Ajker Patrika

ইউক্রেনে শপিং মলে রুশ ড্রোন হামলায় নিহত ৫, আহত ৬৭

আজকের পত্রিকা ডেস্ক­
ইউক্রেনে শপিং মলে রুশ ড্রোন হামলায় নিহত ৫, আহত ৬৭
ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। ছবি: সংগৃহীত

ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরের একটি শপিং মলে রুশ ড্রোন হামলায় অন্তত ৫ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, দিনের বেলায় মানুষের ভিড়ের মধ্যে চালানো ওই হামলায় দোকানপাট ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি সপ্তাহে ইউক্রেনের আরও কয়েকটি শহরের শপিং মলও রুশ হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন—দেশটির দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের শহর পাভলোহরাদে একটি শপিং মলে রুশ ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং আরও ৬৭ জন আহত হয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানিয়েছেন, দিনের বেলায় চালানো ওই হামলায় দোকানপাট ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, হামলাটি এমন সময় হয়েছে, যখন ‘রাস্তাগুলো মানুষে পূর্ণ ছিল।’

ইউক্রেনীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে জাপোরিঝঝিয়া ও সুমি শহরের আরও দুটি শপিং মলও রুশ বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

অন্যদিকে, রাশিয়া জানিয়েছে, গত বুধবার রাতে পর্যটন শহর সোচিতে ইউক্রেনীয় নৌ-ড্রোন হামলা হয়েছে। ওই হামলায় ২৮ জন আহত হয়েছেন। এ ছাড়া ইউক্রেনের হামলায় আরও তিনজন নিহত হয়েছেন বলেও দাবি করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চার বছরেরও বেশি সময় আগে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ চলছে।

সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো প্রতিনিধিদের নতুন শান্তি উদ্যোগও এখন পর্যন্ত খুব বেশি বাস্তব ফল এনে দিতে পারেনি বলে মনে হচ্ছে। মস্কোতে পুতিন এবং কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রতিনিধিদের আলোচনা হয়েছে। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস প্রকাশিত ছবিতে দেখা গেছে, পাভলোহরাদের একটি সড়কে ধোঁয়ার মেঘের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকা যানবাহনে দমকলকর্মীরা পানি ছিটাচ্ছেন।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার হানজা টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, আহত ৬৭ জনের মধ্যে আটজন শিশু।

গতকাল বৃহস্পতিবারের হামলায় নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলেনস্কি। এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রুশরা এমন মানুষদের হত্যা করতে ড্রোন ব্যবহার করেছে, যারা কেবল শপিং সেন্টারের কাছে দাঁড়িয়ে ছিলেন।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এই ড্রোন হামলাকে ‘জবরদস্তির কৌশল’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘রাশিয়া মনে করে, বেসামরিক মানুষদের ওপর নিরলস হামলা চালিয়ে ইউক্রেনীয়দের ক্লান্ত করে ফেলা এবং ইউক্রেনকে ছাড় দিতে বাধ্য করা সম্ভব।’

মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রোর কাছে একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস কেন্দ্র পাভলোহরাদ। এর আগেও শহরটি ব্যাপক হামলার শিকার হয়েছে। গত মাসে শহরের গুদামগুলোতে চালানো এক হামলায় দুইজন নিহত হন। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সুমিতে একটি শপিং মলে রুশ ড্রোন হামলায় দুইজন নিহত এবং ২০ জন আহত হন। বৃহস্পতিবার সুমিতে রুশ বিমান হামলায় আরও আটজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজন শিশু।

জাপোরিঝঝিয়া অঞ্চলের রাজধানী জাপোরিঝঝিয়া শহরে সোমবার একটি শপিং মল প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় বলে এর মালিকেরা জানিয়েছেন। রুশ বাহিনী আক্রমণের পরপরই অঞ্চলটির একটি অংশ দখল করে নিজেদের সঙ্গে যুক্ত করার দাবি করেছিল। তবে হামলার সময় শপিং মলটি বন্ধ ছিল। ফলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত মাসে শপিং মলে চালানো হামলাগুলোর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনাগুলোর একটি ঘটে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, ক্রিভি রিহ শহরে রুশ ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৩০ জন আহত হন।

রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের অংশগুলোতেও শপিং মল হামলার শিকার হয়েছে। রুশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সোমবার দোনেৎস্ক অঞ্চলের বন্দরনগরী মারিউপোলে একটি শপিং মলে ইউক্রেনীয় ড্রোন হামলা হয়। এর আগে গত মাসে দোনেৎস্ক শহরেও আরেকটি হামলার ঘটনা ঘটে।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাতে বেশ কয়েকটি ইউক্রেনীয় নৌ-ড্রোন সোচি শহরের উপকূলীয় এলাকায় হামলা চালায়। এতে আহত ২৮ জনের মধ্যে দুজন শিশু। বৃহস্পতিবার রুশ কর্মকর্তারা আরও জানান, বেলগোরোদ অঞ্চলের নোভি ওস্কোল শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া রুশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাশিয়ার নিয়ন্ত্রিত জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি গাড়িতে ইউক্রেনীয় হামলায় ১৫ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। ওই হামলায় ছয় বছর বয়সী একটি শিশু এবং দুই নারীও আহত হয়েছেন। একই অঞ্চলে বেসামরিক একটি ট্রাকে পৃথক আরেকটি হামলায় একজন পুরুষ নিহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত