
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। এই চ্যানেলগুলোর মোট সাবস্ক্রাইবার তথা গ্রাহকসংখ্যা ছিল ৬ কোটি ৩০ লাখের মতো। ভারত সরকারের সূত্র বলছে, উসকানিমূলক ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো কনটেন্ট প্রচারের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে চ্যানেলগুলো নিষিদ্ধ করা হয়েছে।
নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে রয়েছে—দেশটির সংবাদমাধ্যম দ্য ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ ও সুনো নিউজের ইউটিউব চ্যানেল। সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা ও মুনিব ফারুকের ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে—দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজাইর ক্রিকেট ও রাজি নামা।
ভারত সরকারের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, পেহেলগাম হামলার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েনের মধ্যে এই ইউটিউব চ্যানেলগুলো ভারত, ভারতীয় সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে উসকানিমূলক ও সাম্প্রদায়িক স্পর্শকাতর বিষয়, মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচার ও ভুল তথ্য ছড়াচ্ছিল। পেহেলগাম হামলায় ২৫ পর্যটক ও এক কাশ্মীরি নিহত হন।
ভারত সরকার নিষিদ্ধ করার পর দেশটি থেকে এই চ্যানেলগুলোতে ঢোকার চেষ্টা করলে একটি বার্তা দেখাচ্ছে, ‘জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত সরকারের একটি আদেশের কারণে এই কনটেন্ট বর্তমানে এই দেশে পাওয়া যাচ্ছে না। সরকারি অপসারণের অনুরোধ সম্পর্কে আরও জানতে অনুগ্রহ করে গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখুন।’
পেহেলগাম সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। নয়াদিল্লি সিন্ধু পানিবণ্টন চুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করেছে। প্রতিক্রিয়ায় ইসলামাবাদ বলেছে, সিমলা চুক্তিসহ ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিতের অধিকার তাদের রয়েছে।
পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করার পাশাপাশি ভারত সরকার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকেও একটি শিরোনামের জন্য সতর্ক করেছে। এই শিরোনামে লেখা ছিল, ‘পর্যটকদের ওপর প্রাণঘাতী কাশ্মীর হামলার পর পাকিস্তান ভারতীয়দের জন্য ভিসা স্থগিত করেছে।’ সূত্র অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিসিটি ডিপার্টমেন্ট বিবিসি ইন্ডিয়ার প্রধান জ্যাকি মার্টিনকে তাদের রিপোর্টিং সম্পর্কে ভারতের ‘শক্ত মনোভাব" জানিয়েছে। সন্ত্রাসীদের জঙ্গি হিসেবে উল্লেখ করার বিষয়ে বিবিসিকে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে। সূত্র জানায়, সরকার বিবিসির রিপোর্টিংয়ের ওপর নজর রাখবে।

ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধ সাম্প্রতিক সপ্তাহগুলোতে আবারও তীব্র আকার ধারণ করেছে। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা দ্রুত অভিযান চালিয়ে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের পাশাপাশি লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকার বিস্তীর্ণ অংশ দখল করে নিয়েছে।
১ ঘণ্টা আগে
ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী একটি নৌকা ফুটো করে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ড্যানি টমো নামে পরিচিত ৩৭ বছর বয়সী এক ডানপন্থী কর্মীকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। তাঁর বিরুদ্ধে জীবন বিপন্ন করার উদ্দেশ্যে অপরাধমূলক ক্ষতিসাধনসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ ও পশ্চিম ইউরোপে নিজেদের সংঘাতের সীমানা বাড়াতে ইতালি, স্পেন এবং ফ্রান্সে সমুদ্রভিত্তিক ড্রোন হামলা চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। সম্প্রতি মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা সিআইএর একটি সতর্কবার্তার বরাত দিয়ে স্প্যানিশ দৈনিক এল মুন্দো এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে...
২ ঘণ্টা আগে
ইউরোপে কাজের ভিসার প্রলোভন দেখিয়ে ভারতীয় রেস্তোরাঁকর্মীদের পাচার ও শোষণের অভিযোগ উঠেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনশৃঙ্খলা সংস্থা ইউরোপোল জানিয়েছে, এসব কর্মীকে সপ্তাহে সর্বোচ্চ ৮০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো। দেশে ফিরতে চাইলে তাঁদের ওপর সহিংসতার হুমকি দেওয়া হতো।
৩ ঘণ্টা আগে