Ajker Patrika

উত্তরপ্রদেশে এবার মুসলিম-দলিত জোট, বদলে দিতে পারে ভোটের হিসাব

আজকের পত্রিকা ডেস্ক­
উত্তরপ্রদেশে এবার মুসলিম-দলিত জোট, বদলে দিতে পারে ভোটের হিসাব
চন্দ্রশেখর আজাদ ও আসাদউদ্দিন ওয়াইসি। ছবি: সংগৃহীত

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে যখন জল্পনা চলছে, ঠিক তখনই রাজ্যের রাজনীতিতে নতুন মোড় এনে দিয়েছেন দুই আলোচিত নেতা।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবং আজাদ সমাজ পার্টির (এএসপি) প্রধান চন্দ্রশেখর আজাদ একত্রিত হয়ে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ (এসপিএম) নামে নতুন জোট গঠন করেছেন।

এই জোট গঠনের পরপরই বিরোধী শিবির থেকে চিরাচরিত প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। সমালোচকেরা ওয়াইসিকে ক্ষমতাসীন বিজেপির ‘বি-টিম’ বলে আখ্যা দিচ্ছেন এবং নতুন এই জোটকে এসপি-কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের ভোট কাটার কৌশল হিসেবে অভিহিত করছেন।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদর্শগত বিতর্কের বাইরে গিয়ে বিগত নির্বাচনগুলোর ভোটের পরিসংখ্যান বিশ্লেষণ করলে উত্তর প্রদেশের রাজনীতির একটি ভিন্ন এবং জটিল সমীকরণ সামনে আসে।

উত্তর প্রদেশের রাজনীতিতে পশ্চিম উত্তর প্রদেশ ও রোহিলখণ্ড অঞ্চলকে ক্ষমতার চাবিকাঠি হিসেবে দেখা হয়। ২০০৭ সালের বিধানসভা নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি) এই অঞ্চলে ৬৯টি আসন জিতে এককভাবে সরকার গঠন করেছিল। ২০১২ সালে এসপি এখানে ভালো ফল করে, আর ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে বিজেপি এই অঞ্চলে একচেটিয়া আধিপত্য বিস্তার করে।

২০২২ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, তৃতীয় কোনো শক্তির উপস্থিতি কীভাবে জয়-পরাজয়ের ব্যবধান বদলে দিতে পারে:

মোরাদাবাদ নগর: এই আসনে বিজেপি জিতেছিল মাত্র ৭৮২ ভোটের ব্যবধানে, যেখানে ওয়াইসির দল এআইএমআইএম পেয়েছিল ২ হাজার ৬৬১ ভোট।

কুরসি (বারাবাঁকি) : এখানে বিজেপি ৫২০ ভোটে জয়লাভ করে, অথচ এআইএমআইএম প্রার্থী পেয়েছিলেন ৮ হাজার ৫৪১ ভোট।

নাকুর (সাহারানপুর) : পশ্চিম উত্তর প্রদেশের এই আসনে বিজেপির জয়ের ব্যবধান ছিল মাত্র ৩১৫ ভোট, যেখানে এআইএমআইএম পায় ৩ হাজার ৫৯৩ ভোট।

এই তিনটি আসনেই দ্বিতীয় অবস্থানে ছিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং একসময়ের শক্তিশালী দল বিএসপি তৃতীয় স্থানে নেমে গিয়েছিল।

দলিত ও মুসলিম ভোটে পরিবর্তনের ইঙ্গিত

পরিসংখ্যান অনুযায়ী, উত্তর প্রদেশের দলিত এবং মুসলিম—উভয় সম্প্রদায়ই এখন নিজেদের জন্য আরও কার্যকর রাজনৈতিক প্রতিনিধিত্ব খুঁজছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে নাগিনা আসন থেকে চন্দ্রশেখর আজাদ ৫১ দশমিক ১৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। অথচ এর আগের লোকসভা নির্বাচনে যে আসনটিতে বিএসপি ৫৬ দশমিক ২৯ শতাংশ ভোট পেয়ে জিতেছিল, ২০২৪ সালে সেখানে মায়াবতীর দল মাত্র ১ দশমিক ৩৩ শতাংশ ভোটে নেমে আসে।

বিশ্লেষকদের মতে, এটি প্রমাণ করে যে শক্তিশালী বিকল্প পেলে দলিত সম্প্রদায়ের একটি বড় অংশ বিএসপির হাত ছাড়তে দ্বিধা করবে না। অন্যদিকে, পাশের বিজনৌর আসনে আজাদ প্রার্থী না দেওয়ায় বিএসপি ২১ শতাংশ ভোট ধরে রাখতে সক্ষম হয়েছিল।

একইভাবে, ২০২৪ সালের নির্বাচনে সাহারানপুর ও মোরাদাবাদে ওয়াইসি বা আজাদ কেউই প্রার্থী না দেওয়ায় মুসলিম ভোট একচেটিয়াভাবে কংগ্রেসের ইমরান মাসুদ (৪৪ দশমিক ০৩%) এবং এসপির রুচি ভিরার (৪৯ দশমিক ৬৭ %) পক্ষে গিয়েছিল।

এসপি ও বিএসপির সামনে নতুন চ্যালেঞ্জ

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মায়াবতী সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ ও পারিবারিক বিষয় সামলাতেই বেশি ব্যস্ত রয়েছেন, যা দলটির সাংগঠনিক শক্তিকে দুর্বল করেছে। ২০২২ সালের নির্বাচনে বিএসপি মাত্র একটি আসনে জিতেছিল এবং সেই একমাত্র বিধায়কও চলতি বছরের শুরুতে মারা গেছেন।

অন্যদিকে, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সামনে বড় চ্যালেঞ্জ হলো মুসলিম ভোটারদের আস্থা ধরে রাখা। নির্বাচন কমিশনের তথ্য ও দলীয় পরিসংখ্যান বলছে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এসপি যেখানে ১৬ শতাংশ আসনে মুসলিম প্রার্থী দিয়েছিল, ২০১৯ সালে তা কমে ১০ শতাংশে এবং ২০২৪ সালে তা আরও নিচে নেমে আসে (৬২ জন প্রার্থীর মধ্যে মাত্র ৪ জন)। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে মুসলিমরা একচেটিয়াভাবে এসপিকে ভোট দিলেও বিজেপিকে পরাজিত করা সম্ভব হয়নি।

২০২৭ সালের নির্বাচনের সমীকরণ

আসাদউদ্দিন ওয়াইসি এবং চন্দ্রশেখর আজাদের ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ উত্তর প্রদেশের সবকটি অর্থাৎ ৪০৩টি আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। এমনটি হলে এসপির মুসলিম ভোট এবং বিএসপির দলিত ভোটে ভাগ বসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি যখন টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তখন ঐতিহ্যগতভাবে ছোট ছোট জনগোষ্ঠীর (যেমন—নিষাদ, মল্লহ, বিন্দ) ভোট ধরে রাখার চাপ বিজেপির ওপর থাকছে। তবে বিশ্লেষকদের মতে, নতুন এই রাজনৈতিক সমীকরণের ফলে এখন এসপি এবং বিএসপির মতো প্রতিষ্ঠিত দলগুলোকেই নিজেদের মূল ভোটব্যাংক রক্ষায় সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়তে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত