জয়ী হলে ট্রাম্প প্রশাসন নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানাতে পারে। এর পক্ষে তারা ব্রাজিলে মার্কিন কর্মকর্তাদের পাঠানোর একটি বাতিল হয়ে যাওয়া উদ্যোগের কথা উল্লেখ করেছেন। ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীকে সমর্থন দেননি। তবে তিনি সিনেটর ফ্লাভিও বলসোনারোকে হোয়াইট হাউসে আতিথ্য দিয়েছেন এবং প্রকাশ্যে তাঁর প্রশংসা করেছেন।
রয়টার্স বুধবার জানিয়েছে, নির্বাচনের আগে ব্রাজিলের গোয়েন্দা কর্মকর্তারা ফ্রান্স ও জার্মানির একটি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কথিত হস্তক্ষেপের বিষয়ে অবহিত করেছেন। তবে ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। রোববার বিকেলে ব্রাজিলের নির্বাচনী আদালতের প্রধান কাসিও নুনেজ মার্কেজ বলেন, দেশটির নির্বাচন সুষ্ঠুভাবেই চলছে।

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি গত সপ্তাহে ইরান যুদ্ধ শুরুর আগের স্তর পার হয়ে গেছে। তবে ইরানকে বাদ দিয়ে এই হিসাব করা হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চললেও এমনটি ঘটেছে বলে জানিয়েছে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলার।
৫ মিনিট আগে
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে এফবিআই। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৩৪ বছর বয়সী ওয়ানইং ঝাং ক্যালিফোর্নিয়ার ইরভিনের বাসিন্দা। তিনি হিদার নামেও পরিচিত।
১৯ মিনিট আগে
জাপানের ওকিনাওয়ায় একটি হোটেলে নারীর মরদেহ উদ্ধারের পর হত্যার সন্দেহে এক মার্কিন নৌসেনাকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন রাজ্য রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ২০২৪ সালে ওই রাজ্যের বিশাল অংশের নিয়ন্ত্রণ নেয়। নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে উত্তর মিয়ানমারে আরাকান আর্মি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করেছে, তাদের জমির ওপর বন্দীশিবির, সামরিক ব্যারাক ও বসতি গড়ে তুলেছে।
৩ ঘণ্টা আগে