ইউক্রেন-সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য চীনের প্রস্তাবে সায় দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেন-সংকটের মূল কারণ ধরতে পেরেছে বেইজিং। আজ বুধবার চীনের সিনহুয়া সংবাদ সংস্থায় প্রকাশিত পুতিনের সাক্ষাৎকার থেকে এসব তথ্য জানা গেছে।
চলতি সপ্তাহেই বেইজিং সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট। তার আগে সাক্ষাৎকারে পুতিন বলেন, দুই বছরেরও বেশি পুরোনো সংঘাতের সমাধানের লক্ষ্যে সংলাপ ও আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে রাশিয়া। গত মাসে চীনা প্রেসিডেন্ট সি চিনপিং ইউক্রেন সংকট সমাধানে যে নীতির কথা বলেছেন, তাতে সংঘাতের পেছনের কারণগুলো বিবেচনা করা হয়েছে বলেও মত দেন পুতিন।
তিনি বলেন, ‘ইউক্রেন-সংকট সমাধানে চীনের দৃষ্টিভঙ্গির ব্যাপারে আমরা ইতিবাচক। বেইজিং সত্যিই এই সংকটের মূল কারণ এবং এর বৈশ্বিক ভূরাজনৈতিক প্রভাব বোঝে।’
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠকে সি চিনপিং ইউক্রেন-সংকট সমাধানের লক্ষ্যে যেসব নীতির কথা বলেছেন, সেগুলোকে বাস্তব এবং গঠনমূলক বলেও মত দেন পুতিন। তাঁর মতে, বেইজিংয়ের প্রস্তাব স্নায়ুযুদ্ধের মানসিকতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে সহায়ক হবে।
ইউক্রেন যুদ্ধের ইতি টানার জন্য বেইজিং প্রায় এক বছর আগেই ১২ দফার একটি প্রস্তাব পেশ করলেও তখন রাশিয়া বা ইউক্রেন কোনো পক্ষই প্রস্তাবটির ব্যাপারে খুব বেশি আগ্রহ দেখায়নি। সে সময় যুক্তরাষ্ট্র চীনের প্রস্তাবটির সমালোচনা করে বলেছিল, চীন এখানে নিজেকে শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে দেখাতে চাইলেও রাশিয়ার মিথ্যা বয়ানকেই তারা প্রচার করেছে এবং রুশ আগ্রাসনের নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গত মাসে চীনের প্রস্তাবকে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে অভিহিত করেছিলেন।
সি চিনপিংয়ের প্রস্তাবে পরিস্থিতি ঠান্ডা করা এবং শান্তি পুনরুদ্ধার ও স্থিতিশীলতার জন্য শর্ত আরোপসহ বিশ্ব অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব কমিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।
রাশিয়া মূলত ইউক্রেন-সংকটকে পশ্চিমা বিশ্বের সম্মিলিত শক্তির বিরুদ্ধে ক্রেমলিনের লড়াই হিসেবে দেখছে। ন্যাটো পূর্বদিকে রাশিয়া বরাবর অগ্রসর হচ্ছে এবং রুশ সীমান্তে বাড়াচ্ছে তার সামরিক কর্মকাণ্ড। মস্কোর মতে, এই পরিস্থিতিতে রাশিয়ার নিরাপত্তা ঝুঁকি তৈরি হলেও তাতে কর্ণপাত করছে না পশ্চিমা বিশ্ব।
ইউক্রেনের আগ্রাসনকে একটি বিশেষ অভিযান বলে বর্ণনা করছে রাশিয়া, যার মাধ্যমে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং দেশটিকে ফ্যাসিস্টদের হাত থেকে রক্ষা করা হবে। তবে এই ফ্যাসিবাদ সম্পর্কিত রুশ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইউক্রেনসহ পশ্চিমা বিশ্ব। তাদের মতে, বিনা উসকানিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল রাশিয়া।

তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর নির্মাণাধীন বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের ঠিক তলদেশে একটি সক্রিয় ভূগর্ভস্থ চ্যুতি বা ফল্ট লাইনের অস্তিত্ব খুঁজে পেয়েছেন চীনের সরকারি ভূবিজ্ঞানীরা। হিমালয় অঞ্চলের এই ফল্ট লাইনটি নির্মাণাধীন মেগা...
৬ ঘণ্টা আগে
দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ‘শেষ’ হয়ে গেছে। আজ আবার তিনি বলছেন, যুদ্ধবিরতি শেষ হলেও ইরানের অনুরোধে তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে...
৯ ঘণ্টা আগে
তীব্র দাবদাহ আর শুষ্ক আবহাওয়ার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া প্রদেশে এক প্রলয়ংকরী দাবানলের সৃষ্টি হয়েছে। দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে নারী-শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। স্পেনের ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে...
১০ ঘণ্টা আগে
অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণের পাশাপাশি মাঝেমধ্যে বিনোদনের ব্যবস্থা করতেন ফিলিস্তিনি সমাজকর্মী মোহাম্মদ আল-ওয়াহিদি। সম্প্রতি গাজা সিটি, দেইর আল-বালাহ এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসি অঞ্চলের শরণার্থীশিবিরগুলোতে বড় পর্দায় ২০২৬ বিশ্বকাপের কিছু ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নিয়ে তিনি...
১০ ঘণ্টা আগে