ভারতের উত্তর প্রদেশের লোনি শহরের বাতাসে দূষণের মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। দীপাবলি উপলক্ষে দেশজুড়ে আতশবাজি পোড়ানোর কয়েক ঘণ্টা পর সোমবার সকালে শহরটির বায়ুদূষণ আরও বেড়ে যায়। দিল্লি থেকে এক ঘণ্টার দূরত্বের শহরটি উৎসবের পর ভারতের অন্যতম দূষিত এলাকায় পরিণত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ মাসে লোনিতে বাতাসে পিএম ২.৫-এর গড় ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ১১২ দশমিক ৫ মাইক্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত বার্ষিক সহনীয় মাত্রা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রাম। অর্থাৎ লোনির বাতাসে এই সূক্ষ্ম বস্তুকণার ঘনত্ব ডব্লিউএইচওর সুপারিশ করা সীমার ২২ গুণেরও বেশি।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের বার্ষিক তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত ২০টি শহরের মধ্যেও জায়গা পেয়েছে লোনি।
উল্লেখ্য, বাতাসে অতিরিক্ত মাত্রায় ক্ষুদ্র বস্তুকণা থাকলে মানুষের ক্যানসার ও হৃদ্রোগের ঝুঁকি বাড়তে পারে।
লোনির বাতাস এতটা দূষিত হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। শিল্পকারখানার ধোঁয়া থেকে শুরু করে যানবাহনের নির্গমন, নির্মাণকাজের ধুলা, ইটভাটা ও কৃষিজমিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো—সব মিলিয়ে শহরটির বায়ুমান বিপজ্জনক হয়ে উঠেছে।
শিল্পকারখানার ধোঁয়া
লোনির আশপাশে রয়েছে অনেক শিল্পাঞ্চল। এসব এলাকার কারখানা থেকে নির্গত ধোঁয়া বায়ুদূষণের বড় উৎস। এ ছাড়া আবাসিক এলাকাতেও রয়েছে বেশ কিছু ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কোনো কোনোটি ধাতু গলানোর জন্য চুল্লি ব্যবহার করে। সেখান থেকে ক্ষতিকর রাসায়নিক ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ে।
ভাঙা রাস্তা ও নির্মাণকাজের ধুলা
শহরটির অনেক রাস্তা ভাঙাচোরা এবং ধুলায় ভরা। অঞ্চলটি দিল্লির আশপাশের তুলনামূলক অনুন্নত এলাকাগুলোর একটি। শীতকালে এসব রাস্তার ধুলা বাতাসে মিশে দূষণের মাত্রা আরও বাড়িয়ে দেয়।
দিল্লি, গাজিয়াবাদ ও বাগপতের মাঝামাঝি অবস্থানের কারণে লোনিতে আবাসন নির্মাণের কাজ সারা বছরই চলে। দিল্লির আশপাশের অন্য এলাকার তুলনায় এখানে জমির দাম কম এবং যোগাযোগব্যবস্থাও ভালো। এ কারণে বাড়ি নির্মাণের পাশাপাশি বিভিন্ন অবকাঠামো প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্পে গভীর খননকাজের ফলে প্রচুর ধুলা তৈরি হচ্ছে।
ভারী যানবাহনের চাপ
লোনি দিল্লির সঙ্গে উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ। সম্প্রতি নির্মিত ইস্টার্ন এক্সপ্রেসওয়ে এবং দিল্লি-দেরাদুন মহাসড়কও শহরটির কাছ দিয়ে গেছে। এসব সড়ক দিয়ে দিনরাত অসংখ্য ভারী ট্রাক চলাচল করে।
