
লন্ডনে পাকিস্তান হাইকমিশনের জানালা ভাঙচুরের অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর পুলিশ ৪১ বছর বয়সী অঙ্কিত লাভ নামে ওই ব্যক্তিকে আটক করে। তাঁর বিরুদ্ধে ফৌজদারি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। রোববার তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এ খবর জানিয়েছে।
কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। এই উত্তেজনার আবহে গত শুক্রবার লন্ডনে পাকিস্তান হাইকমিশনের বাইরে প্রবাসী ভারতীয় ও পাকিস্তানিরা মুখোমুখি বিক্ষোভ প্রদর্শন করে। ভারতীয় কমিউনিটি সংগঠনগুলো সীমান্ত সন্ত্রাসবাদে পাকিস্তানের মদদের অভিযোগ তুলে প্রতিবাদ জানায়। প্রতিক্রিয়ায় পাকিস্তানি প্রবাসীরা পাল্টা বিক্ষোভ শুরু করলে হাইকমিশনের সামনে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘাত বেঁধে যায়।
শুক্রবার ওই সংঘাতের মধ্যেই পাকিস্তান হাইকমিশন ভবনের বারান্দা থেকে এক পাকিস্তানি কূটনীতিকের আপত্তিকর অঙ্গভঙ্গি বিতর্কের জন্ম দেয়। কর্নেল তৈমুর রাহাত নামে ওই কূটনীতিককে ভারতীয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গলা কাটার হুমকির মতো অঙ্গভঙ্গি করতে দেখা যায়, যা ক্যামেরাবন্দী হয়।
এই ঘটনার জেরে রোববার লন্ডনে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। পাকিস্তানি বিক্ষোভের প্রতিক্রিয়া হিসেবে ভারতীয় হাইকমিশনের বাইরে একটি বড় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। এর মধ্যেই ঘটে ভাঙচুরের ঘটনা।
রোববার ভোরবেলায় পাকিস্তান হাইকমিশনে ভাঙচুরের খবর পায় পুলিশ। মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, রোববার ভোর ৫টা নাগাদ কেনসিংটন অ্যান্ড চেলসির লওন্ডেস স্কয়ারে পাকিস্তান হাইকমিশনের জানালা ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকেই অঙ্কিত লাভকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ফৌজদারি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। গতকাল সোমবার তাঁকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার জন্য রিমান্ডে পাঠানো হয়েছে।
হাইকমিশনের বাইরে ভাঙচুরের পাশাপাশি অন্যান্য ধরনের ক্ষতির খবরও পাওয়া গেছে। বিক্ষোভ চলাকালীন বিল্ডিংয়ের দেওয়ালে ডিম ও গেরুয়া রঙের কালি ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেয় এবং আপত্তিকর অঙ্গভঙ্গি প্রদর্শন করে।
পাকিস্তানের ডন পত্রিকা জানিয়েছে, ভারতীয় বিক্ষোভকারীদের হাতে ‘আমি হিন্দু’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তারা খালি পানির বোতল নাড়িয়ে ‘পানি চাও?’ বলে স্লোগান দিচ্ছিল বলেও অভিযোগ। মনে করা হচ্ছে, এটি ভারতের সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত ছিল। অঙ্কিত লাভকে সোমবার আদালতে হাজিরার জন্য হেফাজতে (রিমান্ড) পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
আরও খবর পড়ুন:

ভারতের মধ্যপ্রদেশের ভোপাল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) চিকিৎসকদের চরম অবহেলায় তিন বছরের এক ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসায় ব্যবহৃত ওষুধের পরিবর্তে ভুলবশত শিশুটির শরীরে ‘ফরমালিন’ ইনজেকশন দেওয়ার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করে কড়া প্রতিবাদ জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে এ ধরনের ‘প্রাণঘাতী পদক্ষেপের’ কোনো যৌক্তিকতা নেই।
১ ঘণ্টা আগে
ভারতের রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়। গতকাল শনিবার হওয়া এই বৈঠকের আগে তিনি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গেও আলোচনা করেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব আজ রোববার যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সংঘাত বন্ধে বহুদিন ধরে আলোচিত একটি কাঠামোগত শান্তিচুক্তি স্বাক্ষরের সম্ভাবনার কথা জানিয়েছেন। তবে ইরান এখনো সম্ভাব্য স্বাক্ষরের সময় নিশ্চিত করেনি। একই সঙ্গে দেশটিতে কট্টরপন্থী গোষ্ঠীগুলোর প্রকাশ্য বিরোধিতাও সামনে এসেছে।
২ ঘণ্টা আগে