
দুর্নীতির অভিযোগে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও লি শাংফুর মৃত্যুদণ্ড স্থগিত করেছেন দেশটির একটি সামরিক আদালত। বৃহস্পতিবার (৭ মে) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।
এই বিষয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েই ফেংহে ও লি শাংফুকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ, দুই বছর পর তাঁদের সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হবে এবং তাঁরা কোনো ধরনের সাজা হ্রাস বা প্যারোলের সুযোগ পাবেন না।
আদালত তাঁদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যক্তিগত সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।
চীনের সামরিক বাহিনীতে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যেই এই রায় এল। সাম্প্রতিক সময়ে দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে পদচ্যুত করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, ওয়েই ফেংহে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০২৩ সালের মার্চে তাঁর স্থলাভিষিক্ত হন লি শাংফু। তবে লির মেয়াদ ছিল খুবই স্বল্প সময়ের। ২০২৩ সালের আগস্টে জনসমক্ষে হঠাৎ অনুপস্থিত হয়ে যাওয়ার পর থেকেই তাঁকে অপসারণের গুঞ্জন শুরু হয়। পরে ওই বছরের অক্টোবরে তাঁকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিনহুয়ার আগের প্রতিবেদনে বলা হয়েছিল, লি শাংফুর বিরুদ্ধে বিপুল অঙ্কের ঘুষ গ্রহণ ও অন্যদের ঘুষ দেওয়ার অভিযোগ ছিল। তদন্তে আরও উঠে আসে, রাজনৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন করেননি শাংফু। তিনি নিজের ও অন্যদের ব্যক্তিগত সুবিধা আদায়ে ক্ষমতার অপব্যবহার করেছেন।
অন্যদিকে, ওয়েই ফেংহের বিরুদ্ধে ২০২৩ সালে শুরু হওয়া তদন্তেও অভিযোগ ওঠে, তিনি বিপুল অর্থ ও মূল্যবান সামগ্রী ঘুষ হিসেবে গ্রহণ করেছেন এবং বিভিন্ন নিয়োগ ও পদায়নে অন্যদের অবৈধ সুবিধা পাইয়ে দিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং দুর্নীতিবিরোধী অভিযানের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেন। ওই সময় দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ঝাং ইউশিয়াকেও সরিয়ে দেওয়া হয়।
শি চিনপিং বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে সেনাবাহিনী ‘বিপ্লবী ধাঁচের শুদ্ধিকরণের’ মধ্য দিয়ে গেছে।
ক্ষমতায় আসার পর থেকেই শি চিনপিং ধারাবাহিকভাবে দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে আসছেন। তবে সমালোচকদের অভিযোগ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরাতেও এই অভিযানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে ‘পুশব্যাক’ বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা নিয়ে শীর্ষ পর্যায় থেকে যেসব মন্তব্য এসেছে, সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (৭ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিজ দেশে...
৩ ঘণ্টা আগে
মিয়ানমারের নতুন সেনাপ্রধান জেনারেল ইয়ে উইন উ গত সোমবার ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করেছেন। গত ৩০ মার্চ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল কোনো বিদেশি সামরিক নেতার সঙ্গে তাঁর প্রথম বৈঠক। থাইল্যান্ড থেকে প্রকাশিত সংবাদমাধ্যম দ্য ইরাবতীর প্রতিবেদন থেকে এই.....
৫ ঘণ্টা আগে
সিঙ্গাপুর নতুন স্কুল শৃঙ্খলাবিধি চালু করেছে। এর আওতায় বুলিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হলে ছেলে শিক্ষার্থীদের বেত্রাঘাতের শাস্তির মুখে পড়তে হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত নতুন এই বিধিমালা নিয়ে চলতি সপ্তাহে পার্লামেন্টে আলোচনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বুলিংয়ের ঘটনায় দোষী প্রমাণিত হলে স্কুলগুলো....
৫ ঘণ্টা আগে
সরকার গঠন নিয়ে তামিলনাড়ুতে নতুন রাজনৈতিক নাটকের জন্ম হয়েছে। সদ্য নির্বাচিত এআইএডিএমকের এক ডজনের বেশি বিধায়ককে পদুচেরির এক রিসোর্টে সরিয়ে নেওয়ার পর জোর গুঞ্জন ছড়ায়—অভিনেতা বিজয়ের দল টিভিকেকে সরকার গঠনে সমর্থন দেওয়া নিয়ে দলটির ভেতরে ভাঙন তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে