
নেপালের বিভিন্ন শহরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার নতুন করে বারা জেলায় জেন-জি বিক্ষোভকারীদের সঙ্গে নেপালের কমিউনিস্ট পার্টির (ইউনিফাইড মার্ক্সিস্ট লেনিনিস্ট–ইউএমএল) কর্মীদের সংঘর্ষের পর প্রশাসন দিনের বেলায় কারফিউ জারি করে।
এর আগে গতকাল বুধবার বারা জেলার সিমারায় জেন-জি বিক্ষোভকারীদের সঙ্গে ইউএমএল কর্মীদের সংঘর্ষ হয়। এতে বহু মানুষ আহত হয়। এরপর আজ সকাল থেকে আবার রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বেলা প্রায় ১১টার দিকে সিমারা চৌকে বিক্ষোভকারীরা জমায়েত হতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। সিমারা বিমানবন্দরের কাছে সংঘর্ষ তীব্র হলে পুলিশ টিয়ার শেলের গ্যাস ছোড়ে। এতে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
এরপর দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বারা প্রশাসন কারফিউ জারি করে। কারফিউ স্থানীয় সময় বেলা ১টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে।
বারার সহকারী প্রধান জেলা কর্মকর্তা ছাবিরামন সুবেদী ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানান, পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফের কারফিউ জারি করা হয়েছে।
এএনআই জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই তরুণ-তরুণীরা (জেন-জি) রাস্তায় জড়ো হতে শুরু করেন। এর আগের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয়জন জেন-জি বিক্ষোভকারী আহত হয়েছিলেন। তবে দ্য কাঠমান্ডু পোস্ট বলছে, বুধবারের সংঘর্ষে আরও বহু বিক্ষোভকারী আহত হন।
বিক্ষোভকারীদের অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
বারা জেলায় উত্তেজনা ছড়ায় ইউএমএল নেতাদের সফরের তথ্য প্রকাশের পর। ২০২৬ সালের ৫ মার্চ নির্বাচন সামনে রেখে ইউএমএল নেতারা তাঁদের রাজনৈতিক তৎপরতা বাড়াচ্ছেন।
বর্তমান অস্থিরতার পটভূমিতে রয়েছে গত সেপ্টেম্বরের সেই বৃহত্তর অস্থিরতা। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারের সাময়িক নিষেধাজ্ঞার প্রতিবাদে জেন-জিদের বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে এবং অন্তত ৭৬ জন নিহত হয়। সে সময় ব্যাপক জনরোষের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী ও ইউএমএল চেয়ারম্যান কে পি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন।
ওলির পদত্যাগের পর ১২ সেপ্টেম্বর নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুসিলা কার্কি (৭৩) শপথ নেন। পদ গ্রহণের দিনই তিনি সংসদ ভেঙে নতুন নির্বাচনের সুপারিশ করেন।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৫ ঘণ্টা আগে