এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘নিউক্লিয়ার ব্রিফকেস’—কাজ কী এর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে থাকা রহস্যময় কালো ব্রিফকেস নিয়ে আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার বিশেষ ব্যবস্থা, যার নাম ‘চেগেট’।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তিনগরী শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পুতিনের সঙ্গে রুশ সামরিক পোশাক পরা এক নৌ কর্মকর্তাকে কালো ব্রিফকেস বহন করতে দেখা যায়।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদক ইয়েভগেনি পোপভ ক্যামেরায় ব্রিফকেসটি দেখিয়ে বলেন, ‘এটি নিউক্লিয়ার ব্রিফকেস।’ সঙ্গে থাকা নৌ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। ব্রিফকেসটি রাশিয়ার পারমাণবিক অস্ত্রভান্ডারে প্রেসিডেন্টের সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টেরও একই ধরনের একটি ব্রিফকেস রয়েছে, যা ‘নিউক্লিয়ার ফুটবল’ নামে পরিচিত। তবে শেনজেন সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এটি দেখা যায়নি। চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে এ ধরনের কোনো ব্রিফকেস থাকে কি না, তা জানা যায়নি।
নিউক্লিয়ার ব্রিফকেস মূলত কী
এটি বিশেষ প্রযুক্তিতে সজ্জিত একটি ব্রিফকেস, যা সামরিক কমান্ড ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে। এর মাধ্যমে রাষ্ট্রপ্রধান পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন।
স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এ ধরনের ব্যবস্থা তৈরি করে। উদ্দেশ্য ছিল, দেশের বাইরে অবস্থান করলেও যেন জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপ্রধান পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন।
তবে ব্রিফকেসে থাকা কোনো লাল বোতাম চাপলেই ক্ষেপণাস্ত্র ছুটে যায়—বিষয়টি এমন নয়। নির্দেশ বাস্তবায়নে সামরিক কর্মকর্তা এবং বিস্তৃত যোগাযোগ ও নিয়ন্ত্রণব্যবস্থা প্রয়োজন হয়।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ব্যবস্থায় পার্থক্য
যুক্তরাষ্ট্রের ‘নিউক্লিয়ার ফুটবল’ ব্যবস্থার সূচনা হয়েছিল ষাটের দশকের শুরুর দিকে। সাবেক প্রেসিডেন্ট ডোয়াইট আইজেনহাওয়ারের প্রশাসন এটির প্রচলন করে। ১৯৬১ সালে দায়িত্ব গ্রহণের আগের দিন জন এফ কেনেডিকে এ ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্টের কাছে ‘বিস্কুট’ নামে একটি কার্ডও থাকে। এতে পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার সময় তাঁর পরিচয় নিশ্চিত করার সংকেত থাকে। দেশটির কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, পারমাণবিক অস্ত্র ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের একক এখতিয়ারে।
অন্যদিকে রাশিয়ার ‘চেগেট’ নামটি ককেশাস অঞ্চলের একটি পর্বতের নাম থেকে এসেছে। ১৯৮৩ সালে সোভিয়েত সামরিক ব্যবস্থায় এটি যুক্ত হয়। বর্তমানে এটি রাশিয়ার কেন্দ্রীয় সামরিক কমান্ডের সঙ্গে প্রেসিডেন্টকে সংযুক্ত রাখে। তবে এটি নিজে থেকে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ করতে পারে না।
ধারণা করা হয়, রাশিয়ার এ ধরনের তিনটি ব্রিফকেস রয়েছে। প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধানের কাছে এগুলো থাকে।
কেন সব সময় সঙ্গে রাখা হয়
রাষ্ট্রপ্রধান বিমান, সম্মেলন কিংবা হোটেলে অবস্থান করার সময়ও পারমাণবিক হামলার পরিস্থিতি তৈরি হতে পারে। তাই যে কোনো জায়গা থেকে দ্রুত পাল্টা হামলার নির্দেশ দেওয়ার সক্ষমতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা।
এটি পারমাণবিক প্রতিরোধনীতিরও অংশ। প্রতিপক্ষ যেন জানে, হামলা চালালে পাল্টা আঘাত আসতে পারে।
তবে শেনজেনে চেগেটের উপস্থিতিকে নিছক সামরিক প্রস্তুতি হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মাবন আল-জাজিরাকে বলেন, রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে বিষয়টি প্রচার করার মধ্যেই এর রাজনৈতিক তাৎপর্য রয়েছে। তাঁর মতে, এটি একধরনের প্রতীকী প্রদর্শনী, যার মাধ্যমে বিশ্বমঞ্চে রাশিয়ার অবস্থান ও পারমাণবিক শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।
অন্য দেশগুলোর ব্যবস্থা কী
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসাবে, বিশ্বে পারমাণবিক অস্ত্রধারী দেশের সংখ্যা ৯ টি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ব্যবস্থার বিষয়ে সবচেয়ে বেশি তথ্য জানা গেলেও অন্য দেশগুলোর ক্ষেত্রে তথ্য সীমিত।
যুক্তরাজ্যে শুধু প্রধানমন্ত্রী পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পারেন। ফ্রান্সে এ ক্ষমতা প্রেসিডেন্টের হাতে। চীন অবশ্য প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি অনুসরণ করে বলে দাবি করে। ভারতেও প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন রাজনৈতিক পরিষদ পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দেয়।
পাকিস্তান ও উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রয়েছে। ইসরায়েলেরও পারমাণবিক অস্ত্র আছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। তবে এসব দেশের রাষ্ট্রপ্রধানেরা একই ধরনের ব্রিফকেস বহন করেন কি না, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য প্রকাশ্যে নেই।







-d019a5-256x144.webp)

