চীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালায় বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চীনের চেয়ে বেশি দক্ষ বলে দাবি করেছেন তিনি। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার চীনের শেনজেন শহর থেকে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সরাসরি সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে বর্তমানে তিনি চীনের এই শহরে অবস্থান করছেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা চীনের ওপর গুপ্তচরবৃত্তি করি, তারাও আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করে। তবে আমার মনে হয়, আমরা তাদের চেয়ে ভালো গুপ্তচরবৃত্তি করতে পারি।’ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি বন্ধ করতে তিনি চীনকে অনুরোধ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র নিজেও একই ধরনের গোয়েন্দা তৎপরতা চালায়। ফলে চীনকে এমন অনুরোধ জানানো খুব একটা কার্যকর হবে না।
তিনি বলেন, ‘তারা আমাকে এটা বন্ধ করতে বলবে। কিন্তু আমি সেটা করব কি না, তা জানি না।’
এ সময় চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার গুরুত্বও তুলে ধরেন ট্রাম্প। বিশেষ করে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চীনের সঙ্গে অনেক ব্যবসা করি।’ বিদেশি নেতাদের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কও ইতিবাচক ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের এসব বক্তব্য এমন এক সময়ে এল, যখন এপেক সম্মেলনের সাইডলাইনে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে তাঁর।









