
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, ভবনটিতে অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, আজ রোববার দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে ভবনটি ধসে পড়ে। ৭৫ শয্যার ‘হোস্টেল ডেজ’ নামের ভবনটি পুরুষদের থাকার জন্য ব্যবহৃত হতো। সত্য নিকেতন এলাকা দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে হওয়ায় সেখানে বিপুলসংখ্যক শিক্ষার্থী বসবাস করতেন।
সরকারি এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে দিল্লি পুলিশ আনুষ্ঠানিকভাবে দুজন উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে এবং কতজন আটকা পড়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা জানায়নি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ভবন ধসের সময় অন্তত ৫০ জন শিক্ষার্থী ভেতরে থাকতে পারেন। রোববার হওয়ায় অধিকাংশ বাসিন্দাই ওই ভবনে অবস্থান করছিলেন বলে তাঁদের ধারণা। ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী এএনআইকে বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য চিৎকার শুনেছেন তিনি।
ভবন ধসের পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকারী দল পৌঁছানোর আগে খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কংক্রিটের স্ল্যাবের নিচে আটকে থাকা একজনকে উদ্ধারে কয়েকজন প্রাণপণ চেষ্টা করছেন।
উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি, একটি এক্সকাভেটর, দুর্যোগ মোকাবিলা দল, অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবা মোতায়েন করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিটও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে বলেন, পাশের ভবনটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খালি করা হয়েছে এবং আটকে পড়াদের নিরাপদে উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরনজিৎ সিং সান্ধুও দ্রুত উদ্ধার অভিযান নিশ্চিত করতে পুলিশ, দমকল ও দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন।

মার্কিন ব্যবসা-সংক্রান্ত সাময়িকী ফোর্বসের প্রকাশ করা ২০২৬ সালের সিঙ্গাপুরের শীর্ষ ৫০ জন ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে তাঁর অবস্থান পিছিয়ে পড়ার পর এবার শীর্ষ ৫০ জনের তালিকা থেকে তিনি বাদ পড়লেন।
৩৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সাময়িকভাবে ছয়টি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এ অবস্থায় দেশটিতে দেড় লাখের বেশি যাত্রী আটকা পড়েছেন।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৯ বছর বয়সী যমজ দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড এবং অন্যজনকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে তারানেহ রহিমিকে ফাঁসিতে মৃত্যুদণ্ড এবং তাঁর যমজ বোন রোমিনা রহিমিকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
ইউরোপে অপরাধী চক্রগুলো ক্রমেই মানুষ ও মাদক—দুই ধরনের চোরাচালানেই অভিবাসী পাচারের রুটগুলোকে ব্যবহার করছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনশৃঙ্খলা সংস্থা ইউরোপোলের অভিবাসী পাচারবিরোধী টাস্কফোর্সের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে