চলতি বছরের ১৪ এপ্রিল বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির সামনে দুই ব্যক্তি এসে গুলি চালিয়ে যান। তার পর থেকে ধীরে ধীরে নতুন করে প্রকাশ্যে আসতে থাকে বিষ্ণোই গ্যাংয়ের নেতৃত্বে সালমান খান হত্যার পরিকল্পনার নাড়ি-নক্ষত্র।
এবার নাভি মুম্বাই পুলিশ পাঁচজনকে অভিযুক্ত করে একটি নতুন চার্জশিট দাখিল করেছে। এতে সালমান খানকে হত্যার হুমকি ও বাড়িতে হামলার বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, নাভি মুম্বাইয়ের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তরা সবাই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।
এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে, সালমান খানকে হত্যার জন্য বিষ্ণোই গ্যাং অভিযুক্তদের ২৫ লাখ টাকা দিতে চেয়েছিল। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত এই ষড়যন্ত্রের ছক কষা হয়েছে।
পুলিশি তদন্তে উঠে এসেছে, পাকিস্তান থেকে এই গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র এনেছে এবং আরও আনার প্ল্যান করেছিল। এসব অস্ত্রের মধ্যে রয়েছে একে-৪৭, একে-৯২, এম-১৬ রাইফেল, তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল ইত্যাদি। এই জিগানা পিস্তল দিয়েই ২০২২ সালের ২৯ মে পঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালাকে হত্যা করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, গোটা ষড়যন্ত্র কেবল অস্ত্র আনা নিয়ে হয়নি, রীতিমতো নজরদারি চালানো হয়েছিল বলিউডে ভাইজান খ্যাত এই অভিনেতার ওপর। সালমান খানের চলাফেরার ওপর নজর রাখতে প্রায় ৬০ থেকে ৭০ জনকে নিয়োগ করা হয়েছিল।
ভাইজান সালমানের মুম্বাইয়ের পানভেলের ফার্মহাউস থেকে শুরু করে গুরুগ্রামের ফিল্ম সিটি, বা তিনি যেখানে যেখানে নিয়মিত শুটিংয়ে যেতেন সেসব জায়গায় তাঁকে অনুসরণ করত বিষ্ণোই গ্যাংয়ের লোকজন।
চার্জশিটে বলা হয়েছে, সালমানকে মারার জন্য ১৮ বছরের নিচের কিশোরদের নিয়োগ করা হয়েছিল। তারা কানাডার গোল্ডি ব্রার ও আনমোল বিষ্ণোইয়ের থেকে সালমানকে হত্যার হুকুমের অপেক্ষায় দিন গুনত।
পুলিশ আরও জানিয়েছে, ১৯৯৮ সাল থেকে বিষ্ণোই গ্যাংয়ের হিট তালিকায় রয়েছেন সালমান খান। ওই বছরই একটি সিনেমার শুটিংয়ে গিয়ে তিনি রাজস্থানে একটি কৃষ্ণসার হরিণ মারেন। আর এই বিষ্ণোই গ্যাং কৃষ্ণসার হরিণকে দেবতা রূপে পূজা করে। এর পর থেকেই সালমান খানকে হত্যা করতে চাইছে বিষ্ণোই গ্যাং। একাধিকবার হুমকির পর শেষ পর্যন্ত তাঁর বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে।
তদন্তে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার হরিয়ানার পানিপথ থেকে গ্রেপ্তার হওয়া সুখা অভিনেতা সালমানকে হত্যার জন্য শুটার অজয় কাশ্যপ ওরফে একে এবং আরও চারজনকে দায়িত্ব দিয়েছিল। কাশ্যপ এবং তাঁর দল সিদ্ধান্তে পৌঁছে যে সালমান খানের চারপাশে কঠোর নিরাপত্তা এবং বুলেটপ্রুফ যানবাহনের কারণে উচ্চমানের অস্ত্রের প্রয়োজন হবে।
সুখা ভিডিও কলের মাধ্যমে পাকিস্তানভিত্তিক অস্ত্র ব্যবসায়ী ডোগারের সঙ্গে যোগাযোগ করেন। এতে অস্ত্র চুক্তির শর্তাবলি নিয়ে আলোচনা করার সময় শালে মোড়ানো একে-৪৭ এবং অন্যান্য উন্নত অস্ত্র দেখানো হয়। ডোগার অস্ত্র সরবরাহ করতে রাজি হন আর সুখা অর্ধেক অগ্রিম টাকা দিতে সম্মত হন।
অভিযোগপত্রে ৫৮ বছর বয়সী সালমানকে হত্যার পরে কন্যাকুমারীতে জড়ো হওয়ার জন্য শুটারদের একটি পরিকল্পনার বিবরণও রয়েছে। যেখান থেকে তাঁরা নৌকায় করে শ্রীলঙ্কায় যাবেন এবং তারপরে এমন একটি দেশে যাবেন যেখানে ভারতীয় তদন্ত সংস্থাগুলো কার্যকরী নয়।
এদিকে, সাবেক মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকের হত্যার পর সালমান খানের বান্দ্রার বাসভবনের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর নির্মাণাধীন বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের ঠিক তলদেশে একটি সক্রিয় ভূগর্ভস্থ চ্যুতি বা ফল্ট লাইনের অস্তিত্ব খুঁজে পেয়েছেন চীনের সরকারি ভূবিজ্ঞানীরা। হিমালয় অঞ্চলের এই ফল্ট লাইনটি নির্মাণাধীন মেগা...
৪ ঘণ্টা আগে
দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ‘শেষ’ হয়ে গেছে। আজ আবার তিনি বলছেন, যুদ্ধবিরতি শেষ হলেও ইরানের অনুরোধে তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে...
৬ ঘণ্টা আগে
তীব্র দাবদাহ আর শুষ্ক আবহাওয়ার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া প্রদেশে এক প্রলয়ংকরী দাবানলের সৃষ্টি হয়েছে। দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে নারী-শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। স্পেনের ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে...
৮ ঘণ্টা আগে
অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণের পাশাপাশি মাঝেমধ্যে বিনোদনের ব্যবস্থা করতেন ফিলিস্তিনি সমাজকর্মী মোহাম্মদ আল-ওয়াহিদি। সম্প্রতি গাজা সিটি, দেইর আল-বালাহ এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসি অঞ্চলের শরণার্থীশিবিরগুলোতে বড় পর্দায় ২০২৬ বিশ্বকাপের কিছু ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নিয়ে তিনি...
৮ ঘণ্টা আগে