
ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন ১২ দিন আগে শুরু হলেও তা এখন ব্যাপক আন্দোলনের রূপ নিয়েছে। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে চলমান অবস্থান কর্মসূচিতে এখন শত শত শিক্ষার্থী যোগ দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত ৫ জুলাই ১৪ তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই এই বিক্ষোভ শুরু হয়। পরীক্ষার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলেন। এরপর থেকে শিক্ষার্থীরা স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে দিন-রাত টানা বিক্ষোভ এবং অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। ক্রমশ তীব্র হয়ে ওঠা এই আন্দোলনের মুখে অবশেষে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
গতকাল বুধবার রাঁচির মহকুমা শাসক (এসডিও) কুমার রজত আন্দোলনস্থলে গিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সরকারের আলোচনায় বসার আগ্রহের কথা জানান। তিনি শিক্ষার্থীদের পাঁচ থেকে সাতজন প্রতিনিধির একটি দল মনোনীত করতে বলেন। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, সরকার প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজতে চায়।
রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন সরকার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। রজত জানান, নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অভিযোগগুলো ইতোমধ্যেই তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো জরুরি ভিত্তিতে কাজ করছে।
তবে শিক্ষার্থীরা সরকারের প্রস্তাবিত রুদ্ধদ্বার বৈঠক প্রত্যাখ্যান করেছেন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলোচনা করতে হলে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ হতে হবে এবং তা প্রকাশ্যে করতে হবে। শিক্ষার্থীরা দাবি করেছেন, সরকারের সঙ্গে যেকোনো আলোচনা গণমাধ্যমের উপস্থিতি ও ক্যামেরার সামনে হতে হবে।
গত পাঁচ দিন ধরে অনশন করা শিক্ষার্থী নেতা দেবেন্দ্র মাহাতো আজ বৃহস্পতিবার বলেন, আন্দোলনকারীরা আলোচনার জন্য নিজেদের প্রতিনিধিদের নাম জানাবেন। তবে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন ও আন্দোলন অব্যাহত থাকবে।
শিক্ষার্থীরা অনিয়মের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছেন। অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য, ইতোমধ্যেই সিআইডি তদন্ত করছে এবং এ ঘটনায় গ্রেপ্তারও করা হয়েছে। বুধবার সিআইডি পরীক্ষার আয়োজক সংস্থা টিডিপিএল-এর হিসাবরক্ষক রক্ষক সিংকে গ্রেপ্তার করেছে। রাজ্যের সরকারি পরীক্ষার আয়োজনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন সিং। তিনিও নিজে জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সিআইডি লখনউ থেকে তাকে গ্রেপ্তার করে রাঁচিতে নিয়ে আসে।
এ ঘটনায় সিআইডি আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে। নতুন এসব গ্রেপ্তারের পর মামলায় মোট গ্রেপ্তার ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। নিয়োগ পরীক্ষায় অনিয়মের পুরো পরিধি উদঘাটনের লক্ষ্যে একটি বিশেষ তদন্তকারী দল বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি) তদন্তের নেতৃত্ব দিচ্ছে। তদন্তের অংশ হিসেবে কর্তৃপক্ষ ডিজিটাল রেকর্ড, আবেদন-সংক্রান্ত লগ এবং অন্যান্য সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করে দেখছে।
বুধবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ঝাড়খণ্ডের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন ঘোষণা করেন। তিনি বলেন, যুবকদের এই আন্দোলন প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করার দাবিতে একটি ‘প্রেশার গ্রুপ’ বা জনচাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করবে। মহারাষ্ট্রের নিজের শহর ছত্রপতি সম্ভাজিনগরে সিজেপির কোর টিমের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দীপকে বলেন, রাঁচিতে ২৯ জুলাই থেকে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করা চাকরিপ্রার্থীদের সমর্থনে সিজেপির সদস্যরা ঝাড়খণ্ডে যাবেন।
দীপকে বলেন, ‘মানুষ বিচারব্যবস্থা, রাজনীতি, গণমাধ্যম এবং নির্বাচন কমিশনের ওপর আস্থা হারিয়েছে। আমাদের আন্দোলন দেশজুড়ে সমর্থন পেয়েছিল। আন্দোলন যত বিস্তৃত হয়েছে, সেই সমর্থন শুধু শিক্ষা-সংক্রান্ত বিষয়েই সীমাবদ্ধ থাকেনি; বিষয়টি এসব প্রতিষ্ঠান নিয়েও ছিল। তাই এসব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে একটি জনচাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রয়োজন।’
ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর নীরবতা নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেন, ‘ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে রাহুল গান্ধীর নীরবতা অপরাধমূলক। রাজ্যে তাদের সরকার বলেই কংগ্রেস এবং রাহুল গান্ধী নীরব। ঝাড়খণ্ডের যে ছেলেমেয়েরা প্রতিবাদ করছেন, তাদের নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। রাহুল গান্ধী এবং হেমন্ত সোরেন কেন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেননি?’
অন্যদিকে কংগ্রেস নেতা ও ঝাড়খণ্ডের মন্ত্রী ইরফান আনসারি বলেন, সরকার আলোচনার দরজা খুলে দিয়েছে এবং শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করবে। আনসারি বলেন, ‘মুখ্যমন্ত্রী কমিটি গঠন করেছেন...আমরা আলোচনার দরজা খুলে দিয়েছি। আলোচনা হবে। আমরা শিক্ষার্থীদের দাবিগুলো শুনব এবং সেগুলো যুক্তিসংগত হলে অবশ্যই মেনে নেব। তারা আমাদের শিক্ষার্থী, আমাদের সন্তান।’

যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ সামরিক গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে—এমন প্রতিবেদন অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেছেন, দেশটির পর্যাপ্ত মজুত রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, যারা এ ধরনের তথ্য ফাঁস করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংঘাত অবসানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা চলা সত্ত্বেও ইরান বিরুদ্ধে ইসরায়েল একতরফা সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর এজেন্সির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ মাস ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও ওমানের মধ্যে প্রস্তাবিত এক চুক্তিতে হরমুজ প্রণালি হয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর ওপর তেহরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ রাখা হয়েছে। গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা...
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল বুধবার বলেছেন, তিনি মানুষ হত্যা করতে চান না, তাই ইরানের সঙ্গে সামরিক পদক্ষেপের পরিবর্তে একটি চুক্তি করতেই বেশি আগ্রহী। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে