Ajker Patrika

নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনা পাকিস্তানি এজেন্টকে দিয়েছেন ভারতীয় সেনাকর্মকর্তা

আজকের পত্রিকা ডেস্ক­
নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনা পাকিস্তানি এজেন্টকে দিয়েছেন ভারতীয় সেনাকর্মকর্তা
প্রতীকী ছবি

নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত এক এজেন্টের কাছে অত্যন্ত সংবেদনশীল সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে। ভারতের দিল্লি পুলিশের দাখিল করা এক অভিযোগপত্রে (চার্জশিট) এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

অভিযুক্ত ওই কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর একজন উইং কমান্ডার। দিল্লি পুলিশের দাবি, তিনি বিমানবাহিনীর গোপন যুদ্ধ পরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েন, সামরিক মহড়া এবং স্পর্শকাতর সামরিক স্থাপনার অবস্থানের মতো গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানি এজেন্টের কাছে সরবরাহ করেছেন।

পুলিশ জানিয়েছে, এ ধরনের তথ্য পাচার দেশের সামরিক প্রস্তুতি এবং জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের (সরকারি গোপনীয়তা আইন) অধীনে দায়ের করা একটি মামলায় অভিযুক্ত ওই কর্মকর্তা গত পাঁচ মাস ধরে পুলিশি হেফাজতে রয়েছেন।

দিল্লি পুলিশের অভিযোগপত্র অনুযায়ী, চলতি বছরের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই পাকিস্তানি এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন অভিযুক্ত উইং কমান্ডার। এই সময়ের মধ্যেই তিনি গোপনীয় সামরিক নথি পাচার করেন। গত ১ এপ্রিল নিজের কার্যালয়ে স্মার্টফোন নিয়ে প্রবেশের সময় তল্লাশিতে তিনি ধরা পড়েন।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানি ওই এজেন্ট উইং কমান্ডারকে একটি নগ্ন ছবি পাঠিয়েছিলেন এবং এর বিনিময়ে বিমানবাহিনীর গোপন যুদ্ধ পরিকল্পনার একটি পৃষ্ঠা পাঠান ওই কর্মকর্তা। এমনকি অভিযুক্ত কর্মকর্তা নিজেই এমন একটি লেনদেনের প্রস্তাব দিয়েছিলেন যে—প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে তিনি যুদ্ধ পরিকল্পনার নথির একটি করে পৃষ্ঠা সরবরাহ করবেন।

কী কী তথ্য পাচার হয়েছে?

দিল্লি পুলিশের তদন্ত প্রতিবেদনে পাচার হওয়া তথ্যের যে বিবরণ দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে:

গোপন ড্রোন ইউনিটের তথ্য: বিমানবাহিনীর একটি গোপন ড্রোন ইউনিটের জনবল, সাংগঠনিক কাঠামো এবং পরিচালন পদ্ধতির বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে ড্রোনের পরীক্ষা-নিরীক্ষা, কার্যক্ষমতা, আকাশে ওড়ার সময়সীমা (ফ্লাইট এন্ডিউরেন্স) এবং অস্ত্র লক্ষ্যভেদ করার (ওয়েপন-টার্গেটিং) ব্যবস্থার তথ্যও ছিল।

যুদ্ধকালীন পরিকল্পনা: যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে ওই ড্রোন ইউনিটগুলো সম্ভাব্য কোন কোন স্থানে মোতায়েন করা হবে, সেই তথ্যও ফাঁস করা হয়েছে। পুলিশের মতে, শত্রুপক্ষের জন্য এই তথ্য অত্যন্ত মূল্যবান, কারণ এর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীর রণকৌশল সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

যুদ্ধবিমান মোতায়েন ও মহড়া: লাদাখের লেহ-তে যুদ্ধবিমান মোতায়েনের বিস্তারিত তথ্য এবং রাজস্থানের সুরাটগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ার তথ্যও সরবরাহ করা হয়েছে। এ ছাড়া যুদ্ধকালীন সময়ে সৈন্য মোতায়েনের কৌশল ও সংবেদনশীল স্থাপনার অবস্থানও জানিয়ে দেওয়া হয়েছিল।

অধস্তন কর্মকর্তাদের ফোনে স্পাইওয়্যার স্থাপন

এই মামলার সবচেয়ে গুরুতর দিক হিসেবে পুলিশ উল্লেখ করেছে যে, অভিযুক্ত কর্মকর্তা কেবল নিজেই তথ্য পাচার করেননি, বরং সাইবার গুপ্তচরবৃত্তিতেও সহায়তা করেছেন।

চার্জশিট অনুযায়ী, পাকিস্তানি এজেন্ট ওই উইং কমান্ডারকে ম্যালওয়্যার বা স্পাইওয়্যারযুক্ত বিভিন্ন অ্যাপ ও লিংক পাঠিয়েছিলেন। অভিযুক্ত কর্মকর্তা তাঁর অধীনে কর্মরত পাঁচজন কর্মকর্তার মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইসে কৌশলে সেই স্পাইওয়্যার ইনস্টল করিয়ে দেন। পুলিশের সন্দেহ, ওই পাঁচ কর্মকর্তার ডিভাইসে থাকা সংবেদনশীল তথ্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁদের যোগাযোগের তথ্য হাতিয়ে নিতেই এই কাজ করা হয়েছিল।

অভিযোগপত্রে দিল্লি পুলিশ ওই কর্মকর্তা এবং পাকিস্তানি এজেন্টের মধ্যকার ডিজিটাল যোগাযোগের বিস্তারিত রেকর্ড উপস্থাপন করেছে। হোয়াটসঅ্যাপ ডেটা পরীক্ষা করে দেখা গেছে, দুজনের মধ্যে মোট ৩ হাজার ৮টি টেক্সট মেসেজ, ৬৫টি ছবি, ৬৫টি রিঅ্যাকশন, ৪২টি ভয়েস কল, ৪টি ভিডিও কল এবং ৬টি ওয়েব লিংক (ইউআরএল) আদান-প্রদান হয়েছে।

এই ডিজিটাল প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত কর্মকর্তা ঠিক কী পরিমাণ স্পর্শকাতর তথ্য পাচার করেছেন এবং এই ষড়যন্ত্রে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে আরও গভীর তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ।

তথ্যসূত্র: এনডিটিভি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত