
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফরের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে চীন পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে পুতিন ও চীনা প্রেসিডেন্ট সি চিনপিং বৈঠক করেছেন। দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে অন্তত ২০টি চুক্তিতে স্বাক্ষর করেছেন। এ ছাড়া, বিভিন্ন বিষয়ে আরও ২০টি চুক্তি স্বাক্ষর হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এই চুক্তি স্বাক্ষর ও পুতিন–সি বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতি ট্রাম্পের সফরের তুলনায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। কারণ, ট্রাম্পের বেইজিং সফরে কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি এবং কোনো যৌথ বিবৃতিও আসেনি।
আজ বুধবার প্রকাশিত যৌথ বিবৃতিতে রাশিয়া ও চীন বলেছে, ঔপনিবেশিক মানসিকতা নিয়ে কিছু দেশের বৈশ্বিক বিষয় নিয়ন্ত্রণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তবে বিশ্ব আবারও ‘জঙ্গলের আইনে’ ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের রুশ ভাষায় প্রকাশিত ঘোষণায় বলা হয়, ‘বৈশ্বিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশ্ব শান্তি ও উন্নয়নের এজেন্ডা নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখোমুখি। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভক্তি এবং জঙ্গলের আইনে ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।’
ঘোষণায় আরও বলা হয়, ‘কিছু রাষ্ট্রের একতরফাভাবে বৈশ্বিক বিষয় পরিচালনা করা, পুরো বিশ্বের ওপর নিজেদের স্বার্থ চাপিয়ে দেওয়া এবং ঔপনিবেশিক যুগের মানসিকতায় অন্য দেশগুলোর সার্বভৌম উন্নয়ন সীমিত করার চেষ্টা ব্যর্থ হয়েছে।’ যদিও ঘোষণায় কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে চীন ও রাশিয়া অতীতে বহুবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টার সমালোচনা করেছে।
পুতিনের সঙ্গে বৈঠক শেষে বক্তব্য দিতে গিয়ে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, রাশিয়া ও চীনের উচিত ‘সব ধরনের একতরফা দমননীতি এবং ইতিহাসকে উল্টে দেওয়ার কর্মকাণ্ডের’ বিরোধিতা করা। তবে তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি এবং এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্যও দেননি।
সির বক্তব্যের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দিক ছিল—চীন-রাশিয়া সম্পর্ক নতুন এক সূচনাবিন্দুতে পৌঁছেছে, দুই দেশ কৌশলগত যোগাযোগ ও সব পর্যায়ের বিনিময় ঘনিষ্ঠভাবে বজায় রাখবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিগত উদ্ভাবনে সহযোগিতা জোরদার করবে।
এর আগে জানা গিয়েছিল, দুই দেশের মধ্যে প্রায় ৪০টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। তবে ক্রেমলিন জানাচ্ছে, এর মধ্যে ২০টি নথিতে সি চিনপিং ও ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে সই হয়েছে। আরও ২০টি চুক্তি আলাদাভাবে ঘোষণা করা হবে।
ক্রেমলিন আরও জানায়, সি ও পুতিনের আলোচনায় জ্বালানি প্রকল্পও ছিল গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ খাতে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে দুই নেতা সমঝোতায় পৌঁছেছেন বলেও জানানো হয়েছে। তবে সেই চুক্তি বা সমঝোতার বিস্তারিত প্রকাশ করেনি ক্রেমলিন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফরের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে চীন সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে পুতিন ও চীনা প্রেসিডেন্ট সি চিনপিং বৈঠক করেছেন এবং বিভিন্ন বিষয়ে অন্তত ২০টি চুক্তিতে স্বাক্ষর করেছেন।
১ ঘণ্টা আগে
চীনের সশস্ত্র বাহিনী গত বছরের শেষ দিকে প্রায় ২০০ রুশ সামরিক সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ পরে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে ফিরে গেছেন। তিন ইউরোপীয় গোয়েন্দা সংস্থার মূল্যায়ন ও বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা নথিতে এ তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া ইতিহাস ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক সরকার। লাহোরের ঐতিহাসিক রাস্তাঘাট, পুরোনো গলি এবং ঐতিহ্যবাহী কলেজগুলোকে সেগুলোর আদি ও আসল নামে ফিরিয়ে নিয়ে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
কিউবার সাবেক নেতা ফিদেল কাস্ত্রোর কন্যা আলিনা ফার্নান্দেজ বলেছেন, যুক্তরাষ্ট্র কিউবা সরকার নিয়ে ভুল হিসাব করছে এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ দেশটিকে ভয়াবহ রক্তক্ষয়ের দিকে ঠেলে দিতে পারে। এ সময় তিনি জানান, কিউবান রেজিম বা শাসনব্যবস্থার তাঁর কোনো আলাদা অনুভূতি নেই।
৩ ঘণ্টা আগে