
ভারতে আফগানিস্তানের দূতাবাসের দায়িত্ব নিতে দিল্লিতে পৌঁছেছেন তালেবান নিয়োগপ্রাপ্ত প্রথম কূটনীতিক। মুফতি নূর আহমদ নূর নামের এই জ্যেষ্ঠ তালেবান নেতা দিল্লিস্থ আফগান মিশনে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তালেবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই প্রথম তাদের মনোনীত কোনো কূটনীতিক আনুষ্ঠানিকভাবে ভারতে দায়িত্ব নিতে গেলেন।
খবরে বলা হয়, মুফতি নূর আহমদ নূর চলতি সপ্তাহের শুরুতে ভারতে পৌঁছান এবং দূতাবাসের অভ্যন্তরীণ ব্রিফিং শেষে শিগগিরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন। এর আগে তিনি আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম রাজনৈতিক বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, ২০২৫ সালের অক্টোবরে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের সময় তিনি প্রতিনিধি দলের সদস্য ছিলেন। সেটিই ছিল ২০২১ সালের পর কোনো শীর্ষ তালেবান নেতার প্রথম ভারত সফর।
ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে মানবিক সহায়তা, চিকিৎসা ও বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে কাবুলের সঙ্গে সীমিত পর্যায়ের কূটনৈতিক সম্পৃক্ততা বজায় রেখেছে নয়াদিল্লি। এর অংশ হিসেবে মুম্বাই ও হায়দরাবাদে আফগান কনস্যুলেটে তালেবান দূতদের কাজ করার অনুমতিও দিয়েছে ভারত।
দিল্লির শান্তিপথে অবস্থিত আফগান দূতাবাসটি দীর্ঘদিন ধরে অন্তর্বর্তী ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে। গত অক্টোবরে আমির খান মুত্তাকির সফরের পর ভারত ঘোষণা দেয়, তারা আফগানিস্তানে আবারও নিজেদের দূতাবাস চালু করবে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর ভারত কাবুলে দূতাবাস বন্ধ করে দিয়েছিল, যদিও পরে ২০২২ সালে সীমিত পরিসরে একটি মিশন চালু করে।
এই প্রেক্ষাপটে দূতাবাসে কর্মরত আগের সরকারের নিয়োগপ্রাপ্ত আফগান কর্মীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এক প্রতিবেদনে দ্য হিন্দু জানায়, কয়েকজন কর্মী আশঙ্কা করছেন, তাঁদের বরখাস্ত করা হতে পারে বা আফগানিস্তানে ফিরে যেতে চাপ দেওয়া হতে পারে, যেখানে তাঁদের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। তবে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত বর্তমান কর্মীরাই দায়িত্বে থাকবেন এবং দূতাবাসে আফগান প্রজাতন্ত্রের লাল-সবুজ-কালো ত্রিবর্ণ পতাকা উত্তোলিতই থাকবে। তালেবান মনোনীত দূত পূর্ণ দায়িত্ব নেওয়ার পর এসব ব্যবস্থা পর্যালোচনা করা হতে পারে।
উল্লেখ্য, জাতিসংঘ এখনো তালেবান সরকারের বৈধতা স্বীকার করেনি। তবে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান ও তুরস্কসহ প্রায় এক ডজন দেশ কাবুলে তাদের দূতাবাস চালু রেখেছে। এখন পর্যন্ত কেবল রাশিয়াই আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমা কূটনীতিকদের মতে, আফগান নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে নিষেধাজ্ঞাসহ তালেবানের কঠোর ও নারীবিদ্বেষী নীতিই আন্তর্জাতিক স্বীকৃতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে রয়েছে।

আফগানিস্তানে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে কাবুলের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি সই করেছে রাশিয়া। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহের বুধবার মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামের (ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোরাম) এক বৈঠকে...
১ ঘণ্টা আগে
ভারত নিজ দেশে উৎপাদিত ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রি করতে ভিয়েতনামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এমনকি এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ার কাছেও এই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
২ ঘণ্টা আগে
মিয়ানমারের জান্তা বাহিনীর প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং গত শনিবার ভারতে পৌঁছান। এ সময় ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের’ দেশটি তাঁকে লাল গালিচা বিছিয়ে স্বাগত জানায়। প্রেসিডেন্ট হওয়ার পর এটি মিনের প্রথম বিদেশ সফর। পাঁচ দিনের এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।
৪ ঘণ্টা আগে
ইরান দ্রুততার সঙ্গে মাটিচাপা পড়ে যাওয়া অস্ত্রভান্ডারগুলো পুনরুদ্ধার করেছে। ফলে দেশটি এখন আবারও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের দিকে আবারও অনেক বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার অবস্থানে পৌঁছে গেছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণভিত্তিক কৌশলের সীমাবদ্ধতাও সামনে এনেছে।
৪ ঘণ্টা আগে