
পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক মেডিকেল শিক্ষার্থীর ধর্ষণের ঘটনায় করা মন্তব্যে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের ওপর চাপিয়ে দিয়ে মমতা প্রশ্ন তোলেন, ২৩ বছর বয়সী ওই ছাত্রী কীভাবে গভীর রাতে ক্যাম্পাসের বাইরে গেলেন?
ঘটনার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওই ছাত্রী একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়ত। তাহলে দায়িত্ব কার? রাত সাড়ে ১২টায় সে কীভাবে বাইরে গেল?’
মমতা আরও বলেন, বেসরকারি মেডিকেল কলেজগুলোকেই তাদের শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে এবং রাতের সময়ের ‘সংস্কৃতি’ নিয়ন্ত্রণ করতে হবে। তিনি বলেন, তাঁদের বাইরে যেতে দেওয়া উচিত নয়। নিজেদের রক্ষা করতে হবে। জায়গাটা জঙ্গলের মতো এলাকা।
বিজেপিশাসিত ওডিশা সরকারের দিকে আঙুল তুলে মমতা বলেন, ওডিশায় মেয়েরা সমুদ্রসৈকতে ধর্ষণের শিকার হয়েছেন। তাদের সরকার কী ব্যবস্থা নিয়েছে?
দোষীরা শাস্তি পাবেন বলে আশ্বাস দেন মমতা। তিনি একে ‘অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক’ ঘটনা বলে উল্লেখ করেন এবং বলেন, পুলিশ ইতিমধ্যে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।
মমতা বলেন, ‘আমরা কঠোর ব্যবস্থা নেব। অন্য রাজ্যগুলোতেও এমন ঘটনা ঘটলে আমরা নিন্দা করি। মণিপুর, উত্তর প্রদেশ, বিহার, ওডিশা—সব জায়গায়ই এমন ঘটনা ঘটেছে। সেসব রাজ্যের সরকারকেও কঠোর পদক্ষেপ নিতে হবে।’
এদিকে বিজেপি মমতার মন্তব্যকে ‘ভুক্তভোগীকে দোষারোপ করা’ বলে কটাক্ষ করেছে।
বিজেপি অভিযোগ করেছে, যৌন সহিংসতার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার বদলে ভুক্তভোগীকেই দায়ী করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘লজ্জাহীন@MamataOfficial নারীসমাজের কলঙ্ক, বিশেষ করে একজন মুখ্যমন্ত্রী হয়েও। আরজিকর, সন্দেশখালির পর এবার এই ভয়াবহ ঘটনা। কিন্তু ন্যায়বিচার দেওয়ার বদলে তিনি ভুক্তভোগীকেই দোষ দিচ্ছেন!’
গৌরব আরও লিখেছেন, ‘যে মুখ্যমন্ত্রী মেয়েদের রাতের বেলা বাইরে যেতে বারণ করেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে দোষ চাপান, তাঁর নৈতিক অধিকার নেই মুখ্যমন্ত্রী থাকার। মানুষ এখন বুঝতে পারছে, তাঁরা এক হৃদয়হীন, বিশৃঙ্খল নেত্রীর ওপর ভরসা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে এবং আইনের আওতায় আসতে হবে।’
বিজেপির আরও এক মুখপাত্র শাহজাদ পুনাওয়াল্লা বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ‘বেটিকে (মেয়েকে) দোষ দেন, আর বলাৎকারীকে (ধর্ষককে) রক্ষা করেন’।
শাহজাদ পুনাওয়াল্লা আরও বলেন, বারবার, আর জি কর, সন্দেশখালি, পার্ক স্ট্রিট—প্রতিবারই এমন করেছেন। কাল যাঁরা গলা ফাটাচ্ছিলেন—সুপ্রিয়া শ্রীনিতে, প্রিয়াঙ্কা বদ্রা, রাহুল গান্ধীরা এখন কি মুখ খুলবেন?
ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী ওডিশার জালেশ্বরের বাসিন্দা। তিনি দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস দ্বিতীয় বর্ষে পড়েন। গত শুক্রবার রাতে তিনি এক বন্ধুর সঙ্গে বাইরে বের হয়েছিলেন। এ সময় কিছু পুরুষ তাঁদের কাছে আসেন এবং জোর করে মেয়েটিকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
এ ঘটনায় বিমূঢ় মেয়েটির বাবা বলেন, মেয়েকে ওডিশায় ফিরিয়ে নিতে চান তিনি। পশ্চিমবঙ্গে মেয়ের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছেন। তিনি আরও বলেন, ‘আমার মেয়ে যন্ত্রণায় কাতর। এখন হাঁটতেও পারছে না, বিছানায় শুয়ে আছে। এখানে ওর নিরাপত্তা নেই, যেকোনো সময় ওকে মেরে ফেলতে পারে। তাই আমরা ওকে ওডিশায় নিয়ে যেতে চাই। বিশ্বাস হারিয়ে গেছে। ওকে আর পশ্চিমবঙ্গে রাখব না, ও ওডিশাতেই পড়াশোনা করবে।’
মেয়েটির বাবা জানান, ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঞ্জি তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন, ‘ওডিশার মুখ্যমন্ত্রী আমার সঙ্গে কথা বলেছেন। প্রশাসন আমাদের সাহায্য করছে। আমি চাই, আমার মেয়েকে ওডিশার কোনো মেডিকেল কলেজে ভর্তি করে দেওয়া হোক।’
এ ঘটনায় আপু বাউরি (২১), ফিরদৌস শেখ (২৩) ও শেখ রিয়াজউদ্দিন (৩১) নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়েটির সঙ্গে থাকা পুরুষ বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটিতে ‘গভীরভাবে মর্মাহত’। তারা আশ্বস্ত করেছে, অপরাধীরা কোনোভাবেই পার পাবে না। এক্সে দেওয়া বিবৃতিতে পুলিশ বলেছে, ‘ভুক্তভোগীর যন্ত্রণা ওডিশার যেমন, আমাদেরও তেমনি। অপরাধীদের বিচারের আওতায় আনতে আমরা কোনো প্রচেষ্টা বাদ রাখব না।’
ওডিশার মুখ্যমন্ত্রী মাঞ্জি ঘটনাটিকে ‘চরম নিন্দনীয় ও বেদনাদায়ক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, তিনি যেন আইনের বিধান অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেন। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিনিয়র কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের পাশে সব সময় থাকবে ওডিশা সরকার।’

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে