
দক্ষিণ চীন সাগরে ক্রমাগত শক্তি সঞ্চয় করে ভিয়েতনাম ও চীনের উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কাজিকি। ঝড়ের তাণ্ডব মোকাবিলায় দুই দেশে লাখ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লাইট, ব্যবসাপ্রতিষ্ঠান ও নৌযান চলাচল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভিয়েতনামের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার সকালে ঘূর্ণিঝড়টি দেশটির মধ্যাঞ্চলীয় উপকূল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে পশ্চিমমুখী হয়ে এগোচ্ছিল এটি। বাতাসের বেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার। আজ সোমবার উপকূলে আছড়ে পড়ার সময় এর গতি ঘণ্টায় ১৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
ঝড়ের কারণে থান হোয়া, কোয়াং ত্রি, হুয়ে ও দা নাংসহ কয়েকটি প্রদেশ থেকে অন্তত ৫ লাখ ৮৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে ভিয়েতনাম কর্তৃপক্ষ। সাতটি উপকূলীয় প্রদেশে মাছ ধরার নৌকা সমুদ্রে যাওয়া বন্ধ রাখা হয়েছে। প্রায় ৬০ হাজার নৌকা ও ২ লাখ ৪৯ হাজার জেলেকে সতর্ক করা হয়েছে। জাতীয় বিমান সংস্থা ভিয়েতনাম এয়ারলাইনস রোববার ও সোমবার মিলিয়ে ২২টি ফ্লাইট বাতিল করেছে। বাজেট এয়ারলাইন ভিয়েতজেট অ্যাভিয়েশনও কয়েকটি ফ্লাইট স্থগিত বা বিলম্বিত করেছে।
দেশটিতে এই ঘূর্ণিঝড়ের ফলে ধান, ফল ও রাবারক্ষেতসহ লাখো হেক্টর জমি ক্ষতির মুখে পড়েছে। ঝুঁকিতে রয়েছে মাছের ঘের। জলাধারগুলো ৮০ শতাংশের বেশি ভরে থাকায় বন্যার আশঙ্কা বাড়ছে। প্রধানমন্ত্রী ফাম মিন চিন দ্রুত সরিয়ে নেওয়া, বাঁধ মজবুত করা এবং জরুরি যোগাযোগ ব্যবস্থা সচল রাখার নির্দেশ দিয়েছেন।
ভিয়েতনামের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে কিছু অঞ্চলে ২০০ থেকে ৭০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। জলোচ্ছ্বাস ও প্রবল বাতাসে উপকূলীয় এলাকায় ভূমিধস ও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, চীনের হাইনান দ্বীপে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। পর্যটন নগরী সানিয়ায় শপিং সেন্টার, রেস্তোরাঁ, সুপারমার্কেট ও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। হাইকো শহরের তিনটি বন্দরও বন্ধ করা হয়েছে।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্যমতে, রোববার সকালে কাজিকি সানিয়ার দক্ষিণ-পূর্বে প্রায় ২০০ কিলোমিটার দূরে ছিল। এটি ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। কেন্দ্রে বাতাসের বেগ ছিল প্রতি সেকেন্ডে ৩৮ মিটার। পূর্বাভাসে বলা হয়েছে, হাইনানে বৃষ্টিপাত ৪০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। প্রবল বর্ষণ হবে গুয়াংডং প্রদেশ ও গুয়াংসি অঞ্চলেও।
গুয়াংসি মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশন সব নৌযানকে বন্দরে ফিরিয়ে আনতে টহল জাহাজ পাঠিয়েছে। হাইনানের রাজধানী হাইকো শনিবার রাতে তিনটি বন্দর বন্ধ করে দিয়েছে। চীনের রাষ্ট্রীয় বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদর দপ্তর লেভেল-৪ জরুরি সাড়াদান ব্যবস্থা চালু করেছে এবং হাইনানে ত্রাণকাজ তদারকিতে একটি দল পাঠিয়েছে।
থাইল্যান্ডও কাজিকির প্রভাব মোকাবিলায় সতর্ক অবস্থায় আছে। দেশটির আবহাওয়া দপ্তর বলছে, ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে। আন্দামান সাগর ও থাইল্যান্ড উপসাগরে ঢেউয়ের উচ্চতা ৩ মিটারের বেশি হতে পারে।
এ বছর দক্ষিণ চীন সাগরে এটি পঞ্চম ট্রপিক্যাল স্টর্ম। ভিয়েতনাম সরকার জানিয়েছে, কাজিকি গত বছরের টাইফুন ইয়াগির মতো শক্তিশালী হতে পারে। সেই ঝড়ে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল এবং ৩৩ কোটি ডলারের ক্ষতি হয়েছিল।
আরও খবর পড়ুন:

জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আরও একজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)...
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের জেরে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-শাখা। আজ শনিবার বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নেভি জানিয়েছে, গত রাত থেকে ইরানজুড়ে চালানো মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে...
১১ ঘণ্টা আগে
ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয়জন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে...
১২ ঘণ্টা আগে
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি ডিস্যালিনেশন প্ল্যান্টে (পানি শোধনাগার) বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে প্ল্যান্টটির সমুদ্র থেকে পানি তোলার পাম্প এবং বিদ্যুতের ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর ফলে স্থানীয় ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম খাবার পানির সংকটে...
১৩ ঘণ্টা আগে