
পাকিস্তানে ফ্রান্সের এক নারীকে ১২ বছর ধরে বন্দী রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। বুধবার (২৪ জুন) বিবিসি জানিয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দুর্গম শহর বারায় পুলিশের অভিযানে ওই নারী ও তাঁর পাঁচ সন্তানকে উদ্ধার করা হয়েছে।
সিলভি ইয়াসমিনা নামের ৫৪ বছর বয়সী ওই ফরাসি নারী অভিযোগ করেছেন, তাঁর পাকিস্তানি স্বামী দীর্ঘদিন ধরে তাঁকে ও সন্তানদের শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছেন। তিনি পুলিশকে বলেছেন, স্বামী প্রতিদিনই তাঁদের ওপর সহিংস আচরণ করতেন এবং কার্যত পুরো পরিবারকে বন্দী করে রেখেছিলেন।
ঘটনাটি ফাঁস হয় যখন ওই নারীর এক ছেলে গোপনে বাড়ি থেকে বের হয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে সক্ষম হয়। অভিযোগ পেয়ে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। সেখানে গিয়ে তারা ইয়াসমিনা ও তাঁর সন্তানদের একটি ছোট এবং জরাজীর্ণ কক্ষে আটকে থাকতে দেখে।
পুলিশ জানিয়েছে, বন্দী করে রাখা সদস্যদের শরীরজুড়ে নির্যাতনের চিহ্ন ও আঘাতের দাগ পাওয়া গেছে।
উদ্ধারের পর ইয়াসমিনা ও তাঁর সন্তানদের পেশোয়ারের একটি নারী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। পুলিশ বলছে, তাঁরা শিগগির ফ্রান্সে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।
ইয়াসমিনার দাবি, ২০১৪ সালে অস্ট্রেলিয়া থেকে পাকিস্তানে আসার পর থেকেই তাঁদের স্বাধীনতা কেড়ে নেন স্বামী। এর পর থেকে বাইরের বিশ্বের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারীর বড় দুই সন্তান লেখাপড়া থেকে বঞ্চিত হয়েছে। আর পাকিস্তানে জন্ম নেওয়া ছোট তিন সন্তানকে কখনো স্কুলে ভর্তি করা হয়নি।
পুলিশ এখনো অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেনি। তবে তারা জানিয়েছে, ওই ব্যক্তি পাকিস্তানের নাগরিক এবং অস্ট্রেলিয়ায় অবৈধভাবে বসবাস করার সময় ইয়াসমিনার সঙ্গে তাঁর পরিচয় হয়। ২০০৩ সালে তাঁদের বিয়ে হয় এবং ২০১৪ সাল পর্যন্ত তাঁরা অস্ট্রেলিয়ায় বসবাস করেন। পরে দুই বড় সন্তানকে নিয়ে পাকিস্তানে চলে আসেন।
পুলিশের কাছে দেওয়া লিখিত বক্তব্যে ইয়াসমিনা বলেন, ‘আমরা স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলাম। আমার স্বামী একজন স্বামী ও সন্তানের পিতা হিসেবে যে দায়িত্ব পালন করা উচিত ছিল, তা করেননি। তিনি প্রতিদিন আমাদের মারধর করতেন এবং জীবনে অসহনীয় চাপ সৃষ্টি করতেন।’
ইয়াসমিনা আরও বলেন, ‘আমার মনে হচ্ছিল, আমার নিজের ভবিষ্যৎ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে আর এভাবে চলতে থাকলে আমার সন্তানদের ভবিষ্যৎও ধ্বংস হয়ে যাবে।’ বর্তমানে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

ফ্রান্সে প্রথমবারের মতো ইবোলা ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। বুধবার (২৪ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) মানবিক সহায়তা মিশন শেষে দেশে ফেরা এক চিকিৎসকের শরীরে ইবোলা ভাইরাস পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
বর্তমানে বৈশ্বিক যুদ্ধ প্রতিরোধে পারমাণবিক অস্ত্রই একমাত্র কার্যকর উপায় বলে মনে করছে রাশিয়া। বিশ্বজুড়ে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কার মধ্যে আজ বুধবার এমন মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ...
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী আন্দোলন চলাকালীন ইন্টারনেট বন্ধের সময় বিক্ষোভকারীদের নেটওয়ার্ক সচল রাখতে দেশটিতে হাজার হাজার ‘স্টারলিংক’ স্যাটেলাইট ইন্টারনেট রিসিভার পাচার করা হয়েছিল। এমন দাবি করেছেন খোদ ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।
৩ ঘণ্টা আগে
স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দুই সপ্তাহ পিছিয়ে অবশেষে মুম্বাইয়ে হাজির হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আর বর্ষার প্রথম বৃষ্টিতেই বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের এই বাণিজ্যিক রাজধানী। তীব্র জলাবদ্ধতা, দেয়াল ধস এবং যানজটের মধ্যে আজ বুধবার সকালে এক নাটকীয় ঘটনার সাক্ষী হলেন মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে।
৫ ঘণ্টা আগে