ইউক্রেন-রাশিয়া উত্তেজনা ক্রমেই বাড়ছে। সম্ভাব্য যুদ্ধ এড়াতে এবার ইউক্রেন ছুটে গেলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে কিয়েভ গেছেন জার্মান চ্যান্সেলর।
ওলাফ শলৎসের এই সফরটিকে ইউক্রেন সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেনে আক্রমণ করলে রাশিয়াকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে—এমন বার্তা দিতেই কিয়েভ সফর করছেন তিনি।
গত ডিসেম্বরে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওলাফ শলৎস। দায়িত্ব গ্রহণের পর থেকে ইউক্রেন সংকট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে বারবার আশঙ্কা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া অবশ্য শুরু থেকেই এ আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছে, ইউক্রেনে হামলা চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই।
কিন্তু রুশ প্রেসিডেন্টের আশ্বাসে সংকট নিরসন হয়নি। বরং ইউক্রেন সীমান্তে উত্তেজনা দিন দিন বাড়ছেই। এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কুড়িটির বেশি দেশ তাদের নাগরিকদের দ্রুত ইউক্রেন ত্যাগ করতে বলেছে।
ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় ভিডিওকলে এই দুই দেশের প্রেসিডেন্ট কথা বলেন। এ সময় পুতিনকে জো বাইডেন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে, তবে যুক্তরাষ্ট্র এর কড়া জবাব দেবে।
এদিকে আজ সোমবার রাশিয়া ও একটি গুরুত্বপূর্ণ ইউরোপীয় নিরাপত্তা গোষ্ঠীর অন্য সদস্যদের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানিয়েছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, ‘সীমান্তে সৈন্য বাড়ানোর পর আমরা রাশিয়াকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিতে অনুরোধ করেছিলাম। কিন্তু রাশিয়া সেই অনুরোধ উপেক্ষা করেছিল। এর পরবর্তী পদক্ষেপ হিসেবে ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়াকে বৈঠকে বসার আহ্বান জানিয়েছি। আমরা আশা করি, রাশিয়া তার পরিকল্পনা স্পষ্ট করবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমির এক প্রত্যন্ত এলাকায় ট্রাক বিকল হয়ে যাওয়ার পর তৃষ্ণায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। পানি ছাড়া টানা বেশ কয়েক দিন মরুভূমিতে আটকে থাকার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ...
১ ঘণ্টা আগে
ইরানি অপরিশোধিত তেল পরিবহনের দায়ে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত একটি ট্যাংকারে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। আজ শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
৩ ঘণ্টা আগে
অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক, বিশেষ করে, বাংলাদেশিদের বিষয়ে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে এসব নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি...
৩ ঘণ্টা আগে
ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধাবস্থায় একটি বড় রাজনৈতিক মোড় দেখা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি একটি খোলাচিঠি পাঠিয়ে মুখোমুখি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন।
৪ ঘণ্টা আগে