
মাত্র ১০ মাসের দায়িত্বে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কঠোর অবস্থান নিয়েছেন, বন্ধুত্ব গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে। নিজের ব্যস্ততা নিয়ে তিনি এমনও বলেছেন, রাতে মাত্র তিন ঘণ্টা ঘুমিয়েও তিনি কাজ চালিয়ে যেতে পারেন।
কিন্তু এখন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, ক্ষমতার শীর্ষে জীবন কখনো কখনো বেশ একাকীও হয়ে ওঠে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক খোলামেলা পোস্টে তাকাইচি সরকারি বাসভবনে দীর্ঘ সময় কাজ করার একটি ঘটনা তুলে ধরেছেন। সেখানে তিনি জানিয়েছেন, কোনো ভূত তাঁর দেখা হয়নি, তবে একটি তেলাপোকার মুখোমুখি হয়েছিলেন।
তাকাইচি তেলাপোকাটিকে মারেননি। কারণ তাঁর বিশ্বাস, সেটি হয়তো ‘দীর্ঘ পুনর্জন্মের চক্রের’ই একটি অংশ। শেষ পর্যন্ত তাঁর সহযোগীরা বিষয়টি জানতে পেরে তেলাপোকাটি সরিয়ে দেন। এতে তিনি ‘স্বস্তি’ পেয়েছিলেন, তবে একই সঙ্গে ‘কিছুটা একাকী, অথবা হয়তো দুঃখী’ও অনুভব করেছিলেন।
৬৫ বছর বয়সী তাকাইচি জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা। গত ডিসেম্বর থেকে তিনি মধ্য টোকিওর সরকারি প্রধানমন্ত্রীর বাসভবনে থাকছেন। তাঁর ‘অত্যন্ত ভালো বন্ধু’ ট্রাম্পের মতোই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন তাকাইচি। তিনি লিখেছেন, সরকারি বাসভবন নিয়ে আগে লিখেছেন, তাই সেখানে পাওয়া সাধারণ কিছু প্রশ্নেরও উত্তর দিতে চান।
এর মধ্যে একটি প্রশ্ন ছিল, ‘সরকারি বাসভবনে যে ভূত দেখা যায় বলে শোনা যায়, তাদের সঙ্গে কি ইতিমধ্যে আপনার দেখা হয়েছে?’ তাকাইচি জবাব দেন, তিনি কখনো কোনো ভূতের মুখোমুখি হননি। তবে কিছুদিন আগ পর্যন্ত তেলাপোকা দেখলে তিনিই চিৎকার করতেন। তিনি বলেন, সরকারি বাসভবনে ওঠার পরও তিনি নিয়মিত খাবার টেবিলের নিচের মেঝে পরিষ্কার করতেন, খাবারের উচ্ছিষ্ট শক্ত ঢাকনাযুক্ত ময়লার পাত্রে রাখতেন এবং প্লাস্টিকের পাত্রগুলো ধুয়ে আলাদা করে রাখতেন। তাই একদিন হঠাৎ পায়ের পাশ দিয়ে একটি তেলাপোকা ছুটে যাওয়ায় তিনি খুব অবাক হন।
এরপর তিনি তাঁর ছোটবেলার প্রিয় জাপানি মাঙ্গা সিরিজ ফিনিক্সের কথা উল্লেখ করেন। লেখক ওসামু তেজুকার এই মাঙ্গা তিনি ছোটবেলা থেকেই ভালোবাসেন এবং বহুবার পড়েছেন। ফিনিক্স মাঙ্গায় পুনর্জন্মের ধারণা তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়, ‘জীবন পরস্পরের সঙ্গে যুক্ত এবং রূপ বদলায়।’ ছোটবেলাতেই এই ধারণা তাঁর ওপর গভীর প্রভাব ফেলেছিল বলে জানান তাকাইচি।
তিনি বলেন, সম্ভবত সেই কারণেই এখনো প্রাপ্তবয়স্ক হয়েও তিনি পোকামাকড়, এমনকি তেলাপোকাও মারতে পারেন না। সরকারি বাসভবনে যে তেলাপোকাটি তাঁর সামনে দিয়ে দৌড়ে গিয়েছিল, সেটিকে দেখে তিনি ভাবছিলেন, ‘হয়তো এই জীবনও সেই দীর্ঘ পুনর্জন্মের চক্রের একটি অংশ।’
তাই কিছু সময় তিনি অপেক্ষা করেছিলেন, আশা করেছিলেন তেলাপোকাটি হয়তো নিজে থেকেই চলে যাবে। কিন্তু শেষ পর্যন্ত তিনি তাঁর সহযোগীদের বিষয়টি জানান। তারা বিষয়টি শুনে আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের একজন দৃঢ়ভাবে বলেন, ‘এটা অপরিষ্কার। আমি ব্যবস্থা নিচ্ছি।’ এরপর তেলাপোকা দমনে শুরু হয় ‘অপারেশন কমব্যাট’। সেই অভিযানের পর আর তেলাপোকা দেখা যায়নি। তাকাইচি লিখেছেন, এতে তিনি স্বস্তি পেয়েছিলেন। কিন্তু একই সঙ্গে তাঁর মনে হয়েছিল, তিনি ‘কিছুটা একাকী, অথবা হয়তো দুঃখীও।’
তথ্যসূত্র: টেলিগ্রাফ ইউকে

সূর্য ওঠার কিছুক্ষণ পরই পানি আনতে বের হতে হয় ৪০ বছর বয়সী মমতাকে। এভাবে সারা দিনে আট থেকে দশবার যেতে হয়। হাতে তিনটি খালি প্লাস্টিকের বালতি নিয়ে কয়েক শ মিটার দূরের একটি চাপকলে যান তিনি। এদিকে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
১৯ মিনিট আগে
শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাকের সঙ্গে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী অতিরিক্ত কোনো পোশাক বা পোশাকের অংশ যোগ করার অধিকার শিক্ষার্থীর নেই বলে স্পষ্ট করেছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। আদালত এক স্কুলছাত্রীর করা আবেদন খারিজ করে দিয়েছে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান তাঁর এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। ঘটনাটি কখন বা কোথায় ঘটেছিল, কিংবা তাঁর কোন ছেলেকে লক্ষ্য করা হয়েছিল, তাও জানাননি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি ভিসা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (ওপিটি) কর্মসূচির ওপর নতুন ও চড়া ফি আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
২ ঘণ্টা আগে