গুজরাট থেকে সর্বভারতীয় রাজনীতিতে বরাবরই পরস্পরের বিশ্বস্ত সঙ্গী মোদি ও অমিত শাহ। অনেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডান হাত বলেও দাবি করেন। কিন্তু সেই অমিত শাহ সম্পর্কে এবার মোদিকে সতর্ক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, অমিত শাহকে এত বিশ্বাস করা ঠিক নয় মোদির। একদিন এই অমিত শাহ ‘মীরজাফর’ হয়ে উঠবেন।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার উত্তরবঙ্গ থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, অমিত শাহ ‘ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর’ মতো আচরণ করছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছেন, যেন ‘সব সময় তাঁকে বিশ্বাস না করেন’।
প্রসঙ্গত, মীরজাফর ছিলেন ১৮ শ শতাব্দীর একজন সামরিক সেনাপতি। তিনি পলাশীর যুদ্ধে ব্রিটিশদের পক্ষ নিয়ে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তার পর থেকে বিশ্বাসঘাতকতার প্রসঙ্গে মানুষ মীরজাফরের কথা বলে থাকে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অমিত শাহ হয়তো একদিন ‘মোদি সরকারের মীরজাফর’ হয়ে উঠবেন। নির্বাচন কমিশন ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের (এসআইআর) নামে যা কিছু করছে, তা অমিত শাহের নির্দেশেই করছে।
মমতা সতর্ক করে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, তিনি যেন সব সময় অমিত শাহকে বিশ্বাস না করেন। সময় থাকতে সতর্ক হোন, কারণ সকালই দিন দেখিয়ে দেয়।’
মমতার এ মন্তব্য এমন এক সময়ে এল, যখন নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিরোধী দলের সমালোচনা বাড়ছে। বিরোধীরা ইসির বিরুদ্ধে বিজেপির নির্দেশে কাজ করার অভিযোগ তুলেছে। এ ছাড়া বিরোধীরা একাধিকবার বিহারের ভোটার তালিকায় (এসআইআর) বড় ধরনের অনিয়মের অভিযোগ করেছে।
মমতা প্রশ্ন করেন, ‘তাদের নেতা একটা বৈঠক করেন। তারপর এখানে এসে বলেন, তিনি বাংলার ভোটার তালিকা থেকে কয়েক লাখ নাম বাদ দেবেন। আমাকে বলুন, আমরা এখন একটা দুর্যোগপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে কি ১৫ দিনের মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব?’
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারসহ একাধিক জেলার বন্যা পরিস্থিতি নিয়েও এ দিন কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। তাঁর দাবি, কেন্দ্র বাজেটে বাংলার বন্যার জন্য একটি টাকাও বরাদ্দ করেনি। কিন্তু নির্বাচনের সময় রাজ্যে এসে বড় বড় কথা বলে যান বিজেপি নেতারা। শুধু তাই নয়, বিপর্যয়ে থাকা উত্তরবঙ্গে বিমানের ভাড়া এক ধাক্কায় ১৮ হাজার করা হলো কোন যুক্তিতে, এ নিয়েও প্রশ্ন তোলেন মমতা।
গত আগস্টে কলকাতা সফর করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় তিনি বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে এসআইআর নিয়ে আলোচনা করেন। তখন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য অভিযোগ করেছিলেন, পশ্চিমবঙ্গে এসআইআর করা হলে ইসি ভুয়া ভোটারদের খুঁজে বের করবে—এই ভয়ে টিএমসি (তৃণমূল কংগ্রেস) চিন্তিত।

পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
১ ঘণ্টা আগে

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
৫ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১৬ ঘণ্টা আগে