এ ছাড়া লোনির সঙ্গে একাধিক শহরের যোগাযোগ থাকায় এখানে যানবাহনের চাপ অন্যান্য এলাকার তুলনায় বেশি। যানবাহনের ধোঁয়া শহরটির বায়ুদূষণ বাড়াচ্ছে। দিল্লির দূষণের প্রভাবও আশপাশের এলাকার মতো লোনিতে পড়ছে।
বর্জ্য ব্যবস্থাপনার সংকট
ঘনবসতি ও অনুন্নত অবকাঠামোর কারণে লোনিতে বর্জ্য ব্যবস্থাপনাও বড় সমস্যা। উৎপাদিত বর্জ্যের তুলনায় তা সঠিকভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা অপর্যাপ্ত। ফলে বাসিন্দাদের কেউ কেউ খোলা জায়গায় আবর্জনা ফেলে রাখেন, আবার কেউ তা পুড়িয়ে ফেলেন। গৃহস্থালি ও শিল্পবর্জ্য খোলা জায়গায় পোড়ানোর ফলে ক্ষতিকর ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ে।
ইটভাটার ধোঁয়া ও ফসলের অবশিষ্টাংশ পোড়ানো
লোনির কাছেই রয়েছে বাগপত এলাকা, যেখানে ঐতিহ্যগতভাবে ইটভাটার সংখ্যা বেশি। শহরটির কয়েক কিলোমিটারের মধ্যে অনেক ইটভাটা রয়েছে। এসব ভাটার ধোঁয়ার পাশাপাশি ইট তৈরির জন্য কৃষিজমি খনন করায় সৃষ্ট ধুলাও দূষণ বাড়ায়।
শীতকালে উত্তর ভারতের বায়ুদূষণের অন্যতম বড় কারণ ফসলের অবশিষ্টাংশ পোড়ানো। লোনির আশপাশের গ্রামীণ এলাকায় শীত শুরু হলেই কৃষকেরা জমিতে পড়ে থাকা ফসলের অংশবিশেষ পোড়াতে শুরু করেন। ফলে পাঞ্জাব ও হরিয়ানার মতো রাজ্য থেকে আসা দূষণের পাশাপাশি উত্তর প্রদেশের গ্রামাঞ্চলের ধোঁয়াও লোনির বাতাসে প্রভাব ফেলে।
আবহাওয়া ও রাসায়নিক বিক্রিয়ার প্রভাব
যমুনা নদীর তীরে অবস্থিত লোনির আশপাশে রয়েছে গ্রামীণ এলাকাও। এ কারণে অন্য কিছু এলাকার তুলনায় এখানে ভূপৃষ্ঠের তাপমাত্রা কম থাকতে পারে। তাপমাত্রা কমে গেলে বাতাসের দূষিত পদার্থ মিশে ছড়িয়ে পড়ার উচ্চতাও কমে যায়। ফলে নিচু স্তরে দূষিত কণা আটকে থাকে। বাতাসের আর্দ্রতা এসব দূষককে আরও বিপজ্জনক করে তুলতে পারে।
এ ছাড়া সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ও অ্যামোনিয়ার মতো রাসায়নিক পদার্থ পিএম ২.৫-এর মতো ধুলিকণার সঙ্গে বিক্রিয়া করে। লোনি এলাকায় এসব রাসায়নিকের উপস্থিতি বেশি থাকায় এ ধরনের বিক্রিয়ায় আরও ক্ষতিকর পদার্থ তৈরি হতে পারে। এতে বাতাসের বিষাক্ততা বাড়ে।
রাজধানী দিল্লির অংশ হওয়ায় বায়ুদূষণের অন্যান্য কারণও লোনিকে প্রভাবিত করে। পাশাপাশি গাজিয়াবাদ ও উত্তর-পূর্ব দিল্লির আশপাশে যানবাহনের সংখ্যা বাড়ছে। এসব যানবাহনের ধোঁয়া দিল্লির চারপাশের এলাকার মতো লোনির বাতাসকেও দূষিত করছে।
এদিকে সরকারি তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা ১০ মিনিটে দিল্লির বায়ুমান সূচক (একিউআই) বেড়ে ৪৮৩-তে পৌঁছায়। তবে বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারসহ কয়েকটি বেসরকারি পর্যবেক্ষণ সংস্থা শাহদারা ও দক্ষিণ দিল্লির ডিফেন্স কলোনিতে একিউআই এক হাজারের বেশি বলে জানিয়েছে।











