
থাইল্যান্ডে প্রবেশকারী প্রত্যেক বিদেশি পর্যটকের কাছ থেকে ৪৫০ বাথ (১৬৬৬ টাকা) পর্যটন কর আদায়ের সরকারি পরিকল্পনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে দেশটির হোটেল ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। তাদের আশঙ্কা, নতুন এই কর বিশেষ করে তরুণ ও বাজেট ভ্রমণকারীদের নিরুৎসাহিত করবে এবং এর ফলে বিদেশি পর্যটকের সংখ্যা আরও কমতে পারে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি পর্যটন। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে পর্যটকের আগমন কমছে। গত বছর চীনা পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার পর এবার মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন এবং ভ্রমণ ব্যয় বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে।
থাই হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি থিয়েনপ্রাসিত চাইয়াপাত্রানুন বলেন, বর্তমান পরিস্থিতিতে নতুন কর চালু করার ‘সঠিক সময় নয়’। তাঁর মতে, এর ফলে বিদেশি পর্যটকের আগমন নিশ্চিতভাবেই কমবে, যদিও কতটা কমবে তা বলা কঠিন।
গত ২৪ আগস্ট থাইল্যান্ড সরকার প্রস্তাবিত ৪৫০ বাথের পর্যটন কর নিয়ে ৩০ দিনের গণশুনানি শুরু করেছে। পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সুরাসাক ফানচারোয়েনওরাকুল বলেন, বিদেশি পর্যটকদের কাছ থেকে কর আদায়ের মাধ্যমে পর্যটন খাতের উন্নয়নে অর্থ সংগ্রহ করাই সরকারের নীতি। তাঁর দাবি, ৪৫০ বাথের এই কর পর্যটকদের থাইল্যান্ড ভ্রমণ থেকে বিরত রাখার মতো বড় অঙ্ক নয়।
সরকার জানিয়েছে, সংগৃহীত অর্থ পর্যটনকেন্দ্র সংরক্ষণ, পর্যটকদের বিমা সুবিধা, পর্যটনবিষয়ক গবেষণা এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণে ব্যয় করা হবে।
২০২৫ সালে থাইল্যান্ডে প্রায় ৩ কোটি ২৯ লাখ বিদেশি পর্যটক গিয়েছিলেন। ওই বছর প্রস্তাবিত কর কার্যকর থাকলে সরকারের আয় হতে পারত প্রায় ১ হাজার ৪৮০ কোটি বাথ বা ৪৫০ মিলিয়ন ডলার।
তবে পর্যটন ব্যবসায়ীদের আশঙ্কা, ধনী পর্যটকদের কাছে ৪৫০ বাথ খুব বেশি না হলেও বাজেট ভ্রমণকারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে ব্যাকপ্যাকারদের জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত ব্যাংককের খাওসান রোডে এর প্রভাব বেশি পড়তে পারে।
খাওসান রোডকেন্দ্রিক ব্যবসায়ী সংগঠনের সভাপতি সা-ঙ্গা রুয়াংওয়াত্থানাকুল বলেন, এলাকাটি এরই মধ্যে বিদেশি পর্যটকের সংকটে ভুগছে। চলতি বছরের শুরুতে সেখানে হোটেলগুলোর গড় দখল ছিল প্রায় ৭০ শতাংশ, যা মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি ও বিমানভাড়া বেড়ে যাওয়ায় এখন ৫০ শতাংশে নেমেছে।
২০২৫ সালে থাইল্যান্ডে বিদেশি পর্যটকের আগমন ৭ শতাংশ কমেছিল। চলতি বছরের প্রথম সাত মাসেও আগের বছরের একই সময়ের তুলনায় পর্যটক কমেছে প্রায় ৩ শতাংশ।
সরকারের গণশুনানি সেপ্টেম্বরের শেষ দিকে শেষ হওয়ার কথা। এরপর মতামত বিবেচনা করে প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। রয়্যাল গেজেটে প্রকাশের ১৮০ দিন পর নতুন বিধান কার্যকর হবে। ফলে সম্ভাব্যভাবে ২০২৭ সালের শুরুতেই দেশটিতে পর্যটন কর চালু হতে পারে।

ভারতের উত্তরপ্রদেশের কোশাম্বী জেলায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত এবং অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আজ সোমবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
ভারতের মণিপুরের কাংপোকপি জেলায় দুর্বৃত্তের গুলিতে কুকি সম্প্রদায়ের তিন নাগরিক নিহত এবং ৪ জন আহত হয়েছেন। কাংপোকপির এই সড়কটিতে ঠিক চার দিন আগে একটি অতর্কিত হামলায় স্থানীয় এক স্কুলের প্রধান শিক্ষকসহ ৪ নাগা বেসামরিক নাগরিক নিহত হয়। আজ আবার নতুন করে এই সহিংসতার...
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন—নির্দিষ্ট শর্ত পূরণ না করা পর্যন্ত কোনো ক্যাফের কেবিনে অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ করতে দেওয়া যাবে না। আদালতের মতে, টেলিভিশন, মাদুর ও বালিশসহ বাইরে থেকে সহজে দেখা যায় না—এমন কক্ষগুলোতে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে যৌন কর্মকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
সৌদি আরবের দাম্মাম থেকে নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমা হামলার হুমকির পর সেটি ভারতের গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। আজ সোমবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের এক ক্রু সদস্য টিস্যু পেপারে ‘বোমা’ লেখা দেখতে পাওয়ার পর বিমানটি ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়
২ ঘণ্টা আগে