
শ্রীনগর বিমানবন্দরে অতিরিক্ত কেবিন ব্যাগেজ নিয়ে বিতর্কের জেরে এক সিনিয়র সেনা কর্মকর্তা স্পাইসজেটের চার কর্মীকে মারাত্মকভাবে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। বিমান সংস্থাটি আজ রোববার এক বিবৃতিতে জানিয়েছে, হত্যার উদ্দেশ্যে চালানো এই হামলায় তাদের কর্মীদের মেরুদণ্ডে ফাটল ও চোয়ালে গুরুতর আঘাত লেগেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল রিতেশ কুমার সিং। এই হামলার ঘটনার পর ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
স্পাইসজেটের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৬ জুলাই দিল্লিগামী একটি ফ্লাইটের চেক-ইন চলাকালে এ ঘটনা ঘটে। লেফটেন্যান্ট কর্নেল রিতেশের দুটি কেবিন ব্যাগের মোট ওজন ছিল ১৬ কেজি, যা বিমান সংস্থার অনুমোদিত ৭ কেজির দ্বিগুণের বেশি।
যখন গ্রাউন্ড স্টাফরা তাঁকে অতিরিক্ত ব্যাগেজের কথা জানান এবং প্রযোজ্য ফি পরিশোধ করতে বলেন, তখন তিনি তা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে লেফটেন্যান্ট কর্নেল রিতেশ সহিংস হয়ে ওঠেন। ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ওই কর্মকর্তা একটি স্টিলের সাইনবোর্ডের স্ট্যান্ড দিয়ে কর্মীদের ওপর হামলা করছেন।
স্পাইসজেট আরও জানায়, অভিযুক্ত সেনা কর্মকর্তা ফি দিতে অস্বীকৃতি জানিয়ে ‘বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন না করেই জোরপূর্বক অ্যারোব্রিজে প্রবেশ করেন’। এটি বিমান চলাচল নিরাপত্তা প্রটোকলের স্পষ্ট লঙ্ঘন।
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) একজন কর্মকর্তা যাত্রীকে গেটে ফিরিয়ে আনলে পরিস্থিতি আরও খারাপ হয়। সেনা কর্মকর্তা আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং স্পাইসজেটের চারজন গ্রাউন্ড স্টাফকে মারধর করেন।
স্পাইসজেট তাদের বিবৃতিতে জানায়, ‘এই হামলার ঘটনায় আমাদের কর্মীরা গুরুতর আঘাত পেয়েছেন। একজন স্পাইসজেট কর্মচারী অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান, কিন্তু ওই যাত্রী তখনো তাঁকে লাথি মারতে থাকেন। আরও একজন কর্মী অজ্ঞান হয়ে পড়া সহকর্মীকে সাহায্য করতে গেলে তাঁর চোয়ালে লাথি মারেন ওই সেনা কর্মকর্তা। তাঁর নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।’
এ ঘটনা প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা বিষয়টি আমলে নিয়েছে এবং তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছে। সেনা সূত্র আরও জানায়, সেনাবাহিনী সব স্তরে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিমান সংস্থাটি স্থানীয় পুলিশের কাছে ঘটনার বিষয়ে একটি এফআইআর করেছে এবং বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে। বেসামরিক বিমান চলাচল বিধিমালা অনুযায়ী ওই যাত্রীকে ‘নো-ফ্লাই লিস্টে’ রাখার প্রক্রিয়াও শুরু করেছে স্পাইসজেট। এ ছাড়া স্পাইসজেট বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়কে লিখিতভাবে ঘটনাটি জানিয়েছে এবং যাত্রীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে।

ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে স্বামী, স্ত্রী এবং তাঁদের আট বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। এই হামলায় পরিবারের বড় ছেলে (২০) গুরুতর আহত হলেও তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পের প্রায় ৩২ ঘণ্টা পর ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী কারাকাসের উত্তরে সবচেয়ে বেশি...
১২ ঘণ্টা আগে
লেবানন ও ইসরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। চুক্তিটি স্বাক্ষরের ঠিক এক দিন পর আজ শনিবার তিনি এটিকে সম্পূর্ণ অবৈধ ও বাতিল ঘোষণা করেন...
১৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্যাঞ্চলে আজ শনিবার সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। এই শক্তিশালী ভূকম্পনের তীব্র ঝাঁকুনি প্রতিবেশী পাকিস্তান এবং উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায়ও অনুভূত হয়েছে...
১৪ ঘণ্টা আগে